গরমের জন্যই ফলো অন না করানোর সিদ্ধান্ত, বলছেন লক্ষ্মী, প্রদীপ্তর দাপটে জয়ের সামনে বাংলা

সন্দীপ সরকার, কলকাতা: হাতে ছিল ২০৯ রানের পুঁজি। কেরলকে বাগে পেয়েও ফলো অন করায়নি বাংলা (Bengal vs Kerala)। বোনাস-সহ সাত পয়েন্টের জন্য না ঝাঁপিয়ে নিজেরা দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কেরলের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচের তৃতীয় দিনের শেষে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল জানালেন, কেন ফলো অন না করানোর কৌশল নেওয়া হল।

মঙ্গলাপুরমে কেরলের বিরুদ্ধে ম্যাচে চালকের আসনে বাংলা। সব কিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার ম্য়াচ জিতে ৬ পয়েন্ট ঘরে তোলার সামনে অভিমন্যু ঈশ্বরণরা। তৃতীয় দিন মাত্র ৫৩ রানের মধ্যে কেরলের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট তুলে নিয়েছে বাংলা। কেরলকে ম্যাচ জিততে এখনও ৩৫৫ রানের কার্যত অসম্ভব লক্ষ্য তাড়া করতে হবে শেষ দিন। বাংলার চাই আর ৬ উইকেট। বুধবার সন্ধ্যায় তিরুঅনন্তপুরম থেকে মোবাইল ফোনে লক্ষ্মীরতন এবিপি লাইভ বাংলাকে বললেন, ‘ফলো অন করানো যেত। তবে তীব্র গরমের জন্যই নিজেরা ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে প্রবল গরম। সঙ্গে আর্দ্রতা। বোলাররা কাহিল হয়ে পড়েছিল। মূলত সেই কারণেই আমরা ব্যাটিং করে নিতে চেয়েছিলাম।’

পাশাপাশি, ম্যাচের শেষ দিন চতুর্থ ইনিংসে ব্যাটিং করার ঝুঁকিও এড়াতে চেয়েছে বাংলা শিবির। লক্ষ্মীরতন বললেন, ‘পিচে বল দারুণ ঘুরছে বলব না। তবে চতুর্থ ইনিংসে ব্যাটিং করা সব সময়ই ঝুঁকিপূর্ণ।’

ম্যাচে অবশ্য কেরলকে কোণঠাসা করে ফেলেছে বাংলা। বাংলার প্রথম ইনিংসে তোলা ৩৫০ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষেই চাপে পড়ে গিয়েছিল কেরল। মঙ্গলবার দিনের খেলার শেষে কেরলের স্কোর ছিল ১০১/৬। বুধবার সেই স্কোরের সঙ্গে আর ৪০ রান যোগ করে অল আউট হয়ে যায় কেরল। ১৪১ রানে। বল হাতে ভেল্কি দেখালেন বাংলার বাঁহাতি স্পিনার প্রদীপ্ত প্রামাণিক। কেরলের শেষ চার উইকেটের মধ্যে তিনটিই প্রদীপ্তর। সব মিলিয়ে প্রথম ইনিংসে চার উইকেট তাঁর। দ্বিতীয় ইনিংসে বাংলা ১৯৮ রানে অল আউট হয়। সর্বোচ্চ ৪৭ রান করলেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। সুদীপ চট্টোপাধ্যায় ৩৪ রান করেন। জলজ সাক্সেনার ৫ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রদীপ্তর স্পিনের ছোবলে ফের বিপাকে কেরল। মাত্র ২০ ওভারে তাদের স্কোর ৫৩/৪। চারটি উইকেটই প্রদীপ্তর। ম্যাচে আট উইকেট হয়ে গিয়েছে তাঁর। লক্ষ্মীরতন বললেন, ‘পিপি (দলে প্রদীপ্তর ডাকনাম) দারুণ বল করছে। পিচে কিছু রাফ তৈরি হয়েছে। সেগুলো দারুণভাবে কাজে লাগাচ্ছে।’

বৃহস্পতিবার ম্যাচের শেষ দিন। দ্রুত কেরলের বাকি ৬ উইকেট তুলতে মরিয়া বাংলা। লক্ষ্মী বললেন, ‘ওদের ৯ নম্বর পর্যন্ত ব্যাটিং রয়েছে। দ্রুত অল আউট করাই লক্ষ্য।’ 

আরও পড়ুন: বৈভবের জন্য জায়গা ছেড়ে দিয়েছিলেন! ড্রেসিংরুমের গল্প জানালেন অভিষেক, মন জিতলেন স্যামসন

Previous post

Business Idea: নারকেল-তিলেই বাজিমাত! ঘরোয়া ব্যবসায় হাজার হাজার টাকা আয় কালনার শাশুড়ি-বৌমার, জানুন কীভাবে?

Next post

কালীপুজো-ছটপুজোয় বাড়তি সতর্কতা, জগদ্ধাত্রী পুজো ও রাস উৎসব ঘিরে বিশেষ উদ্যোগ রাজ্যের

Post Comment

You May Have Missed