WB Assembly Elections 2026: স্ট্রংরুমের ২০০ মিটারের মধ্যে জারি ১৬৩ ধারা, বৃহস্পতির ঘটনার পর বিক্ষোভ, জমায়েত নিষিদ্ধ কলকাতার ৭ জায়গায়
Last Updated:
WB Assembly Elections 2026: বৃহস্পতিবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সাত কেন্দ্রের স্ট্রং রুমে কমিশনের আধিকারিকরা ইভিএম খোলার চেষ্টা করছে এই অভিযোগে ও কারচুপির আশঙ্কায় সরব হন কুণাল ঘোষ ও শশী পাঁজা। ধর্নাতেও বসেন তারা। এই নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। রাতে আসেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ঘটনার ঘনঘটা! কারচুপির আশঙ্কায় বৃহস্পতিবার রাতে শাখাওয়াত মেমোরিয়ালে স্ট্রং রুম পরিদর্শনে যান খোদ মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলের অন্য দুই প্রার্থী কুণাল ঘোষ এবং শশী পাঁজা বৃহস্পতিবার সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটের বাইরে অবস্থানে বসেছিলেন৷ বৃহস্পতিবার রাতে স্ট্রং-রুমের বাইরে প্রায় চার ঘণ্টারও বেশি সময় বসেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শাখাওয়াত মেমোরিয়ালের বাইরেই বসেছিলেন মমতা৷ রাত ১২ টার পর গণনাকেন্দ্র ছাড়েন তিনি৷ তাঁর গাড়ি বেরোতেই ‘জয় বাংলা’ স্লোগান দেয় তৃণমূলকর্মী সমর্থকরা৷ পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা।
বৃহস্পতিবার রাতের ঘটনাবলির পর শহরের সাতটি জায়গায় স্ট্রংরুমের সামনে ১৬৩ ধারা জারি করে দিল কলকাতা পুলিশ। ওই সমস্ত জায়গায় বেআইনি জমায়েত করা বা বিক্ষোভ দেখানো যাবে না। পাঁচ জন বা তার বেশি মানুষের সমাগমকেই বেআইনি জমায়েত হিসাবে দেখা হবে। নির্দেশ অমান্য করলে আইন অনুযায়ী পদক্ষেপ করবে পুলিশ। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ বৃহস্পতিবারই এই নির্দেশ জারি করে দিয়েছেন। ইভিএম সংরক্ষিত স্ট্রংরুমগুলির নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতা পুলিশ ভারতীয় বিএনএসএস ২০২৩-এর ধারা ১৬৩ জারি করেছে। এই এলাকাগুলির মধ্যে রয়েছে শহিদ খুদিরাম বসু রোড, জাজেস কোর্ট রোড, যাদবপুর, ডায়মন্ড হারবার রোড, লর্ড সিনহা হল, নরেশ মিত্র সরণি (বেলতলা রোড) এবং প্রমথেশ বড়ুয়া সরণি। ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা লাগু ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে। কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দার স্বাক্ষরিত নির্দেশিকা টাঙানো রয়েছে কেন্দ্রের বাইরে।
কলকাতার সাতটি জায়গায় স্ট্রংরুম রয়েছে। সেগুলি হল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সাখাওয়াত মেমরিয়াল স্কুল, হেস্টিংস হাউস কমপ্লেক্স, যাদবপুরের এপিসি রায় পলিটেকনিক কলেজ, ডায়মন্ড হারবার রো়ডের সেন্ট টমাস বয়েজ় স্কুল, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল এবং বাবা সাহেব অম্বেডকর এডুকেশন ইউনিভার্সিটি। বৃহস্পতিবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সাত কেন্দ্রের স্ট্রং রুমে কমিশনের আধিকারিকরা ইভিএম খোলার চেষ্টা করছে এই অভিযোগে ও কারচুপির আশঙ্কায় সরব হন কুণাল ঘোষ ও শশী পাঁজা। ধর্নাতেও বসেন তারা। এই নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। যদিও তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডেকে তৃণমূলের অভিযোগ খারিজ করে দেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।’ সব ইভিএম সুরক্ষিত রয়েছে।’ বলে জানান তিনি।
Kolkata,West Bengal




Post Comment