West Bardhaman News: বিপদে রাশ টানতে কড়া প্রশাসন, খোলা মুখ খনিতে অবৈধ যাতায়াত রুখতে মাইকিং! না মানলে হতে পারে বড় বিপদ
Last Updated:
West Bardhaman News: খোলা মুখ খনিতে অবৈধভাবে যাতায়াত মাঝেমধ্যেই লক্ষ্য করা যায় খনি অঞ্চলে। তার ফলে মাঝেমাঝে সামনে আসে দুর্ঘটনার ছবি। সেই অবৈধ যাতায়াত রুখতে এবার আরও কড়া প্রশাসন। ইতিমধ্যে শুরু হয়েছে সচেতনতামূলক প্রচার।
আসানসোল, পশ্চিম বর্ধমান: কয়লা খনিতে অবৈধভাবে প্রবেশ রুখতে এবার কোমর বেঁধে মাঠে নামল প্রশাসন। আসানসোল-দুর্গাপুরের ইসিএল ও খনি অঞ্চলের খোলা মুখ পরিত্যক্ত খনিগুলিতে অতীতে একাধিক বার বড়সড় বিপর্যয় সামনে এসেছে। অবৈধভাবে কয়লা কাটতে গিয়ে অসাবধানতার জেরে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। সেই চেনা মরণফাঁদ এবার পুরোপুরি বন্ধ করতে সক্রিয় ভূমিকা নিল কর্তৃপক্ষ।
খনি সংলগ্ন গ্রাম ও আশেপাশের এলাকাগুলিতে শুরু হয়েছে জোরদার সচেতনতামূলক প্রচার। মাইকিং করে সতর্ক করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে, কোনও অবস্থাতেই যেন কেউ এই সমস্ত বিপজ্জনক পরিত্যক্ত খনি গর্ভে প্রবেশ না করেন। বেআইনিভাবে কয়লা নেওয়ার মতো আত্মঘাতী পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষজনকে।
কর্তৃপক্ষের তরফ থেকে এই প্রচার অভিযানে সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে, সামান্য কিছু কয়লার লোভে নিয়ম না মানলে যে কোনও সময় ঘনিয়ে আসতে পারে বড়সড় বিপদ। যেতে পারে প্রাণও। এমন জীবনহানির ঘটনা অতীতেও হয়েছে। তাই বারবার সাবধানবাণী মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে সাবধানবাণী না মেনে চললে নেওয়া হতে পারে কড়া পদক্ষেপও।
উল্লেখ্য, পশ্চিম বর্ধমান জেলায় অন্ডাল, রানীগঞ্জ, সালানপুর সহ একাধিক জায়গায় রয়েছে কয়লাখনি। তারমধ্যে অনেক খনি এখন পরিত্যক্ত। আর এই সমস্ত পরিত্যক্ত বা অন্যান্য খনি থেকে অনেক সময় অবৈধভাবে কয়লা সংগ্রহের ছবি নজরে এসেছে অতীতে। তাছাড়াও এই সমস্ত এলাকায় যাওয়া বিপদজনক হতে পারে। যে কোনও সময় নামতে পারে ধস। ফলে প্রাণহানির আশঙ্কা থেকেই যায়। তাই প্রশাসনের তরফ থেকে সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে।
Asansol,Barddhaman,West Bengal
West Bardhaman News: বিপদে রাশ টানতে কড়া প্রশাসন, খোলা মুখ খনিতে অবৈধ যাতায়াত রুখতে মাইকিং! না মানলে হতে পারে বড় বিপদ




Post Comment