Mohammed Shami On His Retirement: ‘আমি ছেড়ে চলে যাব…’! দলীপে নামার আগে অবসর নিয়ে বিস্ফোরক ‘ব্রাত্য’ শামি…

Mohammed Shami On His Retirement: ‘আমি ছেড়ে চলে যাব…’! দলীপে নামার আগে অবসর নিয়ে বিস্ফোরক ‘ব্রাত্য’ শামি…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহম্মদ শামি (Mohammed Shami) দীর্ঘদিন ধরে মাঠের বাইরে। চোট-আঘাত জনিত কারণেই সেই চেনা ফর্ম হারিয়েছেন তিনি। ফলে জাতীয় দলেও ৩৪ বছরের পেসার ব্রাত্য। গত মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিই ছিল শামির শেষ আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট। এরপর আইপিএলে (IPL 2025) সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) হয়ে খেলেও সেভাবে তিনি দাগ কাটতে পারেননি।

ইংল্যান্ডের বিরুদ্ধে (India vs England) অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতেও (Anderson-Tendulkar Trophy) শামি জায়গা পাননি। তখন একাধিক মিডিয়াতে লেখা হয়েছিল, যে ইংরেজদের বিরুদ্ধে দল নির্বাচনের আগে অজিত আগরকরের (Ajit Agarkar) নেতৃত্বাধীন বিসিসিআই নির্বাচন কমিটি, শামির সঙ্গে নাকি পরামর্শও করেছিল। তবে শামি নিজে তাঁর ফিটনেস নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন না। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের পাঁচ ম্যাচের সিরিজেও শামি ছিলেন না। সেবারও ইংল্যান্ডের মতোই ফিটনেস নিয়ে সন্দিহান ছিলেন তিনি। উত্তরপ্রদেশের আমরোহার জোরে বোলার বাংলার হয়ে দলীপ ট্রফির (Duleep Trophy) হাত ধরে ঘরোয়া ক্রিকেটে ফিরছেন। আর তার আগে এক সর্বভারতীয় মিডিয়ায় বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছেন তিনি। কথা বলেছেন অবসর নিয়ে (Mohammed Shami On His Retirement)

আরও পড়ুন: ‘যদি ভারতীয়রা দেশপ্রেমী হয়…’ ভারত-পাক মহাযুদ্ধের আগে বিস্ফোরক ওয়াসিম আক্রম!

অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের আগে শামির মনে কী চলছিল…

‘ইংল্যান্ডের আগে অস্ট্রেলিয়া সফরে সময়েও ঠিক একই ঘটনা ঘটেছিল। আমার অস্বস্তি হচ্ছিল। আমি এই চিন্তাভাবনায় বিশ্বাসী যে, যদি তুমি সেই স্তরে না থাকো যে স্তরে দল তোমাকে চায়, তাহলে তোমার এক পা পিছিয়ে আসাই উচিত। আমি কাউকে দোষারোপ করিনি বা অভিযোগও করিনি যে, নির্বাচকদের আমার সাথে কথা বলা উচিত বা বলা উচিত নয়। আমি এটা নিয়ে খুব একটা মাথা ঘামাইনি। যদি আমি দলের পরিকল্পনার সঙ্গে মানানসই হই, তাহলে আমাকে দলে নির্বাচন করুন। আমি যদি মানানসই না হই, তাহলে আমাকে নির্বাচন করবেন না। আমার কোন আপত্তি নেই। আপনি আপনার দায়িত্ব পালন করুন এবং দেশের জন্য যা ভালো তাই করুন। আমি বিশ্বাস করি যে, আমি যদি আপনাকে সুযোগ দেন, তাহলে আমি আমার সেরাটা দেওয়ারই চেষ্টা করব। আমি কঠোর পরিশ্রম করছি। যদি আমি দলীপ ট্রফি খেলতে পারি, তাহলে অবশ্যই দেশের হয়ে টি-টোয়েন্টিও খেলতে পারব।’

