দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো
কলকাতা: দীপাবলিতে নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন? উৎসবের মরশুমে বিভিন্ন গাড়ি সংস্থার তরফে আকর্ষণীয় ছাড়, বিশেষ ফাইন্যান্স স্কিম এবং একাধিক অফার দেওয়া হয়। ফলে এই সময়ে গাড়ি কেনার প্রবণতাও বাড়ে। তবে নতুন গাড়ি কেনার আগে অধিকাংশ ক্রেতাই ডাউন পেমেন্ট এবং মাসিক EMI-এর হিসাব করেন। কিন্তু গাড়ি কেনার পরেও বেশ কয়েকটি খরচ নিয়মিত বহন করতে হয়। যেমন, ১২ লক্ষ টাকার একটি SUV কিনলে EMI-এর পাশাপাশি আরও বেশ কিছু খরচের বিষয় মাথায় রাখা জরুরি।
আরও পড়ুন: FD-তে সুদের হার বাড়াল এই ব্যাঙ্ক, প্রবীণ নাগরিকরা পাবেন সর্বোচ্চ ৭.২০ শতাংশ সুদ
অফিস যাতায়াত, সপ্তাহান্তে ঘুরতে যাওয়া কিংবা দৈনন্দিন প্রয়োজনে গাড়ি ব্যবহার করলে পেট্রল বা ডিজেলের খরচ বাড়বে। গাড়ির মাইলেজ এবং প্রতিদিন কতটা পথ যাতায়াত করছেন, তার উপর এই খরচ নির্ভর করবে।
নতুন গাড়ির অন-রোড প্রাইসের মধ্যে প্রথম বছরের বিমার খরচ অন্তর্ভুক্ত থাকে। কিন্তু পরবর্তীকালে বিমা রিনিউ করার জন্য আলাদা টাকা খরচ করতে হবে। গাড়ির ধরন ও বিমার কভারেজ অনুযায়ী প্রিমিয়ামের পরিমাণ বদলায়। নতুন গাড়ির ক্ষেত্রে বিনামূল্যে সার্ভিসিংয়ের সুবিধা থাকলেও সব পরিষেবা বিনামূল্যে পাওয়া যায় না। ইঞ্জিন অয়েল, হুইল অ্যালাইনমেন্ট, ব্যালান্সিং এবং বিভিন্ন যন্ত্রাংশের জন্য অতিরিক্ত খরচ হতে পারে।
আরও পড়ুন: পুরোনো স্বাস্থ্য বিমা বদলাতে চাইছেন? সস্তার বিমা কেনার আগে জেনে নিন এই নিয়ম
বাড়ি বা অফিসে নির্দিষ্ট পার্কিংয়ের জায়গা না থাকলে গাড়ি রাখার জন্য ভাড়া দিতে হতে পারে। পাশাপাশি হাইওয়ের টোল এবং বিভিন্ন জায়গায় পার্কিং চার্জও রয়েছে। টায়ার পাংচার, ব্যাটারি খারাপ হওয়া কিংবা গাড়ির কোনও অংশ ক্ষতিগ্রস্ত হলে হঠাৎ খরচ বাড়তে পারে। নির্দিষ্ট সময় পর টায়ার বদলানোর প্রয়োজনও হয়। তাই নতুন গাড়ি কেনার আগে শুধু EMI নয়, গাড়ির সামগ্রিক রক্ষণাবেক্ষণ ও ব্যবহারের খরচও হিসাব করা জরুরি। এতে ভবিষ্যতে আর্থিক চাপ এড়ানো সম্ভব।
Post Comment