‘ছোট ভাই মনে করে…’, প্রকাশ্যে ক্ষমা চাইলেন অভিজিৎ দীপকে ; কার কাছে ?
নয়াদিল্লি : গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ-এর কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে দিল্লিতে হওয়া ছাত্র আন্দোলনের সময় দিলজিৎ কোনও মন্তব্য না করায়, তাঁকে উপহাস করার জন্য তিনি ক্ষমা চেয়েছেন। শুক্রবার সন্ধেয় দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে দিলজিৎ দোসাঞ্জ এই বিষয়টি নিয়ে কথা বলার পরই তিনি ক্ষমা চাইলেন। দীপকে বা সিজেপি (CJP)-র নাম উল্লেখ না করেই দোসাঞ্জ বলেন যে, পাঞ্জাবিদের লড়াই করতে শেখানো কারোরই উচিত নয়। পাশাপাশি তিনি মঞ্চে তাঁর ‘সতলুজ’ সিনেমাকে নিয়ে উপহাস করার বিষয়টিও তুলে ধরেন। এই পরিস্থিতিতে ইনস্টাগ্রামে দোসাঞ্জকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান দীপকে। CJP-র প্রতিষ্ঠাতা উল্লেখ করেন, তিনি দোসাঞ্জের ‘ছোট ভাইয়ের’ মতো।
দিলজিৎ দোসাঞ্জ কী বলেছিলেন ?
অনুষ্ঠান চলাকালীন দিলজিৎ সেই সমালোচনার প্রসঙ্গ উত্থাপন করেন। যার সম্মুখীন তিনি হয়েছিলেন নিট প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিক্ষোভ নিয়ে এক ভক্তের প্রশ্নের উত্তরে “আমি কেবল একজন শিল্পী” বলে মন্তব্য করার পর। তাঁর এই প্রতিক্রিয়া সমালোচনার জন্ম দেয়। অভিজিৎ দীপকে গায়কের বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগ তোলেন। তাঁর যুক্তি ছিল, ‘সতলুজ’-এর মতো রাজনৈতিক প্রেক্ষাপটযুক্ত চলচ্চিত্রে অভিনয় করা সত্ত্বেও দিলজিৎ শিক্ষার্থীদের এই বিক্ষোভকে সমর্থন করেননি।
কোনও রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে দিলজিৎ উপস্থিত জনতাকে বললেন, “আমি আপনাদের সবাইকে ভালবাসি, কারণ আমি একজন শিল্পী, ভাই। আমি চুপ আছি, আমাকে চুপই থাকতে দিন। আমি আপনাদের সবার পাশে আছি। তবে পাঞ্জাবিদের লড়াই করতে শেখাবেন না।” তিনি আরও বলেন, “আপনারা মঞ্চে যে সিনেমাটি নিয়ে উপহাস করছেন-যশবন্ত সিং খালড়াকে নিয়ে তৈরি সেই সিনেমাটির জন্য আমরা দীর্ঘ সময় লড়াই করেছি। আমি আপনাদের সবাইকে ভালবাসি। কেউ যদি আমাদের ঘৃণা করে, তবে তা-ও ঠিক আছে। কিন্তু আমি আপনাদের সবাইকে ভালবাসি।”
কী লিখলেন অভিজিৎ দীপকে ?
এরপরই ইনস্টাগ্রামে দীপকে লেকেন, “পাজি, জুন মাসে আমরা যখন প্রতিবাদ করছিলাম, তখন আপনার মন্তব্যে আমি কিছুটা আঘাত পেয়েছিলাম। আপনার প্রতি ব্যক্তিগতভাবে আমার কোনও ক্ষোভ ছিল না, বরং আমি আপনাকে সবসময় এমন একজন মানুষ হিসেবেই দেখেছি যিনি কোনও আদর্শের পক্ষে কথা বলেন, ঠিক যেমনটা আপনি নিজেও বলেছিলেন।”
তাঁর সংযোজন, “সত্যি বলতে, আমি সবসময়ই আপনার একজন গুণমুগ্ধ ছিলাম এবং সেই অবস্থানে কোনও পরিবর্তন আসেনি। আমি এখনও আপনার গান শুনি। এই মে মাসে ভারতে ফিরে আসার ঠিক আগে শিকাগোতে আপনার কনসার্টে আমি গিয়েছিলাম-শুধু আপনার গানের জন্যই নয়, বরং একজন মানুষ হিসেবে আপনার প্রতি আমার সবসময়ই গভীর শ্রদ্ধা রয়েছে।”
দীপকে দিলজিতের সাহসিকতা ও সত্যনিষ্ঠার প্রশংসা করেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন যে, কীভাবে দিলজিৎ নিজের শিকড়ের প্রতি অবিচল থেকে ভারতকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন। অভিজিৎ লেখেন, “আমার মনে হয়, এই কারণেই মন্তব্যটি আমাকে কিছুটা কষ্ট দিয়েছে-কারণ আমি সবসময়ই আপনাকে অত্যন্ত সম্মানের চোখে দেখেছি। তবে একটি মতপার্থক্য বা ভুল বোঝাবুঝি আপনার প্রতি আমার সেই শ্রদ্ধা ও প্রশংসাবোধকে বদলে দিতে পারে না। যাই হোক ভাই, এসব ভুলে যাও-আমাকে তোমার ছোট ভাই বলেই মনে করো। আর সবশেষে শুধু এটুকুই বলব : ‘একজন প্রকৃত মানুষ শত্রুর সঙ্গেও মিষ্টি ভাষায় কথা বলে; আর তোমার কথা যদি বলি-তুমি তো আমার জীবনের ভালবাসা, আমার প্রিয়।”
CM Suvendu Adhikari: Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Post Comment