সৌরভের বায়োপিকের অভিনেতা বাছাইয়ে ফের বড় চমক! দাদা স্নেহাশিসের ভূমিকায় থাকছেন…
- সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে রাজকুমার রাও প্রধান চরিত্রে অভিনয় করছেন।
- অপরাজিতা আঢ্য সৌরভের মায়ের এবং তান্যা মানিকতলা ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে থাকছেন।
- স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা রাহুল দেব বসু।
- ঋত্বিক, আয়ুষ্মান, রণবীর নন, চূড়ান্ত হন রাজকুমার রাও কেন্দ্রীয় চরিত্রের জন্য।
কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বায়োপিক কবে মুক্তি পাবে, তাঁর জীবন চরিত্রেই বা অভিনয় করছেন কে কে.. তা নিয়ে প্রত্যেকের আগ্রহ তো রয়েছেই। এই খবরে ইতিমধ্যেই সিলমোহর পড়েছে যে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে, রাজকুমার রাও (Rajkumar Rao)-কে। পাশাপাশি জানা গিয়েছে, এই ছবিতে দেখা মিলবে একাধিক বাঙালি অভিনেতা অভিনেত্রীদের ও। যেমন, এই সিনেমায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের মায়ের ভূমিকায় দেখা যাওয়ার কথা, অপরাজিতা আঢ্যকে। ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাওয়ার কথা, তান্যা মানিকতলাকে। আর এবার জানা গেল, সৌরভের দাদা, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের চরিত্রের অভিনেতার নাম।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদার ভূমিকায় বাঙালি অভিনেতা
এখনও পর্যন্ত এই খবরে অভিনেতার তরফে কোনও সিলমোহর না পড়লেও, জানা যাচ্ছে, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে অভিনেতা রাহুল দেব বসু (Rahul Dev Basu)-কে। ইতিমধ্যেই নাকি সিনেমার শ্যুটিং শুরু করে দিয়েছেন অভিনেতা। সূত্রের খবর, বিক্রমাদিত্য মোতোওয়ানে ও তাঁর দল নাকি এই চরিত্রের জন্য রাহুলকেই পছন্দ করেছিলেন। এর আগে ‘খাকি’-তে কাজ করেছেন রাহুল। এরপরে নতুন এই সিনেমায় দেখা যেতে চলেছে তাঁকে। রাহুলের প্রথমে লুক সেট হয়েছিল। সেটা চূড়ান্ত হতেই নাকি রাহুলকে শ্যুটিংয়ের জন্য ডাকা হয়েছে। শোনা গিয়েছে, মূলত রাজকুমার রাওয়ের সঙ্গেই নাকি শ্যুটিং করার কথা রাহুলের। ডোনার চরিত্রে অভিনয় করা অভিনেত্রী, তান্যার সঙ্গেও নাকি বেশ কয়েকটি দৃশ্য থাকতে পারে অভিনেতার। তবে তিনি এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খুলতে চাননি। এই ছবিতে দেখা যাওয়ার কথা বোম্যান ইরানিকেও।
সৌরভের চরিত্রে অভিনেতা বাছাই নিয়ে জল্পনা
শোনা গিয়েছিল, নিজের চরিত্রের জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রথম পছন্দ ছিলেন, ঋত্বিক রোশন। তবে চিত্রনাট্য চূড়ান্ত না হওয়ার কারণে, সেই কাজ নিয়ে ঋত্বিকের সঙ্গে চূড়ান্ত কথা হয়ে ওঠেনি। একাধিক অন্য অভিনেতার নাম ও শোনা গিয়েছিল। উঠে এসেছিল আয়ুষ্মান খুরানার নাম। চর্চা ছিল রণবীর কপূরকে নিয়েও। তবে শেষমেষ, রাজকুমার রাওয়ের নামই চূড়ান্ত হয়। শ্যুটিং শুরু করার আগে, কলকাতায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুটা সময় ও কাটিয়ে গিয়েছিলেন রাজকুমার। মুম্বই ছাড়াও কলকাতার একাধিক জায়গায় এই সিনেমার শ্যুটিং হওয়ার কথা।
আরও পড়ুন: Sumana Das: প্রশংসা আর সমালোচনা, চূড়ান্ত চর্চায় ছিলেন! দীর্ঘদিন পরে পর্দায় ফিরছেন ‘টুম্পা’



Post Comment