North Dinajpur News: গোল্ড লোন প্রদানকারী সংস্থায় দুঃসাহসিক ডাকাতি! ভল্ট ভেঙে কয়েক কোটির সোনা-নগদ লুঠ, আতঙ্কে স্থানীয়রা
Last Updated:
North Dinajpur News: সিসি ক্যামেরা থেকে শুরু করে একের পর এক গ্রিল, শাটার, তালা ভেঙে এই ডাকাতি করা হয়। শহরের প্রাণকেন্দ্রে এই ধরনের ঘটনা ঘটায় মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
ইটাহার, উত্তর দিনাজপুরঃ উত্তর দিনাজপুরের ইটাহার শহরের প্রাণকেন্দ্রে দুঃসাহসিক ডাকাতি। সিসি ক্যামেরা ভেঙে, শাটার, একাধিক গেটের তালা ভেঙে গোল্ড লোন প্রদানকারী সংস্থার অফিসে লুটপাট। কয়েক কোটি টাকা নগদ এবং সোনা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ৭ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ইটাহারের চৌরঙ্গী মোড়ে এই ডাকাতির ঘটনাটি ঘটেছে। রবিবার ভোরবেলা বিষয়টি স্থানীয়দের চোখে পড়ে। শহরের প্রাণকেন্দ্রে এমন ঘটনা ঘটায় আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে বেশ কয়েক ঘণ্টা ধরে এই ডাকাতি চালানো হলেও কোনও অ্যালার্ম বাজেনি। অফিসে কোনও সিকিউরিটি গার্ডও ছিল না। এতে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে।
জাতীয় সড়কের ধারে অবস্থিত এই গোল্ড লোন প্রদানকারী সংস্থার অফিসটি দোতলায় ছিল। পিছনেই জঙ্গল এবং বসতি রয়েছে। তদন্তকারীরা মনে করছেন, জঙ্গল থেকে এসে প্রথমে কার্নিশ বেয়ে উপরে ওঠে দুষ্কৃতীরা। এরপর একের পর এক গ্রিল, শাটার ও তালা কেটে ভিতরে ঢুকে ভল্ট ভেঙে কয়েক কোটি টাকার সোনা ও নগদ দিয়ে চম্পট দেয় তাঁরা।
এই দুঃসাহসিক ডাকাতি করে রবিবার ভোরে পালানোর সময় দুষ্কৃতীদের কয়েকজনকে দেখেছিলেন এক স্থানীয় ব্যবসায়ী। তবে সেই সময় হালকা অন্ধকার থাকায় কাউকে চিনতে পারেননি বলে জানান তিনি। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসেন ইটাহার থানার আইসি অভিষেক তালুকদার এবং এসডিপিও মহম্মদ বদিউজ্জামান।
ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। এলাকার একাধিক দোকান ও রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সেই সঙ্গেই স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট গোল্ড লোন প্রদানকারী সংস্থার অফিসের রেজিস্টারে বেশ কিছু গরমিল দেখা দিয়েছে। সেই সঙ্গেই কর্মীদের কথাতেও কিছু অসঙ্গতি পাওয়া গিয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, রেইকি করে এই ডাকাতি করা হয়েছে বলে তাঁরা নিশ্চিত। এর সঙ্গে ঝাড়খণ্ড অথবা বিহারের গ্যাংয়ের যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। পুলিশি তদন্তে আগামীদিনে কী উঠে আসে সেটাই দেখার।
Uttar Dinajpur,West Bengal
North Dinajpur News: গোল্ড লোন প্রদানকারী সংস্থায় দুঃসাহসিক ডাকাতি! ভল্ট ভেঙে কয়েক কোটির সোনা-নগদ লুঠ, আতঙ্কে স্থানীয়রা




Post Comment