Free Bus Ride For Women: হলদিয়া টু দিঘা, খুশি মহিলারা! প্রথম দিনেই সুপারহিট নতুন সরকারের ফ্রি বাস পরিষেবা
Last Updated:
Free Bus Ride For Women: নতুন প্রশাসনের হাত ধরে রাজ্যজুড়ে শুরু হল নারীশক্তির এক নতুন অধ্যায়। জুন মাসের প্রথম দিন থেকেই সরকারি বাসে যাতায়াতের জন্য মহিলাদের আর কোনও টিকিটের টাকা দিতে হচ্ছে না। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের যাতায়াত খরচ এক ধাক্কায় কমে যাওয়ায় খুশি ছাত্রী থেকে কর্মজীবী নারীরা।
হলদিয়া, সৈকত শী: মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা শুরু, রাজ্যজুড়ে বাঁধভাঙা উচ্ছ্বাস। রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই সাধারণ মানুষের গভীর নজর ছিল নতুন সরকারের প্রথম পদক্ষেপগুলির দিকে। বিশেষ করে নির্বাচনের আগে দেওয়া নির্বাচনী ইস্তাহারের প্রতিশ্রুতিগুলি কত দ্রুত বাস্তবায়িত হয়, তা দেখতে মুখিয়ে ছিলেন সাধারণ মানুষ। অবশেষে জনমানসের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মহিলাদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করল রাজ্যের নতুন সরকার। জুন মাসের ১ তারিখ থেকে রাজ্যজুড়ে চালু হয়ে গেল মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে সরকারি বাস পরিষেবা। সারা রাজ্যের পাশাপাশি বিশেষ ও ঐতিহাসিক প্রকল্প শুরু হল স্বয়ং মুখ্যমন্ত্রীর নিজের জেলা পূর্ব মেদিনীপুর থেকে।
নির্বাচনী প্রচারের ময়দানে বিজেপি নেতৃত্বের দেওয়া অন্যতম প্রধান ও আকর্ষণীয় প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলে রাজ্যের সমস্ত স্তরের নারীদের স্বাবলম্বী ও গতিশীল করতে সরকারি বাসে যাতায়াত সম্পূর্ণ নিখরচায় করা হবে। ক্ষমতায় আসার পর প্রথম দফাতেই সেই বড় ঘোষণা অত্যন্ত দক্ষতার সঙ্গে কার্যকর করল নতুন প্রশাসন। ১ জুন সোমবার সকাল থেকেই রাজ্যের সমস্ত সরকারি বাসগুলিতে মহিলাদের যাতায়াতের জন্য কোনও টিকিট কাটার প্রয়োজন পড়েনি। কন্ডাক্টররা হাসিমুখেই মহিলা যাত্রীদের বাসে স্বাগত জানিয়েছেন। সরকারের এই দ্রুত ও ইতিবাচক সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি আমজনতা।
উচ্ছ্বসিত হলদিয়া ও সমগ্র পূর্ব মেদিনীপুর। মুখ্যমন্ত্রীর নিজের জেলা, তাই পূর্ব মেদিনীপুরের হলদিয়া, তমলুক, কাঁথির মত গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে এই নতুন পরিষেবাকে কেন্দ্র করে সকাল থেকেই বাড়তি উন্মাদনা ও উদ্দীপনা চোখে পড়েছে। বাসস্ট্যান্ডগুলিতে কলেজ পড়ুয়া ছাত্রী থেকে শুরু করে কর্মজীবী মহিলা এবং সাধারণ গৃহবধূদের ভিড় ছিল অন্যদিনের তুলনায় অনেক বেশি। বিনামূল্যে ভ্রমণের এই নতুন নিয়মে সাধারণ মানুষের যাতায়াতের খরচ এক ধাক্কায় অনেকটাই কমে যাবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। নিত্যযাত্রী মহিলা এবং কলেজ ছাত্রীদের যাতায়াতের মাসিক খরচ এখন একলাফে শূন্যে নেমে আসবে, যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলির জন্য এক বিরাট আর্থিক স্বস্তি।
হলদিয়ার এক কলেজ ছাত্রী মৌমিতা সরকার উচ্ছ্বাস প্রকাশ করে জানান, “প্রতিদিন কলেজে যাতায়াত করতে হাতখরচের একটা বড় অংশ বাসভাড়ায় চলে যেত। আজ থেকে বাসে কোনও টাকা লাগল না, এটা আমাদের মতো ছাত্রীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ভীষণ বড় একটা সাহায্য।” যাতায়াত খরচ সাশ্রয় হওয়ার ফলে নারীদের কর্মক্ষেত্রে যোগদান, ব্যবসা-বাণিজ্য এবং দূরদূরান্তে গিয়ে উচ্চশিক্ষার পথ আরও সুগম হবে। সরকারি বাসে নারীদের যাতায়াত বৃদ্ধি পাওয়ায় গণপরিবহণে নারীদের সফর অনেক বেশি নিরাপদ ও স্বস্তিদায়ক হয়ে উঠবে। ১ জুনের এই নতুন সকালটি রাজ্যের নারীশক্তির জন্য এক নতুন ও উজ্জ্বল দিগন্তের সূচনা করল।
Purba Medinipur,West Bengal



Post Comment