চিংড়িঘাটা মেট্রোর জট কাটছে অবশেষে, কবে থেকে কাজ শুরু?

চিংড়িঘাটা মেট্রোর জট কাটছে অবশেষে, কবে থেকে কাজ শুরু?

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : অবশেষে কাজ শুরু হতে চলেছে চিংড়িঘাটা মেট্রোর। আগামী শুক্রবার থেকে চিংড়িঘাটা অংশের মেট্রোর কাজ শুরু। ১৫ মে রাত ৮টা থেকে ১৮ মে সকাল ৮টা পর্যন্ত কাজ চলবে। ২২ মে রাত ৮টা থেকে ২৫ মে সকাল ৮টা পর্যন্ত দ্বিতীয় দফায় কাজ চলবে। প্রতিটি পর্যায়ে ৬০ ঘণ্টা করে ট্রাফিক নিয়ন্ত্রিত করা হবে। 

মাত্র ৩৬৬ মিটার কাজের জন্য বারবার কোর্টে যেতে হয়েছে। মেট্রোর সঙ্গে রাজ্য় সরকারের সংঘাত হয়েছে। কোর্ট দু পক্ষকে বসে নির্দেশ দিয়েছে সমস্য়া মিটিয়ে নেওয়ার, কারণ এই সামান্য় অংশের কাজ হয়ে গেলে, লক্ষ লক্ষ মানুষের উপকার হবে। কিন্তু, তাও হয়নি কাজ। বাধ সেধেছে রাজনীতি। অবশেষে সরকার বদলাতেই চিংড়িঘাটা মেট্রোর অবশিষ্ট কাজ শুরু হতে চলেছে। 

শুক্রবার থেকে শুরু চিংড়িহাটা মেট্রোর কাজ। নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। মেট্রোর পিলার তৈরি হয়ে গেছে অনেকদিন আগেই। বাকি শুধু গার্ডার বসানোর কাজ। এই অবস্থায় প্রায় দেড় বছর ধরে জটে আটকে ছিল নিউ গড়িয়া থেকে বিমানবন্দর অরেঞ্জ লাইনের মেট্রো প্রকল্পের কাজ। বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসতেই অগ্রাধিকারের ভিত্তিতে শুরু হচ্ছে চিংড়িঘাটা মেট্রোর কাজ। এর জন্য দু’দফায় যান নিয়ন্ত্রণ করা হবে। প্রথম দফায় ১৫ই মে রাত ৮ টা থেকে ১৮ই মে সকাল ৮ টা পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে চিংড়িঘাটায়। আর দ্বিতীয় দফায় ২২মে রাত ৮ টা থেকে ২৫শে মে সকাল ৮ টা পর্যন্ত নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। 

প্রথম দফায় যান নিয়ন্ত্রণ চলাকালীন বন্ধ রাখা হবে উল্টোডাঙাগামী বাইপাসের মূল রাস্তা। বদলে ব্যবহার করা হবে NX হোটেলের সামনে থেকে তৈরি হওয়া সমান্তরাল রাস্তা, যা কিছুদূর গিয়ে মিশছে চিংড়িঘাটা বাসস্ট্যান্ডের সামনে। বন্ধ রাখা হবে চিংড়িঘাটা থেকে নিক্কোপার্কের দিকে যাওয়ার একমুখী ফ্লাইওভারও। তবে এই পর্বে চিংড়িঘাটা হয়ে দক্ষিণ কলকাতাগামী বাইপাসের মূল রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে না। 

দ্বিতীয় দফায় যান নিয়ন্ত্রণ চলাকালীনও একইভাবে বন্ধ রাখা হবে উল্টোডাঙাগামী বাইপাসের মূল রাস্তা। সল্টলেক বা নিউটাউনের দিক থেকে আসা গাড়ি চিংড়িঘাটা মোড় থেকে শুধুমাত্র বাঁদিকে টার্ন নিতে পারবে। কিন্তু কোনও গাড়ি এখান থেকে ডানদিকে যেতে পারবে না। ডানদিকে যেতে হলে গাড়িগুলিকে মেট্রোপলিটন ক্রসিং থেকে ইউ টার্ন দিতে হবে। উল্টোডাঙার হাডকো মোড় থেকে বাইপাসের দিকে ঢুকতেই পারবে না কোনও পণ্যবাহী গাড়ি।

কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে ট্রেন ছুটবে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত। মোট যাত্রাপথ ৩০ কিলোমিটার। ইতিমধ্যে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো চলাচলও করছে। এবার চিংড়িঘাটা দিয়ে মেট্রোর চাকা গড়ানো শুধু সময়ের অপেক্ষা। 



Post Comment

You May Have Missed