আমেরিকায় মোহন ভাগবতের অনুষ্ঠান ঘিরে বিতর্ক, এবার মুখ খুললেন নিউ ইয়র্কের মেয়র জ়োহরান মামদানিও
নয়াদিল্লি: RSS প্রধান মোহন ভাগবতের আমেরিকা সফর ঘিরে জটিলতা বাড়ছে। তাঁর সফরে আপত্তি জানিয়ে ডোনাল্ড ট্রাম্প সরকারের কাছে আবেদন জমা পড়েছে ইতিমধ্যেই। এবার ভাগবতের সফরের বিরোধিতায় সরব হলেন নিউ ইয়র্কের মেয়র, ভারতীয় বংশোদ্ভূত জ়োহরান মামদানিও। ম্যাডিসন স্কোয়্যার গার্ডেনে ভাগবতের সভাকে তিনি সমর্থন করেন না বলে জানালেন। (Zohran Mamdani on Mohan Bhagwat Event)
আগামী ২৯ অগাস্ট নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়্যার গার্ডেনে সভা রয়েছে ভাগবতের। সেখানে ৫০০০ মানুষের সামনে বক্তৃতা করার কথা তাঁর। RSS-এর শতবর্ষ উদযাপনের অঙ্গ হিসেবেই ওই অনুষ্ঠান হওয়ার কথা। সেই নিয়ে ইতিমধ্যেই আপত্তি জানিয়েছে US Commission on International Religious Freedom (USCIRF), Hindus for Human Rights-এর মতো সংগঠন। (RSS Event in US)
এবার ভাগবতের সফর নিয়ে নিজের অবস্থান জানালেন জ়োহরান। তাঁর বক্তব্য, “আমি ওই সভাকে সমর্থন করি না। কিন্তু জানি না, ওই অনুষ্ঠান বাতিল করার এক্তিয়ার আছে কি না শহরের। প্রথম ভারতীয়-মার্কিন মেয়র হিসেবে এখানে দাঁড়িয়ে আমি। আমার মায়ের পরিবার এখনও ভারতেই রয়েছে। আমি এমন ভারতকে চিনি, যেখানকার সমাজ বহুত্ববাদী, গণতান্ত্রিক, যেখানে প্রত্যেকের সমানাধিকার রয়েছে।” বিখ্যাত পরিচালক মীরা নায়ার এবং শিক্ষাবিদ মেহমুদ মামদানির ছেলে জ়োহরান।
ভাগবতের সভার বিরুদ্ধে কেন তিনি, তাও ব্যাখ্যা করেন জ়োহরান। বলেন, “বর্জনমূলক দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে গড়ে ওঠা কাজকর্মের উত্থান দেখা যে কোনও দেশের জন্যই উদ্বেগজনক। তাই এর তীব্র বিরোধী আমি— শুধুমাত্র ভারতীয়-মার্কিন হিসেবেই নয়, এই শহরের মেয়র হিসেবেও। এই শহর ধর্ম, বর্ণ, মতাদর্শ নির্বিশেষে, তাঁরা যেখান থেকেই আসুক না কেন, সকলের অন্তর্ভুক্তিতে বিশ্বাস করে।”
আরও পড়ুন: পাকিস্তানের পরমাণু ঘাঁটিতে ড্রোন হামলা ভারতের? কিরানা হিলসে কী ঘটেছিল? জানালেন জেনারেল অনিল চৌহান
এর আগে, কানাডাতেও ভাগবতের সফরের বিরোধিতা হয়। মানবাধিকার সংগঠন থেকে দেশের সাংসদরা পর্যন্ত বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন। RSS-কে নিষিদ্ধ করার দাবিও উঠেছিল। এবার আমেরিকাতেও ভাগবতের সফরের বিরোধিতা শুরু হয়েছে। নিউ ইয়র্ক সিটি হলের বাইরে যৌথ সাংবাদিক বৈঠক করে নিজেদের অবস্থান জানায় বিভিন্ন সংগঠন। ভাগবতের ওই সভা বাতিল করতে হবে বলে দাবি জানায়। Hindus for Human Rights, Indian American Muslim Council, Interfaith Centre of New York-এর মতো সংস্থা ভাগবতের সভার বিরোধিতা করছে।
RSS-এর শতবর্ষ উপলক্ষে নিউ ইয়র্কে Universal Oneness Celebration নামের ওই সভার আয়োজন করছে American Hindus for Dialogue. তাদের দাবি, গোটা বিশ্ব একটি পরিবার, এই কালজয়ী এবং সর্বজনীন বার্তা দিতেই সভাটি অনুষ্ঠিত হচ্ছে। কৃত্রিম বিভাজন, ভেদাভেদের ঊর্ধ্বে উঠে মানবিকতার বন্ধন, পারস্পরিক সম্মান, সম্প্রীতি এবং ঐক্যের চেতনাকে জোরাল করে তোলাই লক্ষ্য।
JU Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাণ্ডব, অবশেষে রেজিস্ট্রারের ঘরে পুলিশ
Post Comment