যুদ্ধ আবহে বাড়ল গ্যাসের দাম, সেই সঙ্গে তেল প্রস্তুতকারক সংস্থাকে বড় নির্দেশ দিল কেন্দ্র
কলকাতা : জুন শুরুতে ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম । সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল ৫৩ টাকা ৫০ পয়সা । দাম বেড়ে হল ৩ হাজার ২৫৫ টাকা । যদিও গেরস্থালির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি । দাম রয়েছে সিলিন্ডার প্রতি ৯৩৯ টাকা করেই ।
পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা বাড়ছে। এই পরিস্থিতিতে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্র সরকার রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলিকে অন্তত ৩০ দিনের Liquefied Petroleum Gas (LPG) মজুত তৈরি করার নির্দেশ দিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা এক আন্তঃমন্ত্রক সাংবাদিক বৈঠকে জানান, সম্ভাব্য জ্বালানি সঙ্কট মোকাবিলায় আগাম প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র। একইসঙ্গে দেশের অপরিশোধিত তেলের স্টোরেজ আরও বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
IOC, BPCL, HPCL-কে অতিরিক্ত মজুত তৈরির নির্দেশ
সরকার ইতিমধ্যেই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা Indian Oil Corporation (IOC), Bharat Petroleum Corporation Limited (BPCL) এবং Hindustan Petroleum Corporation Limited (HPCL)-কে নিয়মিত বাণিজ্যিক মজুতের বাইরে অতিরিক্ত LPG সংরক্ষণের পরিকল্পনা তৈরি করতে বলেছে। সরকারের দাবি, দেশে বর্তমানে পেট্রোল, ডিজেল, LPG, অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের পর্যাপ্ত মজুত রয়েছে। সব রিফাইনারিও স্বাভাবিক ও সর্বোচ্চ সক্ষমতায় কাজ করছে।
রেকর্ড LPG উৎপাদন, নেই কোনও ‘ড্রাই-আউট’
সুজাতা শর্মা ( Joint Secretary in the Ministry of Petroleum and Natural Gas ) জানান, দেশে বর্তমানে দৈনিক প্রায় ৯২ হাজার মেট্রিক টন LPG উৎপাদন হচ্ছে, যা সর্বকালের সর্বোচ্চ। এছাড়াও দেশের কোনও LPG ডিস্ট্রিবিউটরশিপে ‘ড্রাই-আউট’ বা গ্যাস ফুরিয়ে যাওয়ার ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।গত চার দিনেই দেশে প্রায় ১.৭৮ কোটি LPG রিফিল বুকিং হয়েছে এবং প্রায় ১.৮ কোটি সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। এর মধ্যে ৯৬ শতাংশ ডেলিভারি ডিজিটাল অথেন্টিকেশনের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
মজুতদারি রুখতে কড়া নজরদারি
জ্বালানি সরবরাহে কোনও ধরনের কৃত্রিম সঙ্কট তৈরি না হয়, তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার এবং তেল সংস্থাগুলি নজরদারি বাড়িয়েছে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে জ্বালানি বাজেয়াপ্ত, FIR দায়ের, গ্রেফতারি এবং অনিয়মকারী ডিলার ও ডিস্ট্রিবিউটরদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের দাবি, বাণিজ্যিক LPG সরবরাহও স্বাভাবিক রয়েছে। পাশাপাশি শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের জন্য প্রাকৃতিক গ্যাস সরবরাহও ৯৯ শতাংশ পর্যন্ত পুনরুদ্ধার করা হয়েছে।
পশ্চিম এশিয়া পরিস্থিতির উপর নজর MEA-র
বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব (গালফ) অসীম মহাজন জানান, পশ্চিম এশিয়ার পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারত সরকার। ওই অঞ্চলে থাকা ভারতীয় নাগরিকদের সাহায্যের জন্য ভারতীয় দূতাবাস ও কনস্যুলেটগুলিতে ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু রাখা হয়েছে। তিনি আরও জানান, ধীরে ধীরে বিমান পরিষেবা স্বাভাবিক হচ্ছে এবং পশ্চিম এশিয়া থেকে ভারতের বিভিন্ন শহরে অতিরিক্ত বিমানও চালানো হচ্ছে।
হরমুজ প্রণালী পেরিয়ে ভারতে আসছে তেলবাহী জাহাজ
বন্দর, জাহাজ পরিবহণ ও জলপথ মন্ত্রকের ডিরেক্টর ওপেশ কুমার শর্মা জানান, ভারতীয় নাবিকদের নিরাপত্তা এবং সামুদ্রিক পরিবহণ স্বাভাবিক রাখতে বিভিন্ন মন্ত্রক ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কাজ চলছে। তিনি জানান, ‘Nissos Keros’ নামে একটি ক্রুড অয়েল ট্যাঙ্কার নিরাপদে হরমুজ ( Strait of Hormuz ) পেরিয়ে এসেছে এবং আগামী ৩ জুন বিশাখাপত্তনম বন্দরে পৌঁছানোর কথা। জাহাজটিতে প্রায় ২.৭ লক্ষ মেট্রিক টন অপরিশোধিত তেল রয়েছে।
ভারতীয় নাবিকরা নিরাপদ
সরকারের দাবি, পশ্চিম এশিয়া অঞ্চলে থাকা সমস্ত ভারতীয় নাবিক নিরাপদ রয়েছেন। ভারতীয় পতাকাবাহী কিংবা বিদেশি বাণিজ্যিক জাহাজ— কোনও ক্ষেত্রেই ভারতীয় নাবিকদের নিয়ে এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।
জ্বালানি সঙ্কটের আশঙ্কার মাঝেও আশ্বস্ত কেন্দ্র
পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির কারণে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হলেও, কেন্দ্রীয় সরকার আপাতত দেশবাসীকে আশ্বস্ত করার চেষ্টা করছে। সরকার জানিয়েছে, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং পরিস্থিতির উপর লাগাতার নজর রাখা হচ্ছে।



Post Comment