Siliguri News: সেই ঝালমুড়ি দিয়েই মধ্যাহ্নভোজ! শিলিগুড়িতে ভোটের দিন হাল্কা মেজাজে তৃণমূল প্রার্থী গৌতম দেব
Last Updated:
শিলিগুড়িতে এবার বিদায়ী বিধায়ক শঙ্কর ঘোষের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে নেমেছেন মেয়র গৌতম দেব৷
ঋত্বিক ভট্টাচার্য, শিলিগুড়ি: রাজ্যে ভোট প্রচারে এসে ঝাড়গ্রামে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তার পর থেকেই বাংলার ভোট রাজনীতিতে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে ঝালমুড়ি৷
এবার ভোটের দিনই মধ্যাহ্নভোজে ঝালমুুড়ি খেলেন প্রার্থী৷ তবে বিজেপি-র নয়, বুথে বুথে ঘোরার ফাঁকে ঝালমুড়ি খেলেন শিলিগুড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেব৷
ভোটের লড়াই মানেই চাপ, উদ্বেগ আর অনিশ্চয়তা—তবুও তার মধ্যেই বেশ স্বস্তি ও আত্মবিশ্বাসের ছাপ দেখা গেল শিলিগুড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেবের মধ্যে। নির্বাচনের দিন সকাল থেকে ব্যস্ত সূচি থাকলেও সারাদিন তিনি ছিলেন সক্রিয় এবং কর্মী-সমর্থকদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেই কাটান দিনটি।
দিনের শুরুতেই ধর্মীয় আচার মেনে মন্দিরে পুজো দেন তিনি। এরপর নিজের নির্ধারিত ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি শান্তিপূর্ণ ভোটের পক্ষে সওয়াল করেন এবং সাধারণ মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। এরপরই শুরু হয় তাঁর বুথ পরিদর্শন পর্ব।
একের পর এক বুথে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন গৌতম দেব। কোথাও কোনও সমস্যা বা বিশৃঙ্খলা হচ্ছে কি না, তা জানতে স্থানীয় কর্মী ও ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন। বিভিন্ন এলাকায় ঘুরে তিনি ভোটারদের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন, যা অনেকের কাছেই ইতিবাচক বার্তা দেয়।দুপুরে ব্যস্ততার মাঝেই কিছুটা সময় বের করে শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডে দলের কর্মীদের সঙ্গে বসে ঝালমুড়ি, রুটি খেতে দেখা যায় তাঁকে।
খাওয়ার ফাঁকেই সাধারণ মানুষের সঙ্গে কথোপকথনে মেতে ওঠেন তিনি, তাদের মতামত ও অভিজ্ঞতা জানার চেষ্টা করেন। ভোটের দিন জুড়ে তার এই স্বাভাবিক ও সহজ ব্যবহার কর্মী-সমর্থকদের মনোবল বাড়িয়েছে বলে মনে করছেন অনেকেই। চাপের মধ্যেও সংযত ও ইতিবাচক মনোভাব ধরে রেখে গোটা পরিস্থিতি সামাল দিতে দেখা গিয়েছে তাকে। সব মিলিয়ে, নির্বাচনের উত্তেজনাপূর্ণ পরিবেশের মাঝেও মানবিক ও মাটির কাছাকাছি ভাবমূর্তি তুলে ধরলেন গৌতম দেব, যা ভোটের লড়াইয়ে এক আলাদা মাত্রা যোগ করেছে।
Kolkata,West Bengal



Post Comment