জুবিন গর্গকে শ্রদ্ধা জানিয়ে টলিউডে নতুন সিনেমা, ‘লাভ ইউ জুবিন দা’! অভিনয়ে কে কে?

জুবিন গর্গকে শ্রদ্ধা জানিয়ে টলিউডে নতুন সিনেমা, ‘লাভ ইউ জুবিন দা’! অভিনয়ে কে কে?

কলকাতা: জুবিন গর্গের (Zubeen Garg) মৃত্যুর বছর ঘুরতে চললেও, এখনও সেই স্মৃতি তাজা মানুষের মনে। তিনি তো শুধু জনপ্রিয় গায়কই ছিলেন না, তিনি মানুষের মনে জায়গা করে নিতে পেরেছিলেন খুব সহজেই। শুধু তাঁর সঙ্গীত নয়, জনসেবা থেকে শুরু করে, সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়া, একেবারে মাটির কাছাকাছি জীবনযাপন.. এই সব কিছুই ছুঁয়ে যেত মানুষকে। সেই কারণেই, সিঙ্গাপুরের অনুষ্ঠানে গিয়ে, জুবিনের এই না ফেরাটাকে যেন এখনও মেনে নিতে পারেন না কেউই। তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে একাধিক অনুষ্ঠান থেকে শুরু করে স্মৃতিসৌধ.. সবই তৈরি হয়েছে। তবে এবার, জুবিন গর্গকে শ্রদ্ধা জানিয়ে আসছে নতুন মিউজিক্যাল ড্রামা ‘লাভ ইউ জুবিন দা’।

জুবিনের আবেগ নিয়ে সিনেমা!

বাংলা চলচ্চিত্রে এক অন্য স্বাদ নিয়ে আসবে এই মিউজিক্যাল ড্রামা, এমনটাই মনে করছেন নির্মাতারা। ছবির গল্প, সঙ্গীত ও পরিচালনার দায়িত্বে রয়েছেন শ্রী প্রীতম। ছবিটির প্রযোজক এমডি ফারুক উদ্দিন। ‘গ্রিবস মিডিয়া অ্যান্ড প্রোডাকশন প্রাইভেট লিমিটেড’ এবং ‘বর্ষা মুভিজ’-এর উপস্থাপনায় মুক্তি পাবে এই ছবিটি। গান, আবেগ, স্বপ্ন আর লড়াইয়ের এক অনন্য গল্প তুলে ধরবে এই সিনেমা, এমনটাই মনে করছেন পরিচালক, প্রযোজকেরা। এই গল্পে তুলে ধরা হবে, এক সঙ্গীতশিল্পীর লড়াইয়ের গল্প। একটি ছেলে, যাঁর ধ্যানজ্ঞান সবটাই মিউজিক.. এই গল্প তাঁরই। ছোটবেলার থেকেই তাঁর আইডল, জুবিন গর্গ। বহুবার শিল্পীর সঙ্গে দেখা করার চেষ্টা করেও, কখনও সুযোগ হয় না তাঁর। একদিকে শৈশবের স্বপ্নপূরণের আকাঙ্ক্ষা, অন্যদিকে জীবনের কঠিন বাস্তবতা,,,এই দ্বন্দ্বের মধ্য দিয়েই এগিয়ে যাবে সিনেমার গল্প। শেষে গল্পে একটি চমক রয়েছে, যা গল্পের মোড় ঘুরিয়ে দেয়।

জুবিনকে নিয়ে সিনেমা! কী বলছেন পরিচালক?

এই ছবির পরিচালক এবং সঙ্গীত পরিচালক, এই সিনেমা নিয়ে বলছেন, ‘২০১১ সাল থেকে সঙ্গীত পরিচালক হিসেবে, টলিউডে জুবিনদার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। তাঁর সঙ্গে কাজ করতে গিয়ে, তাঁকে খুব কাছ থেকে জানার সুযোগ পেয়েছি। সেই ভালবাসা আর শ্রদ্ধা থেকেই এই ছবির পরিকল্পনা। গল্পটি তৈরি হওয়ার পরে, আমি ছবির প্রযোজক এমডি ফারুক উদ্দিনকে গল্পটি শুনিয়েছিলাম। সঙ্গে সঙ্গে উনি ছবিটা তৈরি করতে রাজি হয়ে যান। এরপরে, জুবিন গর্গের স্ত্রী, গরিমা গর্গের থেকেও অনুমতি নিয়েছিলাম আমরা। সমস্ত প্রয়োজনীয় অনুমতি নিয়েই আমরা ছবির কাজ শুরু করি। এই ছবিতে থাকবে, জুবিনদার ২টি অপ্রকাশিত গান। এটা এই সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে। ওঁর প্রতি শ্রদ্ধা রেখেই এই পুরো ছবিটা তৈরি করছি।’

ছবিতে দেখা যাবে কাকে কাকে?

এই ছবিতে নায়িকার ভূমিকায় দেখা যাবে, বর্ষা সেনগুপ্তকে। এই সিনেমার নায়ক হিসেবে দেখা যাবে, ইকবাল রহিমিকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, গীতাবলী রাজকুমারী, অভিজিৎ গুহ, পার্থপ্রতিম গোস্বামী, ভায়োলিনা বরদলৈ, সৌরভ চট্টোপাধ্যায় এবং মধুমিতা গুপ্ত। জুবিন গর্গ এর স্ত্রী গরিমা গর্গের হাত ধরে এই সিনেমার প্রথম লুক প্রকাশ্যে আসবে।

 

আরও পড়ুন: Mouni Roy: ‘আগে ক্ষমা করে দিতে পারতাম…’, বিচ্ছেদের পরে সম্পর্ক নিয়ে অকপট মৌনী রায়!

 

Post Comment

You May Have Missed