CM Suvendu Adhikari: মিছিল থেকে বিরোধীদের নিশানা শুভেন্দুর, ‘আগামী ভোটে কলকাতা-হাওড়ায় সুপরা সাফ করে দেব’
Last Updated:
CM Suvendu Adhikari: ‘অনুপ্রবেশকারী হটাও’, কলকাতার রাজপথে বিজেপির মিছিল থেকে বিরোধীদের কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর।
কলকাতা: জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীদের লাগাতার আন্দোলনের পালটা কর্মসূচি নিয়ে পথে নামল বিজেপি। ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ স্লোগানকে সামনে রেখে সোমবার কলকাতায় মিছিল করল গেরুয়া শিবির। সেই মিছিল থেকেই বিরোধীদের নিশানা করে কড়া ভাষায় আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুপ্রবেশকারী ও দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি আগামী কলকাতা ও হাওড়ার ভোটে বিরোধীদের উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
সোমবার কলেজ স্ট্রিট থেকে শুরু হয় বিজেপির এই মিছিল। গন্তব্য ধর্মতলা। মিছিলে নেতৃত্ব দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। তাঁর সঙ্গে মিছিলের প্রথম সারিতে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিন নেতার কাঁধেই ছিল জাতীয় পতাকা।
বিরোধীদের আক্রমণ করে শুভেন্দু বলেন, দেশ থেকে অনুপ্রবেশকারী ও অরাজকতার সঙ্গে যুক্ত শক্তিগুলিকে সরাতে হবে। তাঁর বক্তব্য, আগামী দিনে কলকাতা ও হাওড়ার নির্বাচনে বিরোধীদের রাজনৈতিকভাবে জবাব দেবে বিজেপি। বিরোধীদের বিরুদ্ধে আরও কড়া ভাষায় আক্রমণ শানিয়ে তিনি দলীয় কর্মী-সমর্থকদের সতর্ক থাকার বার্তাও দেন। বলেন, ‘সামনের দিনে কলকাতা হাওড়া ভোটে এদের সুপরা সাফ করে সঠিক জবাব দেব’।

উল্লেখ্য, জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে একের পর এক কর্মসূচি পালন করছে বিরোধী শিবির। রাস্তায় নেমেছে ককরোচ জনতা পার্টিও। এই আন্দোলনের পালটা হিসেবে বিজেপিও দেশজুড়ে ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচির ডাক দিয়েছে। দেশের একাধিক শহরে এই কর্মসূচি পালিত হচ্ছে। কলকাতার পাশাপাশি সোমবার হায়দরাবাদেও একই কর্মসূচিতে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেও জাতীয় পতাকা কাঁধে নিয়ে মিছিলে হাঁটতে দেখা যায় তাঁকে।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী

Post Comment