রাত ২টোয় চেয়ে পাঠালেন শুভশ্রীর ফোন নম্বর, অভিজ্ঞতার কথা শেয়ার করে দেব বললেন, ‘সব শুভ শুভ…’
কলকাতা: ইতিমধ্যেই শেষ হয়েছে, ‘দেশু7’ (DeSu7)-এর শ্যুটিং, সোশ্যাল মিডিয়ায় সেই খবর শেয়ার ও করে নিয়েছেন, দেব (Dev) আর শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) ২ জনেই। লাদাখে তাঁদের পুরনো সিনেমার হিট গান, ‘মালা রে’-তে নাচ করেছিলেন ২ জনেই। আর তারপরে ছবির ব়্যাপআপ পার্টিতেও উঠে এল দেব-শুভশ্রীর সমীকরণ। কীভাবে এই ছবির একেবারে প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছিল, কীভাবে শুভশ্রীর কাছে ছবির অফার গিয়েছিল… সেই কথাই এদিনের পার্টিতে প্রকাশ্যে আনলেন দেব এবং শুভশ্রী।
রাত ২টোয় শুভশ্রীর নম্বর চেয়ে পাঠালেন দেব, কী হল তারপর?
এদিন দেব বলেন, যখন এই সিনেমার ঘোষণা করেছিলেন তিনি, তখনও ছবির চিত্রনাট্য চূড়ান্ত হয়নি। এমনকি এই সিনেমা যে দেব নিজেই পরিচালনা করবেন, সেই সম্পর্কেও তখনও সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি। একদিন মধ্যরাতে তিনি শুভশ্রীকে ফোন করেন। সেই সময়ে নাকি শুভশ্রীর নম্বরও ছিল না তাঁর কাছে, নিজের ম্যানেজারের কাছ থেকে নম্বর চেয়ে পাঠিয়েছিলেন দেব। তিনি বলেন, ‘আমি রাত ২টোর সময় শুভশ্রীর নম্বর চেয়ে পাঠিয়েছিলাম। তখন আমার মাথায় কিছুই ছিল না। আমার ফোনে এখনও শুভশ্রীর নম্বরটা ‘শুভশ্রী-দ্য অ্যাক্টর’ বলেই সেভ করা রয়েছে। সেই ফোনটা থেকে যে সফরটা শুরু হয়েছিল, শুধু ভাল, ভাল আর ভাল, শুধু শুভ, শুভ আর শুভই হয়ে গেল।’ দেব এই কথা বলতেই হাততালি দিয়ে ওঠেন সবাই।
দেবের প্রথম পরিচালনায় কাজ করার কী অভিজ্ঞতা শুভশ্রীর?
এরপরে শুভশ্রী বলেন, প্রথমে তিনি দেবের ফোন ধরতে পারেননি। তাঁর ফোনটা মিস কল হয়ে ছিল। পরে শুভশ্রীর সঙ্গে কথা হয় দেবের। ছবির চিত্রনাট্য কী নিয়ে, তা প্রথমেই জানাতে পারেননি দেব। শুধু তিনি জানতে চেয়েছিলেন যে, শুভশ্রী নতুন করে তাঁর সঙ্গে জুটি বাঁধতে চান কি না। রাজি হয়ে যান শুভশ্রী। অভিনেত্রী বলছেন, ‘গোটা সিনেমায় আমার কী অভিজ্ঞতা, সেটা তো আমি খোলা চিঠিতে লিখেই দিয়েছি। আবার নতুন করে বলছি এখন… দেব আর আমি, প্রায় একই সময়ে নিজেদের কেরিয়ার শুরু করেছিলাম। যেদিন সেটে এলাম, আমার কোনও ধারণা ছিল না যে দেব এতটা প্রস্তুত হয়ে সেটে এসেছে। পরিচালক হিসেবে ওর মাথার মধ্যে সবকিছু ভীষণ পরিষ্কার। আমার হিংসা হচ্ছিল যে, আমরা তো একসঙ্গে কেরিয়ার শুরু করেছিলাম… ও এতকিছু শিখে গেল কি করে! আমি তো শিখতে পারলাম না।’ প্রসঙ্গত, এবার পুজোয় মুক্তি পাওয়ার কথা দেব-শুভশ্রী জুটির নতুন সিনেমা।
Post Comment