‘সাহস ও আগ্রহ – জীবনের দুই ভিটামিন’, তরুণ তুর্কিদের সম্মান জানালেন তারুণ্যের গুণগ্রাহী শাহরুখ
২৭ ফেব্রুয়ারি শুক্রবার মুম্বইতে (Mumbai) শুরু হল এবিপি নেটওয়ার্কের আইডিয়াজ় অব ইন্ডিয়া সম্মেলন ২০২৬ (Ideas of India Summit 2026)। ২৭ ও ২৮ ফেব্রুয়ারি, দু’দিন ধরে চলবে এই অনুষ্ঠান। এতে অংশ নেবেন বিভিন্ন আঙিনায় দৃষ্টান্ত সৃষ্টি করেছেন এমন বিশিষ্ট ব্যক্তিরা। শনিবার এই সম্মেলনের সূচনা করেন এবিপি নেটওয়ার্কের চিফ এডিটর অতিদেব সরকার। প্রদীপ জ্বালিয়ে এই শুভ অনুষ্ঠানের সূচনা করেন তিনি। শনিবার সন্ধেতে এই সম্মেলন আলো করে উপস্থিত ছিলেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান (Shah Rukh Khan)।
এবিপি নেটওয়ার্কের আইডিয়াজ় অব ইন্ডিয়া সম্মেলন ২০২৬ এর মঞ্চে উঠেই সরকার পরিবারকে ধন্যবাদ জানান শাহরুখ খান। মাইক হাতে কিং খান বলেন, “রোজকার জীবনে আমাদের সকলেরই বুস্ট-এর প্রয়োজন হয়। আমি মনে করি, রোজ ভালো থাকার জন্য যেমন ভিটামিনের প্রয়োজন হয়, তেমনই জীবনে এগিয়ে চলার জন্য দুটি ভিটামিন খুব প্রয়োজন – সাহস এবং আগ্রহ।” তিনি মনে করেন, তারুণ্য দৃঢ় সংকল্প, সাহস এবং অদম্য উৎসাহের প্রতীক।
আইডিয়াজ় অফ ইন্ডিয়া সামিটের মঞ্চে হাই জাম্পার প্রবীণ কুমার (Praveen Kumar) এবং প্যারালিম্পিক স্বর্ণপদক বিজয়ী শ্যুটার অবনী লেখারাকে (Avani Lekhara) সম্মান জানান বলিউড সুপারস্টার শাহরুখ খান। এদিন, অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের (Under 19 World Cup) বিজয়ী দলের সদস্যরাও উপস্থিত ছিলেন। তাঁদের ভূয়সী প্রশংসা করেন শাহরুখ। তাঁদের একাগ্রতা, অধ্যাবসায় এবং তাঁদের বাবা-মায়ের অক্লান্ত পরিশ্রম ও আত্মত্যাগের মতো বিষয়গুলিও স্থান পেয়েছে কিং খানের বক্তব্যে। শাহরুখ খান বলেন, “আজ এই মঞ্চে যখন তাঁরা পা রাখবেন, তখন আপনাদের করতালি যেন শুধু তাঁদের উৎসাহ দেওয়ার জন্য না হয় বরং তা যেন ধন্যবাদ জানানোর জন্য হয়। কারণ আজ যখন আমরা প্রত্যেকে এই মঞ্চ ছাড়ব, তখন আমরা সাহস, উৎসাহ এবং ত্যাগের শিক্ষা নিয়ে বাড়ি ফিরব – যা আমাদের মানুষ হিসেবে আরও ভালো করে গড়ে তুলবে।” তিনি আরও বলেন, “সাহস, উৎসাহ এবং ত্যাগ কেবল চ্যাম্পিয়নদের গুণাবলী নয়, এগুলি আমাদের সকলের জন্য শিক্ষা”।
আজ, এবিপি নেটওয়ার্কের আইডিয়াজ় অব ইন্ডিয়া সম্মেলন ২০২৬ এর মঞ্চে একফ্রেমে দেখা গেল শাহরুখ খান ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকে (Devendra Fadnavis)। একে একে নিজ নিজ ক্ষেত্রে প্রতিভ ‘চ্যাম্পিয়ন’-দের সম্মান জানান তাঁরা।



Post Comment