WBBSE Madhyamik Result 2026: মাধ্যমিকের প্রথম দশে ৯ জন! মেধাতালিকায় রায়গঞ্জের স্কুলের দাপট, বছরের পর বছর ধরে অব্যাহত সাফল্যের ধারা
Last Updated:
West Bengal Madhyamik WBBSE Class 10th Result 2026: ২০২৬ মাধ্যমিক পরীক্ষায় রায়গঞ্জের স্কুলের নজরকাড়া সাফল্য। বিদ্যালয়ের প্রধান আচার্য জানান, গত ৭ বছর ধরে ধারাবাহিকভাবে তাঁদের স্কুল ভাল ফলাফল করছে।
রায়গঞ্জ, উত্তর দিনাজপুরঃ শুক্রবার মাধ্যমিকের ফলাফল ঘোষণা হয়েছে। এরপর থেকেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জে খুশির হাওয়া বইছে। আলাদা করে নজর কেড়ে নিয়েছে শহরের একটি স্কুল। মেধাতালিকার প্রথম দশে এই বিদ্যালয়ের মোট ৯ জন পড়ুয়া স্থান করে নিয়েছে।
এবারের মাধ্যমিকে প্রথম হয়েছে রায়গঞ্জ সারদা বিদ্যামন্দির হাই স্কুলের ছাত্র অভিরূপ ভদ্র। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৮। তবে শুধু অভিরূপই নয়, রায়গঞ্জের এই বিদ্যালয়ের আরও ৮ জন পড়ুয়া প্রথম দশে জায়গা করে নিয়েছে। স্বভাবতই তাতে অত্যন্ত খুশি বিদ্যালয় কর্তৃপক্ষ।
রায়গঞ্জ সারদা বিদ্যামন্দির হাই স্কুলের সৌদীপ দাস ও সমন্বয় দেবনাথ এবারের মাধ্যমিকে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করেছে। এছাড়া চেতসী রায় ও সমন্বয় নস্কর অষ্টম, বিবেক সিংহ ও সৌম্যদীপ রায় নবম এবং প্রাঞ্জল মন্ডল ও তানভীর সাকিব মাধ্যমিকে দশম হয়েছে।
রায়গঞ্জ সারদা বিদ্যামন্দির হাই স্কুলের তরফে জানানো হয়েছে, এবার মোট ১৫৩ জন পড়ুয়া মাধ্যমিক দিয়েছিল। প্রত্যেকেই সাফল্যের সঙ্গে পাশ করেছে।
এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান আচার্য চিত্তরঞ্জন মন্ডল বলেন, ”আমাদের স্কুলের ফলাফল গত ৭ বছর ধরে ধারাবাহিকভাবে ভাল হচ্ছে। ২০২০ সাল থেকেই আমাদের পড়ুয়ারা মেধাতালিকায় স্থান করে নিচ্ছে। তবে এবারের সাফল্য আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। আমরা অত্যন্ত খুশি”।
মাধ্যমিকে পড়ুয়াদের এই সাফল্যের জন্য বিদ্যালয়ের সুশৃঙ্খল পঠনপাঠন পদ্ধতি, শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টাকে কৃতিত্ব দিয়েছেন বিদ্যালয়ের প্রধান আচার্য চিত্তরঞ্জন মন্ডল। রায়গঞ্জ সারদা বিদ্যামন্দির হাই স্কুলের এই সাফল্যে গর্বিত শহরবাসীও।
Uttar Dinajpur,West Bengal
May 09, 2026 12:46 PM IST
WBBSE Madhyamik Result 2026: মাধ্যমিকের প্রথম দশে ৯ জন! মেধাতালিকায় রায়গঞ্জের স্কুলের দাপট, বছরের পর বছর ধরে অব্যাহত সাফল্যের ধারা

Post Comment