হঠাৎ দেখা…বিসর্জনের শোভাযাত্রায় আটকে পড়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পথ করে দিলেন কুণাল, করলেন বিজয়ার শুভেচ্ছা বিনিময়ও

Last Updated:

অভিজিত গঙ্গোপাধ্যায়কে নিজের পাড়ায় বিসর্জনের শোভাযাত্রায় আটকে যেতে দেখে এগিয়ে যান কুণাল ঘোষ। প্রতিমার গাড়িগুলি সরিয়ে অভিজিতবাবুর গাড়ির জন্য জায়গা করে দেন তিনি।

বিসর্জনের শোভাযাত্রায় আটকে পড়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পথ করে দিলেন কুণাল
বিসর্জনের শোভাযাত্রায় আটকে পড়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পথ করে দিলেন কুণাল

কলকাতা: রাস্তায় আচমকা দেখা। শুক্রবার একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাস্তায় পুজোর বিসর্জনের শোভাযাত্রায় আটকে যায় তাঁর গাড়ি। ঘটনাচক্রে সেটি কুণাল ঘোষের পাড়া এবং রামমোহন সম্মিলনীর প্রতিমার পাড়া পরিক্রমা চলছিল। অভিজিতবাবুকে আটকে যেতে দেখে এগিয়ে যান কুণাল ঘোষ। এবং প্রতিমার গাড়িগুলি ঘুরিয়ে অভিজিত গঙ্গোপাধ্যায়ের গাড়ির জন্য জায়গা বার করে দেন তিনি। দু’জনে বিজয়ার শুভেচ্ছা বিনিময়ও করেন।

ছবিটি রামমোহন রায় রোডে কুণাল ঘোষের বাড়ির সামনে তোলা।

প্রতিমা বিসর্জনের রাস্তায় এদিন আটকে যান বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উত্তর কলকাতার রামমোহন সম্মিলনীর প্রতিমা তখন পাড়া পরিক্রমায়। নিজের পাড়ায় সাংসদকে দেখে এগিয়ে যান তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময়ের পরে নিজে দাঁড়িয়ে থেকেই অভিজিতের রাস্তা করে দিলেন কুণাল। সাংসদও নমস্কার করে ধন্যবাদ জানান বিরোধী বিধায়ককে।

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের নেতা মজিদ আনসারিকে তিন বছরের পুরনো একটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। তার প্রতিবাদে শুক্রবার আমহার্স্ট স্ট্রিট থানার সামনে অবস্থানে বসে পড়েন কুণাল ঘোষ। অভিযোগ, চোরবাগানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর পর যাঁরা মুখ খুলেছেন, প্রভাবশালীদের যোগ নিয়ে যাঁরা বিক্ষোভ দেখিয়েছেন, মজিদ তাঁদের একজন। ওই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। কুণাল থানায় গেলে বাইরে বিজেপি কর্মী-সমর্থকেরা জড়ো হন। কুণালের বিরুদ্ধে তাঁরা থানার বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ফলে পরিস্থিতি এদিন উত্তপ্ত হয়ে ওঠে।

Post Comment

You May Have Missed