‘নৌশাদ সিদ্দিকিকে পাহারা দেয় অমিত শাহর CRPF, কেন ? ডিলটা কী ?’ : অভিষেক

‘নৌশাদ সিদ্দিকিকে পাহারা দেয় অমিত শাহর CRPF, কেন ? ডিলটা কী ?’ : অভিষেক

ভাঙড় : ‘হুমায়ুন কবীর আর নৌশাদ সিদ্দিকিকে পাহারা দেয় অমিত শাহর CRPF। কেন ? ডিলটা কী ?’ ভাঙড়ের ISF প্রার্থীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাঙড়ের কাটাডাঙ্গা মাঠের (শানপুকুর) জনসভা থেকে নৌশাদের উদ্দেশে একাধিক প্রশ্ন তুললেন তিনি। অভিষেক বলেন, “যারা নিজেদের সংখ্যালঘুদের ধারক আর বাহক বলে দাবি করেন, আমি জিজ্ঞাসা করতে চাই, SIR নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দৌড়েছিলেন, তখন নৌশাদ সিদ্দিকি কোথায় ছিলেন ? যখন মাঠে-ময়দানে তৃণমূল কংগ্রেস লড়াই করছিল, নৌশাদ সিদ্দিকি কোথায় ছিলেন ? অমিত শাহকে যে-ই CRPF পাহারা দেয়, কোন ডিলের কারণে সেই CRPF নৌশাদ সিদ্দিকিকে পাহারা দেয় ? জবাব আছে ?”

তাঁর বক্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায় তিনবারের মুখ্যমন্ত্রী। সাতবারের সাংসদ। চারবারের কেন্দ্রীয়মন্ত্রী। তাঁকে পাহারা দিচ্ছে রাজ্যের পুলিশ। আমাদের সুরক্ষা দেয় রাজ্যের পুলিশ। আর হুমায়ুন কবীর আর নৌশাদ সিদ্দিকিকে পাহারা দেয় অমিত শাহর CRPF। কেন ? ডিলটা কী ? সংখ্যালঘু ভাইদের ওপর যা অত্যাচার বিজেপি করেছে, যদি এতটুক মনুষ্যত্ব আর বিবেকবোধ থাকে, ওই CRPF-এর নিরাপত্তারক্ষীগুলোকে ছেড়ে ভাঙড়ে ঢুকুন, আগামীদিনে দরকার হলে রাজ্য সরকার আপনাকে সুরক্ষা দেবে। দায়িত্ব আমি নিচ্ছি। চ্যালেঞ্জ আমার। ডিলটা কী ? সাধারণ মানুষ লাইনে, আর অমিত শাহর পুলিশ নৌশাদ সিদ্দিকিকে পাহারা দিচ্ছে ?”

এদিন ভাঙড় ও ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী প্রার্থী যথাক্রমে সওকত মোল্লা ও মহম্মদ বাহারুল ইসলামের সমর্থনে সভা করেন অভিষেক। প্রসঙ্গত, রাজনীতির ডেবিউ ম‍্যাচে তাক লাগিয়েছিলেন নৌশাদ সিদ্দিকি। ২০২১-এ প্রথমবার ভোটে দাঁড়িয়ে, তৃণমূলের গড় দক্ষিণ ২৪ পরগনাতেই, তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছিলেন ভাঙড়ের মতো বিধানসভা আসন। এবারও সেই কেন্দ্রে ISF এর প্রার্থী তিনি। তবে এবার লড়াই বেশ কঠিন। উল্টোদিকে রয়েছেন তৃণমূলের সওকত মোল্লার মতো হেভিওয়েট প্রার্থী। আর ভাঙড়ে এবার বিজেপির প্রার্থী জয়ন্ত গায়েন। এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টিও। সেখানে তারা প্রার্থী করেছে সীমা ভট্টাচার্যকে। তবে নৌশাদ অবশ‍্য কনফিডেন্ট। প্রতিদিন নিজের কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্রেও আইএসএফ প্রার্থীদের হয়ে প্রচার সারছেন নৌশাদ। সেই সঙ্গে চলছে ভাঙড় নিয়ে অঙ্ক।

এই পরিস্থিতিতে নৌশাদ আগেই বলেছেন, “যারা গতবার আইএসএফকে ভোট দেয়নি তারাও এবার ভোট দেবে। আমার কেন্দ্র বলে নয়। আমি কীভাবে রাস্তায় আছি লোক দেখেছে। ভাঙড়ের মানুষ জানে কী করেছি। জয় নিয়ে ২০০ শতাংশ আশাবাদী।”

Previous post

Smuggling: ফিল্মি কায়দায় বাঁশের আড়ালে বার্মা টিক পাচার! বাগডোগরায় বন দফতরের ধুন্ধুমার অভিযান, উদ্ধার ২৫ লক্ষের সেগুন কাঠ

Next post

‘হিন্দুরা একটু স্য়াক্রিফাইস করেছেন’, SIR-এ নাম বাদ যাওয়া নিয়ে হিমন্ত বিশ্ব শর্মা, বললেন…

Post Comment

You May Have Missed