Job News চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! উচ্চ মাধ্যমিক পাশ থাকলেই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ, জানুন
Last Updated:
Job News: চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর! জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে বিরাট চাকরি শিবির। কারা সুযোগ পাবেন জানুন…
এগরা, মদন মাইতি: জেলার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এসেছে জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্র। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করলেই মিলবে চাকরির সুযোগ। কোনও লিখিত পরীক্ষা নয়। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় থাকা কর্মপ্রার্থীদের জন্য এটি সুবর্ণ সুযোগ।
২৬ ফেব্রুয়ারি এই চাকরি শিবির হচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যেই চাকরিপ্রার্থীদের উপস্থিত হতে হবে জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের অফিসে। সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে আনতে হবে প্রার্থীদের। এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালিত হবে বলে জানানো হয়েছে।
এই নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ১৯ থেকে ৩৫-এর মধ্যে। ছেলে এবং মেয়ে উভয়ই চাকরি শিবিরে অংশগ্রহণ করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে। সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমেই উপযুক্ত প্রার্থীদের বেছে নেওয়া হবে। বেতনও থাকবে আকর্ষণীয়। সংস্থার তরফে জানানো হয়েছে শুরুতেই ১৭ হাজার টাকা বেতন থাকবে। থাকবে অন্যান্য সুযোগ-সুবিধা।
এগরা জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের অফিসার ইনচার্জ এম ডি হাসিম জানান, ”জেলার চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরেই চাকরির জন্য আবেদন জানিয়ে আসছিলেন। সেই কারণেই তাঁদের জন্য এই চাকরি শিবিরের আয়োজন করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি সরাসরি ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে।” নথিপত্র হিসেবে কী কী লাগবে তাও জানিয়েছে জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্র। প্রার্থীদের সঙ্গে রাখতে হবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক রেজিস্ট্রেশনের কপি।
সম্পূর্ণ জীবনপঞ্জি এবং শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রও আনতে হবে। এছাড়াও পাসপোর্ট সাইজের দু’টি ফটো। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রার্থীকে অবশ্যই আগে থেকেই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত থাকতে হবে।
Purba Medinipur,West Bengal




Post Comment