সিএবি প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন, ঘোষণা সৌরভের, কী আলোচনা হল অ্যাপেক্স কাউন্সিলের সভায়?

সিএবি প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন, ঘোষণা সৌরভের, কী আলোচনা হল অ্যাপেক্স কাউন্সিলের সভায়?

কলকাতা: ফের ক্রিকেট প্রশাসনে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)? এমনই ইঙ্গিত দিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক স্বয়ং। জানিয়ে দিলেন, তিনি সিএবি-র আসন্ন বার্ষিক সাধারণ সভায় প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা করবেন।

মঙ্গলবার সিএবি-র অ্যাপেক্স কাউন্সিলের (CAB Apex Council) জরুরি বৈঠক ছিল। সেই বৈঠকের শেষে সিএবি-তে যান সৌরভ। সেখানে সাংবাদিকদের প্রশ্নে সৌরভ জানান, তিনি সিএবি প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন। তিনি বলেন, ‘আমি এবার সিএবি প্রেসিডেন্ট পদে দাঁড়াব।’

যদিও ২০২২ সালেও সিএবি-র বার্ষিক সাধারণ সভার আগে সৌরভ জানিয়েছিলেন যে, তিনি সিএবি প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন। তারপর তিনি দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে জায়গা ছেড়ে দেন। স্নেহাশিস সিএবি প্রেসিডেন্ট হয়েছিলেন। এবার সৌরভ ফের ঘোষণা করলেন, তিনি সিএবি-র মসনদে বসতে আগ্রহী।

মঙ্গলবার সিএবি-র অ্যাপেক্স কাউন্সিলের জরুরি সভা ছিল। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সম্প্রতি বাংলা ক্রিকেটের যে সমস্ত বিতর্ক সামনে এসেছিল, তা নিয়ে আলোচনা হয় সদস্যদের। সিএবি কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তীর বিরুদ্ধে স্বার্থের সংঘাতে জড়িয়ে পড়া ও আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। যে অভিযোগ যায় ওম্বাডসম্যানের কাছে। ওম্বাডসম্যান সেটি আবার অ্যাপেক্স কাউন্সিলে পাঠান। মঙ্গলবার সন্ধ্যার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রবীর চক্রবর্তীর বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে উয়াড়ি ক্লাব, ওম্বাডসম্যান তা খতিয়ে দেখবেন। আর আর্থিক অনিয়মের যে অভিযোগ উঠেছে, প্রবীর চক্রবর্তীকে তা নিয়ে ইউটিলাইজ়েশন সার্টিফিকেট (UC) জমা দিতে হবে সিএবি-তে। দেখাতে হবে, তিনি টাকা কোন খাতে কীভাবে খরচ করেছেন। একইভাবে এরিয়ান ক্লাবকেও ইউসি জমা দিতে বলা হয়েছে। তবে প্রবীরের বিরুদ্ধে যে আইনি পদক্ষেপ করেছেন উয়াড়ি ক্লাবের কয়েকজন সদস্য, বিচারাধীন সেই ব্যাপারে সিএবি হস্তক্ষেপ করবে না বলেই খবর।

সিএবি-র যুগ্মসচিব দেবব্রত দাসের বিরুদ্ধে সিএবি-কে টিকিটের দাম না মেটানো, ইস্টবেঙ্গল ও টাউন ক্লাবের টুর্নামেন্টের অংশগ্রহণের টাকা বকেয়া রাখা সহ একাধিক অভিযোগ উঠেছিল। দেবব্রত টিকিটের দাম বাবদ আগেই কিছু টাকা জমা করেছিলেন সিএবি-তে। মঙ্গলবার অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে টিকিটের বাকি টাকাও ১৫ দিনের মধ্যে দিয়ে দিতে বলা হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অন্য অভিযোগ ও ইস্টবেঙ্গল বা টাউন ক্লাবের বকেয়া টাকা নিয়ে আলোচনা হয়নি বলেই খবর।

অ্যাপেক্স কাউন্সিলের সদস্য মহাদেব চক্রবর্তীর বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ উঠেছিল। কলকাতা পুলিশে কর্মরত হয়েও সিএবি-র অ্যাপেক্স কাউন্সিলের সদস্য হয়েছেন মহাদেব, সেই অভিযোগ উঠেছিল। মঙ্গলবারের বৈঠকে সেই অভিযোগ খারিজ হয়ে যায়। বলা হয়, মহাদেব অবসর নিয়েছেন এবং আপাতত তিনি কলকাতা পুলিশে চুক্তিভিত্তিক হিসাবে রয়েছেন। তাই অভিযোগ খাটে না।

সিএবি-র কমিটি মেম্বার অম্বরীশ মিত্রর বিরুদ্ধে দলে সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ করেছিলেন এক আইনজীবী। যা নিয়ে শোরগোল পড়ে যায়। অভিযোগ ওঠে, হাই কোর্ট ক্লাবের দল তৈরি করে দেবেন বলেও টাকা নিয়েছেন অম্বরীশ। তবে মঙ্গলবারের বৈঠকে জানানো হয়, সেই আইনজীবী অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানান, তিনি সব পক্ষকে ডেকে কথা বলে বিষয়টি মিটমাট করে নেবেন। তবে রেল বা ভিজিলেন্সের তরফে কোনও তদন্ত করা হবে কি না, এখনও নিশ্চিত নয়।

ইস্টবেঙ্গল বনাম ভবানীপুর লিগ ফাইনালে আচরণবিধি ভাঙার দায়ে যে ক্রিকেটারদের শাস্তি দেওয়া হবে বলে ঠিক হয়েছিল, তাঁদের পরের মরশুমে লিগের নির্দিষ্ট সংখ্যক ম্যাচ থেকে নির্বাসিত করা হবে বলে আলোচনা হয় বৈঠকে। সেই সঙ্গে প্রাক্তন মহিলা ক্রিকেটার কেয়া রায় ভারতীয় দলের হয়ে কখনও খেলেননি বলে তিনি প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার হিসাবে আর বিবেচিত হবেন না বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়।

৩০ অগাস্ট সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে অতিথি হয়ে আসার জন্য যুবরাজ সিংহ, জাহির খান ও হরভজন সিংহকে আমন্ত্রণ জানানো হচ্ছে। জীবনকৃতি সম্মান দেওয়া হবে অরূপ ভট্টাচার্য ও শ্যামা সাউকে। বর্ষসেরা ক্রিকেটার হচ্ছেন সুদীপ কুমার ঘরামি ও তনুশ্রী সরকার।

Post Comment

You May Have Missed