Mukul Roy passed away: তাঁর মৃত্যু এক রাজনৈতিক ক্ষতি… বর্ষীয়ান রাজনীতিবিদ মুকুল রায়ের সহসা প্রয়াণে শোকস্তব্ধ অধীর চৌধুরী
Last Updated:
২০২১ সালের ১১ জুন তৃণমূল কংগ্রেসে যোগ দেন মুকুল রায়। ২০২১-এর ২৫ জুন তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার দ্বারা PAC- এর সদস্য নির্বাচিত হন এবং সেই বছরই ১৪ জুলাই PAC-এর চেয়ারম্যান হন। অসুস্থতার কারণে ২০২২ সালের ২৭ জুন পশ্চিমবঙ্গ বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য পদত্যাগপত্র জমা দেন মুকুল রায়
বহরমপুর, কৌশিক অধিকারী: প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ মুকুল রায়। রাত প্রায় দেড়টা নাগাদ সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। বেশ কয়েক মাস ধরেই গুরুতর অসুস্থতা নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।
বহরমপুরে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, ‘আমি একটা সময়ে তাঁর বাড়িতে গিয়েছিলাম। কাঁচরাপাড়ার যুগল ভবনের বাড়িতে দোতলায় থাকতেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তাঁর সঙ্গে দেখা করি। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিই। তখন থেকেই তিনি সুস্থ ভাবে কথা বলার ক্ষমতা হারিয়ে ছিলেন। তাঁর মৃত্যু এক রাজনৈতিক ক্ষতি। পরিবারের প্রতি সমবেদনা জানাই। তাঁর আত্মার চির শান্তি কামনা করি।’
কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে পা রেখেছিলেন মুকুল। ১৯৯৮ সালে যখন জাতীয় কংগ্রেস ভেঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস গঠন করেন, তখন ছায়াসঙ্গীর মতো মমতার পাশে ছিলেন মুকুল রায়। একসময়ে তৃণমূলের তিলজলার পার্টি অফিসে সপরিবারে থাকতেন। জেলা থেকে শহর, প্রতিটি ব্লক বা বুথ স্তরে পরিচিতি ছিল তাঁর। সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ ছিলেন মুকুল রায়। তৃণমূল স্তরে গিয়ে সংগঠন করেছিলেন মুকুল। ২০০৬ সালে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয় তাঁকে। দলের ‘সেকেন্ড ইন কম্যান্ড’ ছিলেন তিনি। ২০০১ সালে বিধানসভা নির্বাচনে প্রথমবার জগদ্দল বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন । তবে হেরে যান ফরওয়ার্ড ব্লক প্রার্থী হরিপদ বিশ্বাসের কাছে। কিন্তু থেমে থাকতে জানতেন না মুকুল। ২০০৬ সালে তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য মনোনীত হন। দিল্লিতে তৃণমূলের মুখ ছিলেন রাজনীতিবিদ। ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ছিলেন। ২০১৭ সাল পর্যন্ত সাংসদ ছিলেন তিনি।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Mukul Roy passed away: তাঁর মৃত্যু এক রাজনৈতিক ক্ষতি… বর্ষীয়ান রাজনীতিবিদ মুকুল রায়ের সহসা প্রয়াণে শোকস্তব্ধ অধীর চৌধুরী



Post Comment