Bamboo Business: বাঁশ নিতে হুড়োহুড়ি করছে লোকে, মুঠো মুঠো টাকা খরচ করতেও দ্বিধা নেই! কী কারণে এত চাহিদা? জানুন
Last Updated:
Bamboo Business: পুজোর মরশুমে অতিরিক্ত চাহিদা ও স্থানীয় স্তরে বাঁশঝাড় কমে যাওয়ায় দেখা দিয়েছে মারাত্মক সঙ্কট। ঝোড়া ও চুপড়ি তৈরির প্রধান কাঁচামাল কাঁচা বাঁশ পেতে চরম ভোগান্তিতে পড়েছেন মথুরাপুরের কারিগররা। দূরদূরান্ত থেকে চড়া দামে বাঁশ কিনে টিকে রয়েছে হস্তশিল্প।
মথুরাপুর, নবাব মল্লিক: কাঁচা বাঁশ পাওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছে বাঁশ দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করার কারিগরদের। ফলে দূর থেকে বাঁশ চড়া দামে আনতে হচ্ছে তাদের। এক একটি বাঁশ প্রায় ১৫০ টাকা দাম দিয়ে কিনতে হচ্ছে কারিগরদের। ফলে পরের বছর থেকে এ নিয়ে নতুন ভাবনা ভাবার কথা জানিয়েছেন তাঁরা।
পুজো মন্ডপ তৈরির জন্য প্রচুর পরিমাণে বাঁশ নিয়ে যাওয়া হয়েছে। ফলে তাঁরা পরের বছর পুজোর আগে থেকেই বাঁশ কিনে জলাশয়ে ভিজিয়ে রাখার পরিকল্পনা নিয়েছেন বলে জানিয়েছেন রাজকুমার হালদার নামের মথুরাপুরের বটীশ্বরের এক কারিগর। তাঁর দাবি ঝোড়া ও চুপড়ি তৈরির জন্য প্রধান উপকরণ বাঁশ। সেই বাঁশ পাচ্ছেন না কারিগররা। দূর দূরান্ত থেকে গিয়ে বাঁশ কিনে আনতে হচ্ছে। সেক্ষেত্রে অসুবিধা হচ্ছে বিস্তর।
কিন্তু হঠাৎ কেন এই সমস্যা দেখা দিল এ নিয়ে বলতে গিয়ে দিলীপ হালদার নামের প্রবীণ এক কারিগর জানিয়েছেন, আগে এলাকায় প্রচুর বাঁশ গাছ ছিল। কিন্তু নতুন করে বাঁশগাছ আর বসাচ্ছে না কেউ। যেখানে রয়েছে, তারাও অনেকসময় বিক্রি করতে চাইছেন না। কিন্তু ঝোড়া ও চুপড়ি তৈরিতে বাঁশ লাগে। ফলে সমস্যা হচ্ছে।
একটি বাঁশ থেকে প্রায় চারটি চুপড়ি অথবা ঝোড়া করা যায়। কিন্তু বাঁশ না মেলায় সেই পরিমানে তৈরিও করা যাচ্ছে না। বাজারে চাহিদা রয়েছে, কিন্তু উৎপাদনের সমস্যা হচ্ছে। এর অন্য কারণ হিসাবে উঠে এসেছে পুজোর সময় বিপুল পরিমাণে বাঁশ বাইরে পাঠিয়ে অনেক লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা। ফলে যেটুকু বাঁশ মিলছিল সেগুলিও পাওয়া যাচ্ছে না বললেই চলে। তবে এই অবস্থার পরিবর্তন হবে বলে আশাবাদী তারা। এখন দেখার ভবিষ্যতে কি হয়।
Post Comment