আমি রাজনীতি করি, কিন্তু দল কোনও দিন আমার সিনেমার বিষয় ঠিক করে দেয় না: রাজ
কলকাতা: ২০২৬ মানেই ভোটের হাওয়া পশ্চিমবঙ্গ জুড়ে। এই বছর থেকেই যেন শুরু হয়ে গিয়েছে সেই প্রস্তুতি। যে বছরে পশ্চিমবঙ্গ জুড়ে বিধানসভা নির্বাচন, সেই বছরই আদ্যোপান্ত একটি ‘রাজনৈতিক’ ছবি নিয়ে আসছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। আজই ঘোষণা করা হয়েছে তাঁর নতুন সিনেমা , ‘হোক কলরব’ (Hok Kolorob)-এর। ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। প্রযোজনায় শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)।
‘হোক কলরব’ মানেই পশ্চিমবঙ্গবাসীর মনে পড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের কথা। প্রথম ‘হোক কলরব’ রব উঠেছিল যাদবপুরের ক্যাম্পাস থেকেই। রাজের ছবিতেও কি থাকবে যাদবপুরের বিভিন্ন রাজনৈতিক ছায়া? রাজ বলছেন, ‘একেবারেই নয়। ‘কলরব’ কথাটাকেই এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে। গোটা ছবিটাই ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে। ছাত্ররা জীবনের এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে থাকে, যে সময়ে তারা কখনও হিরো হয়ে যেতে পারে, আবার কখনও ভুল পথেও চলে যেতে পারে। সবচেয়ে বেশি চঞ্চল থাকে তারা। সেই ছাত্র আন্দোলনের বিভিন্ন ঘটনাবলী নিয়েই এই সিনেমা। এখানে যাদবপুর বা অন্য কোনও বিশ্ববিদ্যালয়ের কোনও ঘটনাই হুবহু তুলে ধরা হবে না।’
পরিচালনার পাশাপাশি, রাজ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও। কখনও সিনেমা বানাতে গিয়ে দলের মতাদর্শের সঙ্গে বিরোধ হয়? রাজের স্পষ্ট উত্তর, ‘কখনও না। আমার দল কখনও আমার পরিচালনার কাজে হস্তক্ষেপ করে না। দল কখনও আমার সিনেমার বিষয়বস্তু ঠিক করে দেয় না। আমি প্রথমে একজন পরিচালক, তারপরে রাজনৈতিক ব্যক্তিত্ব। আমি যখন রাজনীতির ময়দানে থাকি, তখন দলের মতাদর্শের কথা বলি। কিন্তু যখন সিনেমার সেটে ঢুকি, নিজের দলের মতাদর্শ বাইরে রেখেই ঢুকি। তবে হ্যাঁ, অরাজনৈতিক সিনেমা বানাচ্ছি বললে ভুল হবে। আমার মনে হয়, গল্প বলার জন্য ও একটা রাজনীতি দরকার। সংসার করার জন্য ও রাজনীতি দরকার। সমাজে থাকতে গেলেও রাজনীতি দরকার। তবে হ্যাঁ, আমি সিনেমার মধ্যে দিয়ে বিশেষ কোনও দলের কথা, মতাদর্শ প্রচার করতে চাইছি, এটা কিন্তু একেবারেই নয়।’
২০২৬ সালে নির্বাচন, আর ২০২৬ সালেই মুক্তি পাওয়ার কথা ‘হোক কলরব’। এটা কী কাকতালীয়? রাজ হেসে বললেন, ‘সিনেমার নাম শুনেই গুঞ্জন তৈরি হয়েছে। ‘হোক কলরব’ মানে অনেকেই ভাবছেন, আমি বোধহয় সিপিএমের কথা বলব। কেউ বলছেন, আমি তৃণমূলের কথা বলব, কেউ ভাবছেন, আমি বিজেপির কথা বলব….আমি এখনই গল্পটা ভাঙতে চাই না। তবে এটুকুই বলতে পারি, দলের মতাদর্শ আমার সিনেমা পরিচালনায় কোনও প্রভাব ফেলে না। আমার মনে হয়, আমার রাজনৈতিক সত্তা আর শিল্পী সত্তাকে মানুষ আলাদাভাবে দেখলেই ভাল।’



Post Comment