মাঠে ঝামেলায় জড়িয়ে কড়া শাস্তি পেলেন যশস্বী ও আসিথা, ঘোষণা করল আইসিসি

কলম্বো: মাঠে শ্রীলঙ্কার ক্রিকেটার আসিথা ফার্নান্দোর সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন । ভারতীয় ক্রিকেট দলের তারকা ওপেনিং ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)-কে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) কড়া শাস্তি দিল। জয়সওয়ালের সঙ্গে শ্রীলঙ্কার বোলার আসিথা ফার্নান্দো (Asitha Fernando)-র ওপরও শাস্তির খাঁড়া নেমে এসেছে।

আইসিসি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, কলম্বোতে ভারত-শ্রীলঙ্কা টেস্টের প্রথম দিনে ঘটে যাওয়া ঘটনার পর দুই খেলোয়াড়ের ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি দু’জনকেই ১টি করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। 

রবিবার (২৩ অগাস্ট) শুরু হওয়া ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট ম্যাচে জয়সওয়াল ৪৫ রানে আউট হওয়ার পর শ্রীলঙ্কার বোলার আসিথা ফার্নান্দো তাঁকে উদ্দেশ্য করে মন্তব্য করেছিলেন। এরপর দু’জনের মধ্যে বচসা হয় এবং সামান্য ধাক্কাধাক্কিও দেখা যায়। যশস্বী এগিয়ে গিয়ে গুঁতো দেন আসিথাকে। ঘটনার পর থেকেই দুই খেলোয়াড়ের ওপর শাস্তির খাঁড়া ঝুলছিল। 

আরও পড়ুন: ১ কোটি ৪৬ লক্ষের অ্যাকাউন্টে… মমতার অভিযোগ উড়িয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে আপডেট শুভেন্দুর

ICC স্পষ্ট করে দিয়েছে যে কোনও খেলোয়াড়কে নির্বাসিত করা হয়নি। শুধু ২৫ শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই খেলোয়াড়কেই ICC-র ‘খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফের জন্য আচরণবিধি’-র আর্টিকেল ২.১২ লঙ্ঘনকারী হিসেবে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই নিয়মটি “কোনও খেলোয়াড়, খেলোয়াড় সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোনও ব্যক্তির (যার মধ্যে আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন দর্শকরাও অন্তর্ভুক্ত) সঙ্গে অনুচিত শারীরিক সংযোগ” সংক্রান্ত। 

গত ২৪ মাসে দুই খেলোয়াড়ের এটি প্রথম আচরণবিধি লঙ্ঘন। দু’জনেই নিজেদের দোষ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। ফলে আর শুনানির প্রয়োজন পড়েনি।

ভাল জায়গায় ভারত

কলম্বো টেস্টের দ্বিতীয় দিন লড়াকু সেঞ্চুরি করলেন ধ্রুব জুড়েল। তাঁর সেঞ্চুরিতে ভর করে কলম্বোয় বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনে ৫০৩/৯ স্কোরে ডিক্লেয়ার করল ভারত। জবাবে দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ৮/২। বৃষ্টিতে খেলা পুরো সময় করা যায়নি।

আরও পড়ুন: সেঞ্চুরি করে ভারতকে রানের পাহাড়ে পৌঁছে দিলেন জুড়েল, ৫০৩/৯ স্কোরে ডিক্লেয়ার গিলের

Post Comment

You May Have Missed