‘মুখ্যমন্ত্রীর সন্তান হওয়া চাপ ছিল…, রাস্তাঘাটে…’, কোন ‘চাপের’ কথা স্বীকার করে নিলেন সুচেতন ভট্টাচার্য?
Last Updated:
Suchetan Bhattyacharya EXCLUSIVE: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান সুচেতন ভট্টাচার্য নিউজ18 বাংলার মুখোমুখি। এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে অকপটে জানালেন, সিপিআইএম এরও একটা বিশেষ মানসিকতা আছে। কোন ‘মানসিকতার’ কথা স্বীকার করে নিলেন সুচেতন ভট্টাচার্য?
কলকাতা: মুখ্যমন্ত্রীর সন্তান হিসেবে কী অভিজ্ঞতা তাঁর? একান্ত সাক্ষাৎকারে সিপিআইএম-এর ‘নেপোটিজম’ নিয়ে বিস্ফোরক দাবি তুললেন সুচেতন ভট্টাচার্য। স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রীর সন্তান হওয়া চাপ ছিল। আর সেই ‘চাপ’ এখনও রয়েছে। শনিবার নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান সুচেতন ভট্টাচার্য অকপটে স্বীকার করে নেন ‘বুদ্ধবাবুর ছেলে’ হিসেবে কী কী অভিজ্ঞতা তাঁর।
নিউজ 18 বাংলাকে একান্ত সাক্ষাৎকারে সুচেতন ভট্টাচার্য বলেন, “এখনও চাপটা নিতে হয়। রাস্তাঘাটে বাবার বিরুদ্ধে নানা কথা বলে উত্যক্ত করা হয়। আর আমি প্রতিক্রিয়া দিয়ে ফেলি। অনেক ক্ষেত্রে আমি প্রতিক্রিয়া দিয়ে ফেলেছি।”
বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান হিসেবে তাঁর সহজাত ব্যক্তিত্বকেও চাপের সম্মুখীন হতে হয়েছে বার বার। এমনই অভিযোগ তুলে সুচেতন ভট্টাচার্য প্রশ্ন তোলেন, বুদ্ধবাবুর ছেলে বলেই কেন CPIM-এর গঠনতন্ত্রের হতেই হবে? তাঁর কথায়, “নো, আই অ্যাম ভেরি ইন্ডিভিজুয়ালিস্ট’ অর্থাৎ “আমি অত্যন্ত ব্যক্তি স্বাতন্ত্রে বিশ্বাসী।”
একইসঙ্গে সুচেতন জানান, “আমি CPIM-কে ভোট দিই, তবে আমি স্বতন্ত্র।” আগামী দিনে বামপন্থা উঠে আসবে কিনা এ নিয়ে মন্তব্য না করলেও বামেদের উদ্দেশ্যে তাঁর পরামর্শ, “বামেদের বলব, শুধু সোশাল মিডিয়ায় বিপ্লব হয় না।”
নিউজ18 বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সুচেতন ভট্টাচার্য আরও জানান, ‘‘ভোট হিংসায় নিহতদের পরিবারকে চাকরির সিদ্ধান্তে সাধুবাদ ৷ দল-মত নির্বিশেষে সরকার চাকরি দিলে সাধুবাদ ৷ সরকার রাজধর্ম পালন করলে সাধুবাদ জানাব ৷ বাবা শিল্প আনতে চেয়েছিলেন ৷ বাবা নিজের দল থেকে আঘাত পেয়েছিলেন ৷ তবে বাবার মেরুদণ্ড সোজা ছিল ৷ হার স্বীকার করেছিলেন ৷ সিঙ্গুরে শিল্পায়ন হলে বাবা খুশি হতেন ৷ নতুন সরকার শিল্প আনলে সাধুবাদ জানাব ৷ পশ্চিমবঙ্গ ৫০ বছর পিছিয়ে গিয়েছে বলে মনে হয় ৷ দল-মত নির্বিশেষে চাকরি দেওয়াকে সাধুবাদ ৷ পশ্চিমবঙ্গে শিল্পায়ন হলে আমি খুশি হব ৷ মুখ্যমন্ত্রীকে বলব পশ্চিমবঙ্গ এগিয়ে যাক ৷ শিক্ষা-স্বাস্থ্য-সংস্কৃতি-শিল্পে এগিয়ে যাক ৷”

Post Comment