Waterlog Issue: বর্ষা আসার আগেই বানভাসি পুরুলিয়া! মাত্র ২ দিনের বৃষ্টিতেই হাঁটু জলে ডুবল শহরের একাধিক এলাকা, ক্ষুব্ধ বাসিন্দারা
Last Updated:
Purulia Waterlog Issue: বর্ষার মেঘ পুরোদমে আকাশে মেলার আগেই পুরুলিয়ার একাধিক রাস্তায় বইছে নদী। নিকাশি নালা পরিষ্কার না করায় মাত্র দু’দিনের বর্ষণেই ঘরের দুয়ারে পৌঁছে গেছে নোংরা জল।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: বর্ষা এখনও পুরোপুরি শুরু হয়নি, তার আগেই দু’দিনের টানা বৃষ্টিতে কার্যত জলমগ্ন হয়ে পড়ল পুরুলিয়া শহরের একাধিক এলাকা। শহরের বিভিন্ন রাস্তাঘাট থেকে শুরু করে বাড়ির সামনেও জমে রয়েছে হাঁটু সমান জল। ফলে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। রীতিমতো ক্ষোভ জন্মাচ্ছে তাদের মধ্যে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শিশু ও বয়স্করা। জল জমে থাকার কারণে অনেক এলাকায় স্বাভাবিক যাতায়াত ব্যাহত হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় রেলের বিভিন্ন নির্মাণ কাজ চলার ফলে পুরনো নিকাশি নালাগুলি কার্যত বন্ধ হয়ে পড়েছে। বৃষ্টির জল বের হওয়ার উপযুক্ত ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে যাচ্ছে। বিভিন্ন এলাকাতেই জল জমছে। বর্ষা শুরুর আগেই এই দুর্ভোগ রীতিমতো দুশ্চিন্তায় ফেলছে এলাকার মানুষদের।
বাসিন্দাদের আরও দাবি, নোংরা জল দীর্ঘক্ষণ জমে থাকায় মশার উপদ্রব মারাত্মকভাবে বেড়েছে। এর ফলে ডেঙ্গু ও বিভিন্ন জলবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। বহুবার প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরের কাছে সমস্যার কথা জানান হলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধানের কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। বিশেষ করে পুরুলিয়া শহরের ৯ নম্বর ওয়ার্ডের কেতিকা নিচুপাড়া এলাকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত নিকাশি নালা পরিষ্কার করার পাশাপাশি বিকল্প জলনিকাশি ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করতে হবে। না হলে বর্ষা পুরোপুরি শুরু হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
Puruliya (Purulia),Puruliya,West Bengal
Waterlog Issue: বর্ষা আসার আগেই বানভাসি পুরুলিয়া! মাত্র ২ দিনের বৃষ্টিতেই হাঁটু জলে ডুবল শহরের একাধিক এলাকা, ক্ষুব্ধ বাসিন্দারা
Post Comment