ভারী বর্ষণে গঙ্গা ভাঙনের গ্রাসে নদী বাঁধের বড় অংশ, বন্যার আশঙ্কা রাজ্যের এই অংশে

সুনীত হালদার, হাওড়া: ভরা বর্ষায় উলুবেরিয়া বেলাড়ি অঞ্চলের পূর্ব বাসুদেবপুর এলাকা গঙ্গা ভাঙনের কবলে। গতকাল রাতে প্রবল বর্ষণের জেরে গঙ্গা ভাঙনের গ্রাসে চলে যায় বাঁধের বড় অংশ এবং একটি নবনির্মিত পার্ক। নদীর ধারে বেশ কিছু ঘর এবং দোকানেও ফাটল দেখা যায়। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা। 

আরও পড়ুন, মমতার বিরুদ্ধে FIR, ‘সময় না দিলে’ কী পদক্ষেপ, জানিয়ে দিল পুলিশ

উলুবেরিয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বেলাড়ি অঞ্চল অত্যন্ত ভাঙনপ্রবণ এলাকা। প্রতিবছর বর্ষায় গঙ্গায় জলের তোড়ে বাঁধে ভাঙন দেখা যায়। গত কয়েকদিন দফায় দফায় ভারী বর্ষণ এবং বড় বড় জাহাজ চলাচলের ফলে ঢেউয়ের ধাক্কায় গঙ্গার বাঁধ ভাঙতে শুরু করে। গতকাল রাতে ভারী বৃষ্টির পর বাঁধে কমপক্ষে ৫০ মিটার ফাটল দেখা দেয়। একটি নবনির্মিত পার্কের বড় অংশ নদীগর্ভে চলে যায়। বেশ কিছু দোকান, ঘর এবং রাস্তায় বড়সড় ফাটল দেখা দেয়। আজ সকালে এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভরা বর্ষায় গঙ্গা নদী ফুঁসছে।

গ্রামবাসীদের আশঙ্কা যদি জলের তোড়ে এবার নদী বাঁধ পুরোপুরি ভেঙে যায় তবে বেলাড়ি, বাসুদেবপুর, গোপালপুর, নিশ্চিন্দাপুর, রঘুনাথপুর, উলুঘাটা সহ কয়েকটি অঞ্চলে প্লাবিত হতে পারে। ফলে বিস্তীর্ণ অঞ্চলের চাষের জমি জলের তলায় চলে যাবে। তাই বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। এই ঘটনায় গ্রামবাসীরা আতঙ্কিত। চাষীদের অভিযোগ প্রশাসনকে এর আগে বলা সত্ত্বেও পাকাপাকি মেরামতির কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

সোমবার সকালে ঘটনাস্থলে ছুটে যায় গড়চুমুক পুলিশ ফাঁড়ির পুলিশ। পরে শ্যামপুর এক নম্বর ব্লক ডেভেলপমেন্ট অফিসার সেচ দপ্তরের আধিকারিকদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গোটা ঘটনা জানানো হয়েছে। সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর বাঁধ মেরামতির সিদ্ধান্ত নেওয়া হবে।.

Previous post

ভারত-বাংলাদেশ কি আর কখনও ক্রিকেট সিরিজ খেলবে না? জল্পনার মাঝে যা বললেন তামিম

Next post

Nepal Flash Flood:”ফিরিয়ে না আনতে পারলে পরিবারটা শেষ হয়ে যাবে, জানি না কীভাবে কী করব”, নেপাল বিপর্যয়ের পর জামাইবাবুর খোঁজে শ্যালক

Post Comment

You May Have Missed