নৃশংসভাবে খুন ‘জনপ্রিয় গায়ক’ ! পুলিশকে চার দিন সময় দিয়ে, চরম পদক্ষেপের হুঁশিয়ারি স্ত্রীর

নয়া দিল্লি : ‘চার দিন সময় দিলাম। হয় আমার স্বামীর খুনিদের গ্রেফতার করুন। নইলে আমি নিজেকে শেষ করে দেব। ‘ – এবার কার্যত পুলিশকেই আলটিমেটাম দিলেন নিহত হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ানের স্ত্রী । শুক্রবার তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশ চার দিনের মধ্যে তাঁর স্বামীর হত্যাকারীদের গ্রেফতার করতে না পারলে তিনি নিজেকেই শেষ করে দেবেন শামলি মহকুমা ম্যাজিস্ট্রেটের দফতরের সামনেই। অথবা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের বাইরে গিয়ে চরম পদক্ষেপ নেবেন তিনি।

শামলি জেলার বান্টি খেদা গ্রামে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এভাবেই আলটিমেটাম দেন নিহত গায়কের শিক্ষিকা-স্ত্রী।  সীমা পরিষ্কার জানিয়ে দেন,  তিনি পুলিশের তদন্তে অসন্তুষ্ট । চার দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে তিনি নিজেকেই শেষ করে দেবেন। তাঁর এই বক্তব্যের  ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সীমার অভিযোগ, তাঁর স্বামী আগেই পুলিশি নিরাপত্তা চেয়েছিলেন কিন্তু তাঁকে সুরক্ষা দেওয়া হয়নি।

বুধবার সন্ধ্যায় শামলির কোতোয়ালি এলাকার একটি জিম থেকে বের হওয়ার সময় তিনি খুন হয়ে যান। দুটি মোটরসাইকেলে চেপে এসেছিল দুষ্কৃতীরা। চারজন ব্যক্তি বালিয়ানকে লক্ষ্য করে গুলি চালায়। বালিয়ানকে দ্রুত নিকটবর্তী একটি কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।                                            

সোশ্যাল মিডিয়ায় হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে বালিয়ান জিম থেকে বেরিয়ে নিজের গাড়ির দিকে হেঁটে যাওয়ার সময় দুটি মোটরসাইকেলে চেপে চার ব্যক্তি এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। তারপর চম্পট দেয়। 

সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব শুক্রবার বালিয়ানের বাবা সতবীর সিংয়ের সঙ্গে ফোনে কথা বলেন। তিনি পরিবারকে  আশ্বাস দেন , ন্যায়বিচারের লড়াইয়ে তাঁর দল প্রতিটি পদক্ষেপে তারা  পাশে আছে। এই ঘটনার তদন্তে গা ফিলতির অভিযোগ তুলেছেন অখিলেশ। 

হামলাকারীদের গ্রেফতার করতে পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছে, কিন্তু হত্যাকাণ্ডের তৃতীয় দিন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। সূত্রের খবর, গাজিয়াবাদের শামলি, লোনি, দিল্লি এবং সোনিপতের বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজে গুলি খতিয়ে দেখা হচ্ছে। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভিডিও নিয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেয়নি।   

 

 

 

Post Comment

You May Have Missed