Eid: তাজমহল, লালকেল্লা, ইন্ডিয়া গেট…ঈদের মিলন উৎসবেও থিমের রমরমা! সেজে উঠছে জয়নগর

Eid: তাজমহল, লালকেল্লা, ইন্ডিয়া গেট…ঈদের মিলন উৎসবেও থিমের রমরমা! সেজে উঠছে জয়নগর

Last Updated:

Eid: জয়নগরের পদ্মেরহাটে আয়োজিত হয়েছে এক সপ্তাহব্যাপী ঈদ মিলন উৎসব। আলোর রোশনাই, রঙিন সাজসজ্জা আর মানুষের কোলাহলে মুখর হয়ে উঠছে এলাকা৷

+

তাজমহল লালকেল্লা ইন্ডিয়া গেট সাজছে আলোর রোশনাইয়ে

দক্ষিণ ২৪ পরগনা, জয়নগর, সুমন সাহা: পবিত্র ঈদকে ঘিরে উৎসবের আবহে মেতে উঠেছে জয়নগরের পদ্মেরহাট। প্রতিবছরের মতো এ বছরও নবজাগরণ সংঘের উদ্যোগে আয়োজিত হয়েছে এক সপ্তাহব্যাপী ঈদ মিলন উৎসব। শুরু থেকেই এই আয়োজন ঘিরে উৎসাহ ও কৌতূহল ছিল চোখে পড়ার মতো। সন্ধ্যা নামতেই আলোর রোশনাই, রঙিন সাজসজ্জা আর মানুষের কোলাহলে মুখর হয়ে উঠছে পুরো এলাকা।

এবারের উৎসবের মূল আকর্ষণ ঐতিহাসিক স্থাপত্যের আদলে নির্মিত একাধিক ভাবনা। তার মধ্যে বিশেষভাবে দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে বাবরি মসজিদ এর অনুকৃতি। নিখুঁত নকশা, গম্বুজের গঠন এবং আলোকসজ্জার মেলবন্ধনে কাঠামোটি যেন বাস্তবের আবহ তৈরি করেছে। পাশাপাশি সমানভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে তাজমহল, লালকেল্লা-এর লাহোরি প্রবেশদ্বার এবং ইন্ডিয়া গেট এর আদলে নির্মিত প্রবেশপথ।

প্রতিটি স্থাপত্যেই শিল্পীদের সূক্ষ্ম কারুকাজ ও নিষ্ঠার ছাপ স্পষ্ট। আয়োজকদের বক্তব্য, এই ভাবনার মাধ্যমে কেবল সৌন্দর্য উপস্থাপন নয়, বরং ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা তুলে ধরাই তাঁদের উদ্দেশ্য। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত দক্ষ শিল্পীরা দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে এই নির্মাণকাজ সম্পন্ন করেছেন। তাঁদের সৃজনশীলতায় উৎসব প্রাঙ্গণ যেন এক শিল্পগ্রামে পরিণত হয়েছে।

উৎসবকে ঘিরে রয়েছে নানা আয়োজন। শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা, বিভিন্ন স্বাদের খাদ্যের দোকান এবং প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শনার্থীদের আকর্ষণ বাড়াচ্ছে। ফলে এটি শুধু ধর্মীয় অনুষ্ঠানেই সীমাবদ্ধ নয়, বরং এক সামাজিক সম্প্রীতির মিলনক্ষেত্রে পরিণত হয়েছে।

নিরাপত্তার বিষয়েও বিশেষ নজর দেওয়া হয়েছে। প্রশাসনের সহযোগিতায় পুরো এলাকা নজরদারির আওতায় রাখা হয়েছে, যাতে সকলেই শান্তিপূর্ণভাবে উৎসব উপভোগ করতে পারেন। সব মিলিয়ে, ঈদের আনন্দে জয়নগরের পদ্মেরহাট আজ ঐতিহ্য, শিল্প ও সম্প্রীতির এক উজ্জ্বল প্রতীক হয়ে উঠেছে।

Previous post

ক্যাচ ফেলে কি ওয়েস্ট ইন্ডিজ়ের হাতে ম্যাচ তুলে দিল জ়িম্বাবোয়ে? হেটমায়ারের প্রলয়ে রেকর্ড

Next post

BJP Parivartan Yatra 2026: পরিবর্তন রথযাত্রা-র উদ্বোধনে বাংলায় আসছেন অমিত শাহ-রাজনাথ সিংরা! দু’দিন ধরে চলবে হেভিওয়েট নেতাদের চমকপ্রদ উপস্থিতি

Post Comment

You May Have Missed