অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদনের প্রক্রিয়া কতদিন চলবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী…
কলকাতা : ‘পয়লা জুন থেকে ৯০ দিন এই প্রক্রিয়াটা চালাব। কীভাবে হবে ? অনলাইনে হবে, অফলাইনেও হবে।’ অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়ার জন্য আবেদন-প্রক্রিয়া কতদিন চলবে সেই বিষয়ে খোলসা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
গতকাল কল্যাণীতে প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, বুধবার থেকেই রাজ্যে শুরু হবে অন্নপূর্ণা যোজনার সরকারি প্রক্রিয়া। শুরু হবে ফর্ম প্রকাশ। সেইমতো এদিন নবান্নে রাজ্যের নারী ও শিশুকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল ও মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত বিস্তারিত তথ্য দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম প্রকাশ করেন তিনি (Suvendu Adhikari)।
ফর্ম প্রকাশের আগে মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপির সংকল্পপত্রে আমরা বলেছিলাম, সরকার তৈরির পরে আমরা দ্রুততার সঙ্গে অন্নপূর্ণা যোজনা চালু করব এবং মহিলারা দেড় হাজারের বদলে তিন হাজার টাকা পাবেন। প্রথম ক্যাবিনেটে এটার মঞ্জুরি দেওয়া হয়েছে। আমাদের প্রাথমিক ধারণা ছিল, লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের তালিকাটা ভেরিফায়েড। কিন্তু, আমরা ভূরিভূরি অভিযোগ পেয়েছি যে, ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, স্থায়ীভাবে নাম বাদ গেছে এবং ট্রাইব্যুনালে বা CAA-তে আবেদন করেননি, এমন অন্তত ৩০ লক্ষের কাছাকাছি, তাঁরাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন।”
তাঁর সংযোজন, “আমরা আজ একটি ফর্ম লঞ্চ করছি। তাড়াহুড়ো করার কিছু কারণ নেই। একদিনে সবাইকে ফর্প ফিলআপ করতে হবে…। এখন ২ কোটি ২০ লক্ষ মতো পান। যারমধ্যে ভোটার তালিকা থেকে মৃত, ভুয়ো, অভারতীয়, অস্তিত্বহীন এমন প্রায় ৩০ লক্ষ নাম আছে। সংখ্যাটা কমবেশি হতে পারে। তাঁরা পাবেন না। মানে, কমে যাবে। কমে গেলেও, আমাদের ধারণা বিরাট সংখ্যক, প্রায় ২ কোটির কাছাকাছি হয়তো চূড়ান্ত উপভোক্তা আসবে। সেক্ষেত্রে আমরা লক্ষ্মীর ভাণ্ডার যোজনার কর্মসূচি ততদিন অর্থাৎ চালু রাখছি, যতক্ষণ না অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ এবং এনরোলমেন্ট শেষ হচ্ছে।” মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আধিকারিকরা, সুপারভাইজার বা অন্যরা বাড়ি বাড়ি গিয়েও একটা ৩০ দিনের ড্রাইভ দেবেন। যারা অনলাইন বা অফলাইনে ফিলআপ করতে পারবেন না, তাঁরা বাড়ি বাড়ি গিয়েও করবেন।”
অন্নপূর্ণা প্রকল্পে মাসিক ৩ হাজার টাকা করে পাবেন মহিলারা। এর জন্য বয়সসীমা হতে হবে ২৫ থেকে ৬০ বছর। Annapurna Bhandar



Post Comment