মা ফ্লাইওভারে বেপরোয়া গতির জের! ডিভাইডারে ধাক্কা মেরে উল্টো লেনে থর, মুখোমুখি সংঘর্ষে আহত ৩

Last Updated:

কলকাতার মা ফ্লাইওভারে শুক্রবার সকালে একটি থর ও অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন তিন জন। পুলিশ সূত্রে খবর, ডিভাইডারে ধাক্কা মারার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো লেনে ঢুকে পড়ে থরটি। আহতদের চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মা ফ্লাইওভারে বেপরোয়া গতির জের!
মা ফ্লাইওভারে বেপরোয়া গতির জের!

কলকাতাঃ মা ফ্লাইওভারের উপর ভয়াবহ পথ দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষ হল একটি থর ও একটি অল্টো গাড়ির। দুর্ঘটনায় আহত হয়েছেন তিন জন। তাঁদের উদ্ধার করে চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে খবর, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে বাইপাসের দিকে যাচ্ছিল একটি থর। অভিযোগ, বেপরোয়া গতিতে যাওয়ার সময় প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে লেন পরিবর্তন করে উল্টো দিক থেকে আসা একটি অল্টো গাড়িতে মুখোমুখি ধাক্কা মারে থরটি।

দুর্ঘটনার জেরে দু’টি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত তিন জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর গাড়ি দু’টিকে তিলজলা ট্রাফিক গার্ডে নিয়ে যাওয়া হয়েছে। কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

নিউটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনা

বুধবারে নিউটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। অ্যাকশন এরিয়া ওয়ানের BG ব্লকের সামনে একটি বাইকে সজোরে ধাক্কা মারে চারচাকা গাড়ি। দুর্ঘটনায় বাইকে থাকা দু’জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে নিউটাউন থানার পুলিশ।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাইকটি র‌্যাপিডোর পরিষেবার সঙ্গে যুক্ত ছিল। বাইকে চালক-সহ দু’জন ছিলেন। তাঁদের মধ্যে একজন মহিলা যাত্রী ছিলেন বলে খবর। দুর্ঘটনায় দু’জনেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। স্থানীয় সূত্রে দাবি, বাইকে থাকা মহিলা এবং চারচাকা গাড়ির চালক স্বামী-স্ত্রী। অভিযোগ, বাইকের পিছন দিক থেকে এসে সজোরে ধাক্কা মারে চারচাকা গাড়িটি। ধাক্কার জেরে বাইকটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর চারচাকা গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে নিউটাউন থানার পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Post Comment

You May Have Missed