মিলে গেল ‘দুই পৃথিবী’! মা-বাবাকে নিয়ে জিতের নতুন সিনেমা দেখতে এলেন দেব!
কলকাতা: অবশেষে মিলে গেল ‘২ পৃথিবী’? একটা সময়ে একসঙ্গে সিনেমা করেছিলেন তাঁরা, বক্সঅফিসে সাফল্য ও পেয়েছিল সেই সিনেমা। তবে তারপরে, তাঁদের মধ্যে নাকি দূরত্ব তৈরি হয়েছিল। অন্তত টলিউডে কান পাতলে, সেই খবরই শোনা যেন। যদিও গুঞ্জনে কখনোই সমর্থন করেননি ২ তারকা। তাঁরা জানিয়েছেন, গোটা বিষয়টাই মনগড়া। তাঁদের মধ্যে যথেষ্ট সুসম্পর্ক রয়েছে। আর এবার এক তারকার সিনেমা দেখতে এলেন, আরে তারকা! জিৎ-এর (Jeet) নতুন সিনেমা, ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ দেখতে বাবা ও মা-কে নিয়ে এলেন দেব (Dev)!
দেব-জিতের সম্পর্ক নিয়ে গুঞ্জন
দেব সবসময়েই বলেছেন, জিতের সঙ্গে কখনও তাঁর কোনও শত্রুতা ছিল না, সবটাই নাকি মনগড়া। অন্যদিকে এবিপি লাইভ ডিজিট্যালকে দেওয়া পুরনো একটি সাক্ষাৎকারেও জিৎ সাফ জানিয়েছিলেন যে, তাঁর সঙ্গে দেবের খুব ভাল সম্পর্ক। তাঁদের নিয়ে শুধু শুধুই নেতিবাচক খবর ছড়ানো হয়। এর আগে, দেবের সঙ্গে না হলেও, রুক্মিণী মৈত্রের (Rukmini Maitra)-র সঙ্গেও কাজ করেছেন জিৎ। সেই সিনেমার প্রচারে রুক্মিণীও সাফ জানিয়েছিলেন যে, দেব ও জিতের মধ্যে যথেষ্ট ভাল সম্পর্ক। বৈরিতা থাকলে নিশ্চয়ই জিতের সঙ্গে রুক্মিণী কাজ করতে পারতেন না। প্রত্যেক সিনেমার মতো, জিতের সিনেমা মুক্তিতেও শুভেচ্ছা জানান দেব। তবে আজ যে ছবি দেখা গেল, সেই ছবি থেকে যাবে টলিউডের ইতিহাসে।
পাশাপাশি বসে সিনেমা দেখলেন দেব আর জিৎ
আজ জিতের ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবিটি দেখতে এলেন দেব নিজেই। এদিন প্রেক্ষাগৃহে বাবা-মা-কে নিয়ে এসেছিলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নে তিনি হেসে উত্তর দিলেন, ‘কেন.. আমি আসতে পারি না নাকি?’ পাশাপাশি দেব এদিন জানান, এই ছবির জন্যই তিনি তাঁর নিজের একটি ছবির মুক্তি পিছিয়ে দিয়েছেন। ইতিমধ্যেই নাকি তিনি শুনেছেন যে, জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবিটি যথেষ্ট ভাল হয়েছে। সেই কারণেই তিনি বাবা-মাকে নিয়ে সিনেমাটি দেখতে এসেছেন। ছবিটি নিয়ে তাঁর প্রত্যাশা রয়েছে। এরপরে প্রেক্ষাগৃহের অন্ধকারে পাশাপাশি বসে সিনেমা দেখতে, কথা বলতে হাসাহাসি ও করতে দেখা যায় দেব এবং জিৎ-কে। তাঁরা যেন নতুন করে প্রমাণ দিলেন, টলিউডের ২ প্রথম সারির তারকাও একে অপরের সঙ্গে সুসসম্পর্ক বজায় রাখতে জানেন।
আরও পড়ুন: Monami Ghosh: মুম্বই পাড়ি দিলেন, বিগ বসের ঘরে মনামী ঘোষকে দেখা এখন শুধুই সময়ের অপেক্ষা?
Kharaj Mukherjee | বাংলা সিনেমার শ্যুটিংয়ে নেপালের পোখরায় গিয়ে বন্দি অভিনেতা খরাজ
Post Comment