Calcutta Stock Exchange May Open: ফের চালু হতে পারে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ! কলকাতাকে আর্থিক রাজধানী করতে বড় ঘোষণা
Last Updated:
Calcutta Stock Exchange May Open: দীর্ঘদিন বন্ধ থাকা ক্যালকাটা স্টক এক্সচেঞ্জকে পুনরুজ্জীবিত করার উদ্যোগের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। সরকারের দাবি, এর ফলে কলকাতা ফের পূর্ব ভারতের আর্থিক কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
কলকাতাঃ দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ (সিএসই)-কে পুনরুজ্জীবিত করার সম্ভাবনা খতিয়ে দেখছে রাজ্যের বিজেপি সরকার। সোমবার বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী ড. স্বপন দাশগুপ্ত জানান, পূর্ব ভারতের আর্থিক কেন্দ্র হিসেবে কলকাতার হারানো মর্যাদা ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
অর্থমন্ত্রীর বক্তব্য, ১১৮ বছরের পুরনো এই প্রতিষ্ঠানকে পুনরুজ্জীবিত করা গেলে পূর্ব ভারতের শিল্প ও ব্যবসায়িক ক্ষেত্রে পুঁজি সংগ্রহ সহজ হবে। একই সঙ্গে তালিকাভুক্তি এবং লেনদেনের খরচ কমবে ও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, “কলকাতাকে ফের আর্থিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করতে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের পুনরুজ্জীবনে সরকার সহায়তা করার প্রস্তাব করছে। এর ফলে পূর্ব ভারতে পুঁজির সহজলভ্যতা বাড়বে, তালিকাভুক্তি ও লেনদেনের খরচ কমবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।”
২০১৩ সালের এপ্রিল মাস থেকে কার্যত নিষ্ক্রিয় হয়ে রয়েছে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ। নিয়ন্ত্রক সংস্থার একাধিক আপত্তি, দুর্বল প্রশাসনিক ব্যবস্থা এবং প্রযুক্তিগত পরিকাঠামোর অভাব নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে স্টক এক্সচেঞ্জের মর্যাদা থেকে স্বেচ্ছায় বেরিয়ে যাওয়ার আবেদন জানায় সিএসই। যদিও এখনও পর্যন্ত সেই আবেদনে চূড়ান্ত অনুমোদন দেয়নি সেবি।
এদিকে, বাজেটে ১ লক্ষ সরকারি শূন্যপদ পূরণ, রাজ্য সরকারি কর্মীদের ডিএ ২০ শতাংশ বৃদ্ধি এবং মহিলাদের আর্থিক সহায়তার জন্য অন্নপূর্ণা যোজনায় ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণাও করেন অর্থমন্ত্রী। তিনি জানান, ‘বিকশিত ভারত’ এবং ‘বিকশিত বাংলা’-র লক্ষ্যকে সামনে রেখেই এই বাজেট তৈরি করা হয়েছে।
Kolkata,West Bengal




Post Comment