অভিষেকের বাড়ির সামনের রাস্তায় ফুটপাথ ‘দখল’! কালীপুজোর আগে মাথায় হাত কালীঘাটের পটুয়া পাড়ার

Last Updated:

মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই অভিষেকের বাড়ির সামনে বিক্ষোভ-প্রতিবাদ পটুয়া পাড়ার। শনিবার দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে নতুন করে শুরু হল উত্তেজনা। আর তখনই বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা নিয়ে আবার আঙুল তুললেন পুলিশের দিকে। ইস্তফা দাবি করলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের।

কালীপুজোর আগে মাথায় হাত কালীঘাটের পটুয়া পাড়ার
কালীপুজোর আগে মাথায় হাত কালীঘাটের পটুয়া পাড়ার

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে রাস্তা থেকে ফুটপাথ কার্যত দখল, অবরুদ্ধ। আর এর জেরেই কালীপুজোর আগে মাথায় হাত কালীঘাট পটুয়া পাড়ার শিল্পীদের। শুক্রবার রাত থেকেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে তাঁর বাড়ির সামনে দলীয় অনুগামীদের ভিড়কে কেন্দ্র করে নাজেহাল শিল্পীরা।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আজ, শনিবার তুমুল বিক্ষোভও দেখান শিল্পীদের একাংশ। সেই সময় অভিষেকের সঙ্গেই তাঁর কালীঘাটের বাড়িতে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁদের অভিযোগ, জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার রাত থেকে দফায় দফায় অশান্তির জেরে প্রতিমা বেচাকেনা এক প্রকার শিকেয় উঠেছে। কেউ রাস্তা দিয়ে আসা যাওয়াই করতে পারছে না। এর ফলে গত কয়েকদিন ধরে দিন রাত এক করে শয়ে শয়ে প্রতিমা তৈরি করলেও ক্রেতাদের দেখা নেই।

বলা বাহুল্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়ির ঠিক উল্টো দিক থেকেই পটুয়া পাড়ার সূচনা। দুর্গাপুজো হোক বা কালীপুজোর সময়ই এই মহল্লার মৃৎশিল্পী ও অন্যান্য ছোট ব্যবসায়ীদের আর্থিক স্বচ্ছলতা দেখা যায়। কিন্তু এ বছর সেই আশায় জল ঢালল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে অশান্তির ঘটনা। শাসক তৃণমূল জমানাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের দিন একই পরিস্থিতির সম্মুখীন হতে হত। তবে সে সময় কেউ মুখ খোলার সাহস দেখাতে পারত না। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার হয়তো পটুয়া পাড়া ভেবেছিল তাদের অবস্থান পরিবর্তন হবে। কিন্তু পরিস্থিতির কোনও বদল হল না। তবে এবার তাঁরা সাহস করে প্রতিবাদ করেছে। তাঁদের অনেকেরই প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করার নামে কেন রাস্তা, ফুটপাথ দখল করা হবে? কেন তাঁর অনুগামীরা কালীপুজো দীপাবলির সময় তাঁদের ব্যবসা লাটে তুলবে? জন্মদিন পালন যদি করতেই হয় তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভিতরে না করে কেন রাস্তা দখল করে সাধারণ মানুষকে বারবার সমস্যায় ফেলা হচ্ছে? এই ধরনের নানান প্রশ্ন তুলে মৃৎশিল্পী ও স্থানীয়রা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে শনিবার বিকেলে বিক্ষোভও দেখান। প্রতিবাদে এগিয়ে আসেন মহিলারাও।

পুলিশকে রীতিমত পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়। শেষমেষ পুলিশের তরফে মাইকে প্রচার করে বলতে শোনা যায়, ‘‘রাস্তা ফুটপাথের ওপর কেউ দাঁড়াবেন না। রাস্তা ফাঁকা রাখুন।’’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে লাগানো গার্ডরেলও সরিয়ে ফেলে পুলিশ। শনিবার পটুয়া পাড়াতে গিয়ে দেখা গেল, শয়ে শয়ে কালী প্রতিমা সন্ধে পর্যন্তও অনেকের বাড়ির সামনে তৈরি হয়েও রাখা রয়েছে। সেভাবে ক্রেতার দেখা নেই। মন খারাপ শিল্পীদের। তাঁরা বলছেন, ‘‘ক্রেতারা অনেকেই অশান্তির জন্য আর কেউ এ মুখো হননি। প্রতিমা কিনতে অন্য জায়গায় চলে গিয়েছেন। আমাদের বিপুল আর্থিক ক্ষতি হয়ে গেল। কী যে করব কিছুই বুঝে উঠতে পারছি না।’’

তবে সন্ধ্যার পর থেকে কিছুটা ছন্দে ফিরতে দেখা যায় কালীঘাটের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাড়ার পটুয়া মহল্লাকে। অভিষেককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অনূগামীদের চলে যাওয়ার পর কিছুটা চনমনে হতে দেখা যায় কালীঘাট পটুয়া পাড়াকে। তবে মৃৎশিল্পীদের কথায়, ‘‘অনেক দেরি হয়ে গেল। রাত পোহালেই কালীপুজো। এখনও বহু প্রতিমা রয়ে গিয়েছে। কী যে হবে কিছুই বুঝে উঠতে পারছি না।’’

Post Comment

You May Have Missed