Sandip Ghosh Bail Update: হাইকোর্টের নির্দেশ খারিজ, সন্দীপ ঘোষকে কেন জামিন দিল সুপ্রিম কোর্ট? জানুন কী কী গুরুতর অভিযোগ ছিল আর জি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে
Last Updated:
আগেই আর জি কর হাসপাতালে চিকিৎসককে খুন এবং ধর্ষণ মামলায় জামিন পেয়েছিলেন সন্দীপ ঘোষ৷ দুর্নীতি মামলাতেও জামিন পাওয়ায় তাঁর জেলমুক্তির সম্ভাবনা বাড়ল৷
সিবিআই-এর বিশেষ আদালতের মতো কলকাতা হাইকোর্টও তাঁর জামিনের আবেদনে সাড়া দেয়নি৷ শেষ পর্যন্ত অবশ্য সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ৷ গতকাল, আর জি কর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে জামিন দিয়েছে শীর্ষ আদালত৷
কলকাতা হাইকোর্টের জামিনের আবেদনে সাড়া না দেওয়ার পর শীর্ষ আদালতের দ্বারস্থ হন সন্দীপ ঘোষ৷ গতকাল কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন ভি ভারালের বেঞ্চ৷
লাইভ ল-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সন্দীপ ঘোষের আইনজীবী শীর্ষ আদালতে সওয়াল করতে গিয়ে বলেন, আর জি কর দুর্নীতি মামলায় ২ বছর ধরে জেলে রয়েছেন সন্দীপ ঘোষ৷ তিনি দীর্ঘ সময় জেলে থাকলেও এই সময়ের মধ্যে মামলার মোট ১৪৭ জন সাক্ষীর মধ্যে মাত্র ৭ জনকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
এই যুক্তির সঙ্গে সহমত পোষণ করে এবং মামলার বিচারপ্রক্রিয়া যে জায়গায় রয়েছে তা বিবেচনা করেই কলকাতা হাইকোর্টের নির্দেশকে খারিজ করে সন্দীপ ঘোষকে জামিন দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন ভি ভারালের বেঞ্চ৷ তবে জামিন পেলেও নিম্ন আদালতের শর্ত মানতে হবে সন্দীপ ঘোষকে৷
আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা, নকল নথি ব্যবহারের মতো একাধিক ধারায় অভিযোগ এনেছিল সিবিআই৷
এই মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে মূলত দু টি অভিযোগ এনেছিল সিবিআই৷ প্রথমত, অর্থনৈতিক বেনিয়ম এবং দ্বিতীয়ত, অযোগ্য ডাক্তারি পড়ুয়াদের নম্বরে অদল বদল করে তাঁদের সুবিধা পাইয়ে দেওয়া৷ সন্দীপ ঘোষের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন সিনিয়র আইনজীবী সিদ্ধার্থ আগরওয়াল৷

Post Comment