Behala: প্রেমের সাজা, বেহালায় বিবস্ত্র করে হাঁটানো হল বাবা-ছেলেকে! প্রেমিকার বাবা, মামা সহ গ্রেফতার ৩
Last Updated:
Behala: বেহালার সরশুনার বসুন্ধরা পার্কে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে চাঞ্চল্য। যুবক ও তাঁর বন্ধুকে আটকে রেখে মারধর এবং যুবকের বাবাকে ডেকে এনে তিনজনকে বিবস্ত্র করে এলাকায় ঘোরানোর অভিযোগ উঠেছে যুবতীর পরিবারের বিরুদ্ধে। ঘটনায় যুবতীর বাবা, মা ও মামা-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বেহালা: প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল বেহালার সরশুনা থানা এলাকার বসুন্ধরা পার্কে। এক যুবক ও এক যুবতীকে একসঙ্গে দেখতে পাওয়ার পর যুবতীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওই যুবক এবং তাঁর এক বন্ধুকে আটকে রেখে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, যুবকের বাবাকে ডেকে এনে তিনজনকেই বিবস্ত্র করে এলাকায় ঘোরানো হয় বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যে যুবতীর বাবা, মা এবং মামা-সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ সূত্রের খবর, ঘটনাস্থলে পুলিশ পিকেটিং বসানো হয়েছে৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তবে ওই যুবক ও যুবতীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ, তাঁদের একসঙ্গে দেখতে পেয়ে যুবতীর বাবা ও মা, মামা যুবক এবং তাঁর এক বন্ধুকে একটি ঘরের মধ্যে আটকে রেখে মারধর করেন। এরপর যুবকের বাবাকে ফোন করে ডেকে পাঠানো হয়। অভিযোগ, পরে যুবক, তাঁর বন্ধু এবং বাবাকে বিবস্ত্র করে এলাকায় ঘোরানো হয়।
তিনজনকে ওই অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা বিস্ময় প্রকাশ করেন। তাঁদের জিজ্ঞাসাবাদে যুবকের পরিবার ও বন্ধু গোটা ঘটনার কথা জানান বলে দাবি। এরপরই উত্তেজিত জনতা যুবতীর বাড়ির সামনে জড়ো হয়ে ভাঙচুরের চেষ্টা করে বলে অভিযোগ। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সরশুনা থানার পুলিশ।
পুলিশ পৌঁছনোর আগেই যুবতীর বাবা-সহ পরিবারের অন্য সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে যান বলে অভিযোগ। তবে যুবতীর মামাকে ধরে মারধর করার পর পুলিশের হাতে তুলে দেন উত্তেজিত স্থানীয় বাসিন্দারা।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্ত যুবতীর বাবা ও মামার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। অন্যদিকে, এই ঘটনার পর যুবকের বাবা মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে পরিবারের দাবি।

Post Comment