ব্যাটে হাতে দুরন্ত, ডান্স ফ্লোরেও অনবদ্য, আইপিএল জয়ের পর বিরাট-অনুষ্কার সেলিব্রেশন ভিডিও ভাইরাল
আমদাবাদ: গত মরশুমে শেষ হয়েছিল ১৮ বছরের অপেক্ষা। প্রথমবার আইপিএল জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে আরসিবি সেখানেই থেমে থাকেনি। মাত্র তৃতীয় দল হিসাবে সফলভাবে নিজেদের খেতাব ডিফেন্ড করে ফের একবার আইপিএল ২০২৬-রও (IPL 2026) চ্যাম্পিয়ন হয় আরসিবি। বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে সপ্তাহান্তে উইনিং শটটা আসে তাদের ট্যালিসম্যান বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট থেকেই।
নাগাড়ে দুই খেতাব জয়, স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসে ভাসেন বিরাট কোহলি। মাঠে খেতাবি ফাইনাল দেখতে সবসময়ের মতো কোহলির স্ত্রী অনুষ্কা শর্মাও উপস্থিত ছিলেন। খেতাব জয়ের পরে সতীর্থ ও স্ত্রীর সঙ্গেই মাঠে আনন্দে মাততে দেখা যায় বিরাট কোহলিকে। তবে আরসিবির জয় উদযাপন কিন্তু সেখানেই শেষ হয়নি। মাঠ থেকে ফেরার পরেও জয় উদযাপন চলতে থাকে এবং সেই উদযাপনের সময়কালেরই একটি ভিডিও আরসিবির তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়।
আরও পড়ুন:- আইপিএল ফাইনাল দেখতে স্টেডিয়ামে হাজির, ম্যাচ না খেলেও ইতিহাস গড়ল বৈভব সূর্যবংশী
আরসিবির শেয়ার করা সেই ভিডিওতে বিরাট কোহলিকে মনের আনন্দে ডান্স ফ্লোরে নাচতে দেখা যায়। ব্যাট হাতে তিনি যেমন বোলারদের বিরুদ্ধে দাপট দেখান, ঠিক একইভাবে ডান্স ফ্লোরেও নিজের অনবদ্য নাচের মুভে সকলের নজর কেড়ে নেন বিরাট কোহলি। তাঁর পাশেই ছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। তিনিও কোহলির সঙ্গে আনন্দে, নাচে মাতেন। তাঁর মুখে ছিল উজ্জ্বল হাসি, মনে আনন্দ। বিরাট কোহলির জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। স্বাভাবিকভাবেই প্রিয় তারকার মাঠের বাইরের মুহূর্তের এই ভিডিওটি নেটিজেনদের নজর কাড়ে এবং তা সোশ্য়াল মিডিয়ায় ভাইরালও হয়ে যায়।
𝗞𝗶𝗻𝗴 𝗞𝗼𝗵𝗹𝗶’𝘀 𝗺𝗮𝘀𝘁𝗲𝗿𝗰𝗹𝗮𝘀𝘀 𝗼𝗻 𝘁𝗵𝗲 𝗱𝗮𝗻𝗰𝗲 𝗳𝗹𝗼𝗼𝗿 😉
Pure vibes. Wholesome. And so much more. Anushka Sharma, thank you for being our Day 1. ❤️ pic.twitter.com/7Qmxxv6QtG
— Royal Challengers Bengaluru (@RCBTweets) June 1, 2026
মাঠের পারফরম্যান্সের কথা বলতে হলে এই মরশুমে ফের একবার আইপিএল চ্যাম্পিয়নদের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক হন বিরাট কোহলিই। তিনি এ মরশুমে ১৬ ম্যাচে আরসিবির হয়ে ৬৭৫ রান করেন। একটি শতরান ও আইপিএল ফাইনালে অর্ধশতরানের পাশাপাশি আরও চারটে অর্ধশতরানও হাঁকান বিরাট কোহলি।
https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10
আইপিএল শেষ। এবার বিরাট কোহলির লক্ষ্য ভারতকে সামনের বছরে ৫০ ওভারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন করা। সেই লক্ষ্যের শুরুটা হচ্ছে ঘরের মাঠে আফগানিস্তান সিরিজ় দিয়ে। আফগানদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ় শুরু হচ্ছে ১৩ জুন। সেই সিরিজ়েই কোহলিকে ফের একবার জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে দেখা যাবে। এই সিরিজ় শুরুর অপেক্ষায় রয়েছেন ভারতীয়. ক্রিকেটপ্রেমীরা।



Post Comment