রাখীর বিজ্ঞাপনে কৃতির খোলামেলা পোশাক নিয়ে বিতর্ক, সমস্ত ভিডিও সরিয়ে নিল সংস্থা
কলকাতা: রাখীর বিজ্ঞাপনে কৃতি শ্যাননের (Kriti Sanon) পোশাক নিয়ে শুরু হয়েছিল বিতর্ক, কটাক্ষ করেছিলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut) ও! বিতর্কের জেরে, এবার সোশ্যাল মিডিয়া থেকে সেই বিজ্ঞাপন সরিয়ে নিল, সেই বিপণী সংস্থা। বিতর্কের শুরু হয়েছিল, রাখীর একটি বিজ্ঞাপন নিয়ে। একটি গয়নার বিপণী সংস্থার হয়ে, কৃতি শ্যানন অভিনয় করেছিলেন রাখীর একটি বিজ্ঞাপনে। সেখানে পোষ্যের হাতে রাখী বেঁধে দেওয়ার সময়ে, একটি খোলামেলা পোশাক পরেছিলেন কৃতি। রাখীর দিন, রাখী বাঁধার সময়ে, কৃতিকে লেহঙ্গার সঙ্গে একটি সাদা কাজ করা ব্রালেটে দেখা গিয়েছিল। আর এই বিজ্ঞাপন মুক্তি পাওয়ার পরেই, শুরু হয়ে যায় বিতর্ক।
কৃতির পোশাক নিয়ে বিতর্ক, রাজনৈতিক তরজাও
সোশ্যাল মিডিয়ায় কৃতির এই বিজ্ঞাপন প্রকাশ্যে আসতে, কঙ্গনা রানাউত (Kangana Ranaut) লিখেছিলেন, ‘আলমারিতে পোশাকের কমতি নেই। তার পরও বিকিনি বা অন্তর্বাস পরে ভাইকে রাখী বাঁধতে হবে কেন? বিজ্ঞাপনটি অত্যন্ত অস্বস্তিকর’। কঙ্গনার ই কটাক্ষের জবাবও দিয়েছেন, কৃতি শ্যানন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘উৎসবের সার্থকতা পোশাকের উপর নির্ভর করে না, আবেগ এবং অনুভূতির মধ্যেই নিহিত থাকে সবকিছু। রাখী বন্ধন মানে পরস্পরকে আগলে রাখা। বোন এবং আমি পরস্পরকে রাখী পরাই। আমরা জানি, পরস্পরকে রক্ষা করার ক্ষেত্রে আমরা ভাইয়ের চেয়ে কোনও অংশে কম নই। পরস্পরের সুস্বাস্থ্য, সুখী জীবন, দীর্ঘায়ু কামনা করি। বাড়ির পোষ্যকে নিয়েও একই অনুভূতি আমাদের। তারাও আমাদের পরিবারের অংশ’। অন্যদিকে কৃতির মন্তব্যের সমর্থন করেছিলেন রাহুল গাঁধী (Rahul Gandhi) ও। তিনি লিখেছিলেন, ‘একজন মহিলা কী পোশাক পরবেন, কোথায় কোথায় যাবেন, কী করবেন, এটা সম্পূর্ণভাবে তাঁর পছন্দের ওপর নির্ভর করে। একজন নারীর স্বাধীনতাকে ট্রোল করবেন না।’
কৃতির বিজ্ঞাপন সরিয়ে নেওয়া হল সমস্ত প্ল্যাটফর্ম থেকে
তবে বিতর্কের জেরে, এবার সমস্ত প্ল্যাটফর্ম থেকে কৃতি শ্যাননের সেই বিজ্ঞাপন সরিয়ে নিল বিপণী সংস্থা। সেখান থেকে একটি পোস্ট শেয়ার করে বলা হয়েছে, ‘ভারতীয় সংস্কৃতি এবং উৎসবের ওপর আমাদের প্রগাঢ় শ্রদ্ধা রয়েছে। একটা সংস্থা হিসেবে আমরা বিশ্বাস করি, বাড়ির সবার সঙ্গে, এমনকি বাড়ির পোষ্যদের সঙ্গেও সমস্ত অনুষ্ঠানগুলি উদযাপন করা উচিত। আমাদের সর্বশেষ বিজ্ঞাপনটি যদি ভারতীয় সংস্কৃতি, ভাবনাকে কোনোভাবে আঘাত করে থাকে, তাহলে সেটা একেবারেই অনিচ্ছাকৃত। আমরা এটা কখনও চাইনি। সবার প্রতি সম্মান জানিয়ে সমস্ত প্ল্যাটফর্ম থেকে আমরা ওই বিজ্ঞাপনটি সরিয়ে নিলাম। আনন্দের সঙ্গে উৎসব পালন করুন।’
Post Comment