প্রত্যাশা নেই আর শামির…

‘আমার কোনও প্রত্যাশা নেই। আমি নিজের ক্ষমতার উপর বিশ্বাস করি। যদি আপনি আমাকে সুযোগ দেন, আমি আমার সর্বোচ্চটা দেব। নির্বাচন আমার হাতে নেই। আমি সব ফর্ম্যাটেই খেলতে প্রস্তুত। যদি আমি দলীপ ট্রফিতে পাঁচ দিন খেলতে পারি, তাহলে আমি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারব কিনা, তা নিয়ে কোনও আলোচনা হওয়াই উচিত নয়।’

আরও পড়ুন: ২০৯৭ উইকেট+১২৩৮৮ রান, এশিয়া কাপের আগেই অবসর মহারথীর! মাথায় আকাশ ভেঙে পড়ল ভারতের…

তেইশের নায়কের স্বপ্ন সাতাশে…

‘আমার এখন একটাই স্বপ্ন বাকি আছে। তা হল ওডিআই বিশ্বকাপ জেতা। আমি সেই দলের অংশ হতে চাই এবং এমন পারফর্ম করতে চাই যাতে ওডিআই বিশ্বকাপ জিতে দেশে ফিরতে পারি। আমরা ২০২৩ সালে কাপ জেতার খুব কাছাকাছি ছিলাম। আমাদের একটা সাহস ছিল, কিন্তু আমাদের একটা ভয়ও ছিল যে, আমরা একটানা জিতছি, আর সেটা ছিল নকআউট পর্ব। তবে ভক্তদের উৎসাহ এবং বিশ্বাস আমাদের অনুপ্রাণিত করেছিল। এটা এমন একটা স্বপ্ন ছিল যা পূরণ হতে পারত, কিন্তু হয়তো আমাদের ভাগ্যে ছিল না।’
 
অবসরের প্রসঙ্গে শামি…

‘যদি কারোর সমস্যা হয় তাহলে আমাকে বলুক। ভাবটা এমন যেন, আমি অবসর নিলে তাদের জীবন আরও ভালো হয়ে যাবে। বলুন কার জীবনে আমি এতটা শক্তিশালী হয়ে গেছি যে, সে চায় আমি অবসর নিই! যেদিন আমার একঘেয়ে লাগবে, সেদিনই আমি ছেড়ে চলে যাব। আপনি আমাকে দলে না নিলেও  আমি কঠোর পরিশ্রম করে যাব। আমাকে আন্তর্জাতিক ক্রিকেটে বেছে নেওয়া না হলেও, আমি ঘরোয়া খেলে যাব। আমি কোথাও না কোথাও খেলবই। যখন একঘেয়ে লাগতে শুরু করবে তখনই আমাকে খেলা ছাড়ার এই সিদ্ধান্ত নিতে হবে। এখন আমার সেই সময় নয়।’

আরও পড়ুন: ৪১৫৮৮ রান + ৯০ সেঞ্চুরি, বিশ্বকাপজয়ী লড়ছেন ক্যানসারের সঙ্গে ! প্রার্থনায় গোটা দেশ…

গতবছর প্রায় দীর্ঘ এক বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেই ছাপ রেখেছিলেন শামি। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে, বাংলা-মধ্যপ্রদেশ রঞ্জি ম্যাচের হাত ধরে শামি, ৩৬০ দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন তিনি। শামি দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন সাত উইকেটও। শামি না থাকলে হয়তো বাংলা ওই রুদ্ধশ্বাস ম্যাচে হেরেও যেতে পারত। প্রত্যাবর্তনের পুরস্কার পেলেন শামি। ফের একবার ঘরোয়া ক্রিকেটে আগুন জ্বালাতে তৈরি শামি। দেখা যাক নির্বাচকরা ফের তাঁর কথা ভাবেন কিনা!

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 



Post Comment

You May Have Missed