Tamralipta Medical College Night Stay: মাত্র ২৮ টাকায় রাত কাটান নিশ্চিন্তে! তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে রোগী-পরিজনদের বিরাট উপহার ডবল ইঞ্জিন সরকারের, খুশি সকলে
Last Updated:
Tamralipta Medical College Night Stay: হাসপাতাল চত্বরে মশার কামড় কিংবা জিনিসপত্র চুরির ভয় ভুলে এবার নিশ্চিন্তে রাত কাটাতে পারবেন রোগীর আত্মীয়রা। চিকিৎসক দিবসের পুণ্য লগ্নে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে চালু হল ৪০ শয্যার একটি আধুনিক ডরমেটরি ব্যবস্থা।
তমলুক, সৈকত শী: মেডিক্যাল কলেজে চিকিৎসারত রোগীর পরিবারদের জন্য চালু হল এক অভিনব পরিষেবা! উপকৃত হবেন চিকিৎসারত রোগীর পরিবারের লোকজন। তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যাণ্ড হাসপাতালে চিকিৎসক দিবসের দিন এই পরিষেবা চালু হল। পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল কয়েক বছর আগেই মেডিক্যাল কলেজের রূপান্তরিত হয়েছে। ফলে এই মেডিক্যাল কলেজে চিকিৎসা পরিষেবার মান আগের তুলনায় অনেকটাই উন্নত হয়েছে। দিন দিন বাড়ছে রোগীর সংখ্যা। চিকিৎসারত রোগীর পরিবার পরিজনেরা হাসপাতাল চত্বরে এক প্রকার অসহায় ভাবে দিন কাটাতেন। কিন্তু এবার সেসব দিন শেষ! মেডিক্যাল কলেজের তরফ থেকে একটি ৪০ বেডের ডরমেটরি চালু করা হল।
চিকিৎসা করাতে এসে একদিকে যেমন রোগীর চিন্তা, আবার কোথায় রাত কাটাবে সেই চিন্তাও করতে হত রোগীর পরিবার-পরিজনদের। তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে অস্বাস্থ্যকরভাবে হাসপাতাল চত্বরেই রাত কাটাতে হত। একদিকে যেমন ঝড় বৃষ্টিতে কোনও রকমে থাকতে হত। আবার অন্যদিকে মশা মাছির উপদ্রবের সঙ্গে সঙ্গে জিনিসপত্র চুরি যাওয়ার ভয় থাকত। অনেকেই আবার বেশি টাকা দিয়ে আশেপাশের হোটেলে রাত কাটাতেন। কিন্তু এবার রাতে রোগীর পরিবারদের থাকার চিন্তা দূর হল। হাসপাতাল চত্বরে বার্ন ওয়ার্ডের পিছনে একটি ভবনে চালু হল ডরমেটরি পরিষেবা। শুধুমাত্র যেসব রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসারত তাদের পরিবারদের জন্য এই ব্যবস্থা।
১ জুলাই, বুধবার বিধান চন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদানের পর রোগীর পরিবারের রাত্রিনিবাসের জন্য এই ডরমেটরি উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল এবং এমএসভিপি মৃণালকান্তি কুণ্ডু, রাজ্যের উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী ডাঃ হরেকৃষ্ণ বেরা-সহ মেডিক্যাল কলেজের অন্যান্য চিকিৎসক ও আধিকারিকেরা। মন্ত্রী জানান, “এতদিন পর্যন্ত হাসপাতাল চত্বরে প্রায় খোলা জায়গায় চিকিৎসারত পরিবারের মানুষজনদের বাধ্য হয়েই থাকতে হত। হাসপাতাল চত্বরে ৪০ বেডের একটি ডরমেটরি উদ্বোধন হয়েছে। যেখানে উন্নত পরিষেবায় রাত্রি নিবাসের সুযোগ পাবে রোগীর পরিজনেরা। আমাদের লক্ষ্য রয়েছে ডরমেটরি ১০০ বেডে পরিণত করা।”
তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে জানা যায়, রাত্রিনিবাসের জন্য প্রতিদিন ২৮ টাকা করে দিতে হবে রোগীর পরিজনকে। ডমেটারির মধ্যে রয়েছে উন্নত ও আধুনিক বাথরুম-সহ থাকার ব্যবস্থা। যার ফলে রোগীর পরিবাবের রাত্রিনিবাসের সমস্যা দূর হবে। আগামী দিনে আরও বেড সংখ্যা বাড়ান হবে এবং ওই ডরমেটরির মধ্যে ক্যান্টিন ব্যবস্থাও চালু করা হবে বলে জানা যায়। হাসপাতালে চালু হওয়া নতুন পরিষেবা নিয়ে খুশি রোগীর পরিবারের লোকজন। তারা জানিয়েছেন তাদের রাত্রিবাসে সমস্যা হত হাসপাতাল চত্বরে। হাসপাতালের এই ব্যবস্থা তাদের অনেকটাই উপকার হবে। সব মিলিয়ে মেডিক্যাল কলেজের চালু হওয়া রোগীর পরিবারের জন্য রাত্রি নিবাসের ব্যবস্থা হাসপাতালের পরিষেবার মানকে উন্নত করল।
Purba Medinipur,West Bengal



Post Comment