Tapas Roy On Sudip Banerjee: “আমার ভারী বয়েই গেছে..”, সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় সম্পর্কে ফের মুখ খুললেন তাপস রায়
কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, সৌমিত্র রায়, কলকাতা: পুরভোটে বিজেপির সঙ্গে জোট করতে মরিয়া NCPI-এর সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়-কাকলি ঘোষ দস্তিদাররা। কিন্তু NCPI-কে নিয়ে বিজেপির অন্দরে ক্ষোভ ক্রমশই বাড়ছে। সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় সম্পর্কে ফের মুখ খুললেন তাপস রায়। ক্ষোভ উগরে দিলেন আরেক বিজেপি বিধায়ক রীতেশ তিওয়ারিও।
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট…সাক্ষাৎ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক, নবান্ন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক।লক্ষ্মী পুজোতে শুভেন্দু অধিকারীর বাড়িতে যাওয়া। গত কয়েক মাসে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে NDA-এর শরিক NCPI-এর সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এমনই নানা ছবি সামনে এসেছে। পুরভোটে বিজেপির সঙ্গে জোট করতে মরিয়া সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়-কাকলি ঘোষ দস্তিদাররা। (বিদ্রোহী তৃণমূল সাংসদ) NCPI সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, কোনও দাবি নেই। মুখ্যমন্ত্রী যতটা দেবেন ততটাই নেব। কিন্তু, পুরভোটে সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়দের কি আসন ছাড়বে বিজেপি? সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে শিল্পমন্ত্রী তাপস রায়ের সম্পর্ক কি বদলেছে বা বদলাবে?
তাপস রায়, শিল্পমন্ত্রী ও বিজেপি বিধায়ক: ভারতীয় জনতা পার্টির অবস্থান আমার অবস্থান। কে কোথায় কী বলছে, কী করছে, আমার সেই সময় আছে।
এবিপি আনন্দ : ব্যক্তিগতভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার সম্পর্ক ভাল হবে?
তাপস রায়, শিল্পমন্ত্রী ও বিজেপি বিধায়ক : না, আমি চাই না। সেই জন্য হবে না। অন্য কিছু না। সব মানুষের সঙ্গে সম্পর্ক গড়তে হবে এমন কোনও মানে আছে নাকি? বাধ্যবাধকতা আছে কি?
তৃণমূলে থাকাকালীনও, তাপস রায়ের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিবাদ তুঙ্গে ছিল। এখন একজন বিজেপিতে, অপরজন বিজেপিরই শরিক। বিবাদ বেড়েছে বই কমেনি। সম্প্রতি শিল্পমন্ত্রী ও পুরভোটের আহ্বায়ক তাপস রায় বলেছিলেন, কে? আমি ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু। ও যা করেছে আমার সঙ্গে, যে অসভ্য়তা, যে নোংরামো, যে ছোটলোকামি, আমি ভুলে যাব? পুরভোটে বিজেপির সঙ্গে সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়দের জোট হবে কি হবে না, তা নিয়ে জল্পনার মধ্য়েই ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেছেন তাপস রায়।
এবিপি আনন্দ : কোনও অভিযোগ রয়েছে আপনার বিরুদ্ধে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তরফে?
তাপস রায়, শিল্পমন্ত্রী ও বিজেপি বিধায়ক : শুনি নাকি সাংবাদিকদের মুখে, ও আমাদের দলের অনেকের কাছে, ও নাকি আমার বিরুদ্ধে বহু জায়গায় অভিযোগ জানিয়েছে। তাতে আমার ভারী বয়েই গেছে। তবে একটা কথা। আমি যা বলে এসেছি ধারাবাহিক থেকে, আমি কি কোনওটা বলেছি, যে ঠিক বলিনি? বা উইথড্র করেছি কি?
কাশীপুর-বেলগাছিয়া বিজেপি বিধায়ক রীতেশ তিওয়ারি বলেন, আমি সুদীপবাবুর কোনও বক্তব্যের উপরে কোনও প্রতিক্রিয়া দেব না। উনি কোথায় বলছেন, কার সঙ্গে দেখা করছেন, সেটা উনি বলতে পারবেন। বা ওঁর সঙ্গে বাকিরা বলবে। আমার নেতা শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য। কে কোথায় কী বলল, তার উত্তর তো আমি দিতে পারব না। আমার কোনও ব্যক্তিগত অবস্থান নেই। দলের অবস্থান, আমার অবস্থান।’ NDA-এর শরিকি বিবাদ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি মমতা তৃণমূল কংগ্রেস। পুরভোট আর বেশি দেরি নেই।বিবাদ কি এভাবেই চলবে?
Sukanta Majumdar: “নরেন্দ্র মোদিজি এসেছেন, চুরির দোকানে তালা পড়বে”, কোন প্রসঙ্গে বললেন সুকান্ত?| ABP
Post Comment