আইপিএলের সেরা মাঠ, কোহলিদের চ্যাম্পিয়ন হওয়ার রাতে ইডেন গার্ডেন্স পেল ৫০ লক্ষ টাকা
সন্দীপ সরকার, কলকাতা: আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তখন আতসবাজি ফাটছে। ট্রফি জয়ের আনন্দে মাতোয়ারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের পর আইপিএলের ইতিহাসে তৃতীয় দল হিসাবে পরপর দুবার ট্রফি জয়ের সেলিব্রেশন চলছে জোরকদমে। ফোনে ধরা গেল সিএবি-র কোষাধ্যক্ষ সঞ্জয় দাসকে। যিনি আমদাবাদে গিয়েছিলেন আইপিএল ফাইনাল দেখতে। আর সেখানে গিয়ে মিলল বড় পুরস্কার। আইপিএলের সেরা মাঠের তকমা পেল ইডেন গার্ডেন্স। এর আগেও এই মুকুট জিতেছে ক্রিকেটের নন্দনকানন। ফের বড় স্বীকৃতি পেল।
আমদাবাদ থেকে ফোনে সঞ্জয় দাস বললেন, ‘এই সাফল্য ইডেনের সমস্ত মাঠকর্মীদের। কিউরেটর সুজন মুখোপাধ্যায় সহ গোটা দলকে অভিনন্দন। আমি শুধু পুরস্কারটা গ্রহণ করলাম। আসল সাফল্য তো মাঠ তৈরিতে যাঁরা প্রাণপাত করেছেন তাঁদের। ঝড়-জল, রোদ উপেক্ষা করে যাঁরা ইডেন গার্ডেন্সকে এত সুন্দর করে তৈরি করেছেন, দারুণ পিচ বানিয়েছেন, দর্শকদের উপভোগ্য ম্যাচের রোমাঞ্চ অনুভব করার সুযোগ করে দিয়েছেন, সেই মাঠকর্মীদের কুর্নিশ।’
আরও পড়ুন: কিংবদন্তি পঙ্কজ রায়ের জন্মদিন পালনে ছেলে প্রণব রায়কেই ডাকতে ভুলে গেল সিএবি! সমালোচনার ঝড়
আইপিএলের সেরা মাঠের স্বীকৃতি স্বরূপ রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সিএবি কোষাধ্যক্ষের হাতে তুলে দেওয়া হয় ৫০ লক্ষ টাকার চেক।
২০২৫ সালের পর ২০২৬ – পরপর দু’বছর আইপিএল হল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত আইপিএলের ফাইনালে পঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল আরসিবি। রবিবার শুভমন গিলের গুজরাত টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হল তারা।
এবং দুটি ট্রফিই এল আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এবারের আইপিএল ফাইনাল হওয়ার কথা ছিল আরসিবির হোমগ্রাউন্ড বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড সেই ম্যাচ সরিয়ে নেয়। দেওয়া হয় আমদাবাদে। তবে ফাইনালে এই মাঠে দারুণ অভিজ্ঞতা হল দর্শকদের। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে লেজার শো করেছিল সিএবি। তবে আমদাবাদে সোমবারের লেজার শো সব কিছুকে ছাপিয়ে গেল। মহাশূন্যে আঁকা হল শিবের নানা অবয়ব। নিকষ কালো আকাশের প্রেক্ষাপটে বিন্দু বিন্দু আলোর মালায় ফুটে উঠল মহাদেবের বিভিন্ন মূর্তি। মাঠের মধ্যে তখন গান গাইছেন বিখ্যাত গায়ক কৈলাশ খের। ববম বম ববম বম… অদ্ভুত এক মায়াবী রাত উপহার দিল আমদাবাদ। চেটেপুটে তার স্বাদ নিলেন দর্শকরা।



Post Comment