নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত ! দ্বিতীয় দফার ভোটের আগে এবার কী জানাল তারা
রুমা পাল, কলকাতা : দ্বিতীয় দফায় ভোটের আগে নিরাপত্তা সুনিশ্চিত করতে আরও পুলিশ অফিসার নিয়োগ করল নির্বাচন কমিশন। প্রথম দফার নির্বাচনের দায়িত্বে থাকা ২৬ জন পুলিশ অফিসারকে নিয়োগ করা হয়েছে দ্বিতীয় দফার নির্বাচনেও। ব্যারাকপুরে নিয়ে আসা হল অতিরিক্ত ৪ জন পুলিশ অফিসারকে। অন্যদিকে, হাওড়া-কৃষ্ণনগরে ১ জন অতিরিক্ত পুলিশ অফিসারকে নিয়োগ করা হয়েছে বলে জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে। বারাসাত-বসিরহাট-বারুইপুরে অতিরিক্ত ২ জন পুলিশ অফিসারকে নিয়োগ করেছে কমিশন। পূর্ব বর্ধমান, চন্দননগর, হাওড়া গ্রামীণ, হাওড়া শহরে নিয়োগ করা হয়েছে অতিরিক্ত ২ জন পুলিশ অফিসার। এছাড়াও ডায়মন্ডহারবারে অতিরিক্ত ৩ জন পুলিশ অফিসারকে নিয়োগ করেছে কমিশন। আর সুন্দরবন ও বনগাঁয় অতিরিক্ত পুলিশ অফিসার নিয়োগ করেছে নির্বাচন কমিশন।
আগামীকালই রাজ্যে দ্বিতীয় দফার ভোট। ৭ জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ করা হবে ২৯ এপ্রিল বুধবার। তার আগেই বড় সিদ্ধান্ত নিল কমিশন। জানা গিয়েছে, ভোটের ময়দানে দ্বিতীয় দফায় মোট ২ হাজার ৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকতে চলেছে।
দ্বিতীয় দফার ভোটে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকতে চলেছে
শুধুমাত্র কলকাতার জন্য মোতায়েন থাকছে ২৭৩ কোম্পানি বাহিনী। বিধাননগর পুলিশ কমিশনারেটে থাকবে ৫০ কোম্পানি বাহিনী। ডায়মন্ড হারবার পুলিশ জেলায় দ্বিতীয় দফায় থাকবে ১৩৫ কোম্পানি। হাওড়া গ্রামীণ ও পুলিশ কমিশনারেট মিলিয়ে মোতায়েন থাকবে ২৫৭ কোম্পানি বাহিনী। দ্বিতীয় দফায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় থাকবে ১৬০ কোম্পানি বাহিনী। বারাসাত ও বনগাঁ পুলিশ জেলায় মোতায়েন থাকবে ১৭৪ কোম্পানি বাহিনী। বসিরহাট পুলিশ জেলায় থাকবে ১২৩ কোম্পানি বাহিনী। বারুইপুর পুলিশ জেলায় দ্বিতীয় দফায় থাকবে ১৬১ কোম্পানি বাহিনী। কৃষ্ণনগর ও রানাঘাট পুলিশ জেলায় থাকবে মোট ২৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সুন্দরবন পুলিশ জেলায় থাকবে ১১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। চন্দননগর পুলিশ কমিশনারেটে থাকবে ৮৩ কোম্পানি, হুগলি গ্রামীণে থাকবে ২৩৪ কোম্পানি বাহিনী। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে থাকবে ১৩ কোম্পানি, পূর্ব বর্ধমানে থাকবে ২৬০ কোম্পানি বাহিনী।
এছাড়াও দ্বিতীয় দফার ভোটের আগে কমিশনের নজর রয়েছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে। সেখানে ৫ জন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। এর পাশাপাশি সাসপেন্ড হওয়া অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করতে মুখ্যসচিবকে চিঠিও দিয়েছে নির্বাচন কমিশন।



Post Comment