East Medinipur News: জলস্তর বাড়ছে কাঁসাই নদীতে, বাঁধ পরিদর্শনে জেলাশাসক!
Last Updated:
সোমবার থেকে নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় কংসাবতী আপার ড্যাম থেকে আরও জল ছাড়া হতে পারে বলে জানা যায় প্রশাসন সূত্রে। কংসাবতীতে জলস্তর বাড়ায় দুশ্চিন্তার মেঘ পাঁশকুড়াবাসীর মনে। সতর্ক হয়েছে প্রশাসন।
সৈকত শী , পাঁশকুড়া: সোমবার থেকে টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। একদিকে সক্রিয় মৌসুমি বায়ু অন্যদিকে নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা পশ্চিমের জেলাগুলিতে টানা বৃষ্টি চলছে। টানা বৃষ্টিতে বেড়েছে নদ-নদীর জলস্তর। এর পাশাপাশি নিম্ন চাপের কারণে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির কারণে একাধিক ড্যাম থেকে জল ছাড়া হয়েছে। নতুন করে সোমবার থেকে বৃষ্টি শুরু হওয়ায় আবারও একবার কংসাবতী আপার ড্যাম থেকে জল ছাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যায় প্রশাসন থেকে। ইতিমধ্যেই ফুলে ফেঁপে উঠেছে কাঁসাই নদীর জল। সতর্ক প্রশাসন
অতিবর্ষণ ও ব্যারেজের ছাড়া জলে পাঁশকুড়ার কংসাবতী নদী ফুলে ফেঁপে উঠেছে, রবিবার বিকেল থেকেই কাঁসাই নদীর জলস্তর হঠাৎ করেই বাড়তে শুরু করে, এমনকি চরম বিপদ সীমা অতিক্রম করে। রবিবার রাতের দিকে পাঁশকুড়া পৌরসভার এলাকায় কাঁসাই নদীর বাঁধে গর্ত দেখা দেয়। রাতেই ইরিগেশন ডিপার্টমেন্টের তৎপরতায় সেটি বন্ধ করা হয়। সোমবার নদী বাঁধ পরিদর্শনে আসেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাজী, উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সৌভিক চট্টোপাধ্যায়, তমলুকের মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার, সেচ দফতরের আধিকারিক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা।
এদিন জেলাশাসক প্রথমে লকগেটে জলস্তর দেখেন, তারপর যে এলাকাগুলিতে গর্ত দেখা যায় সেই এলাকা পরিদর্শনে যান, এদিন পরিদর্শন শেষে পাঁশকুড়া বিডিও অফিসে পাঁশকুড়া ব্লকের সমস্ত পঞ্চায়েত প্রধানদের নিয়ে একটি ভিসি করেন। পরিশেষে জেলাশাসক বলেন, ‘”যদি জল বাড়ে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে নিতে বলা হয়েছে। যে সমস্ত জায়গাগুলোতে গর্ত হয়েছে, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের নদীবাঁধে নজরদারি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। নদী বাঁধগুলোতে বিভিন্ন জায়গায় বস্তা দিয়ে উঁচু করা হয়েছে।’
প্রসঙ্গত ২০২৪ সালে সেপ্টেম্বর মাসে কাঁসাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা। প্রভূত ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় পাঁশকুড়াবাসী। এবার বর্ষার শুরু থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। একাধিক ব্যারেজ থেকে জল ছাড়ায় বাড়ছে নদ-নদীর জলস্তর। পাঁশকুড়ায় কংসাবতীর নদীর জলেশ্বর বিপদসীমার ওপর দিয়ে বইছে। ফলে চিন্তিত রয়েছে পাঁশকুড়াবাসী সতর্ক রয়েছে প্রশাসন। নতুন করে সোমবার থেকে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ বঙ্গ জুড়ে। পাঁশকুড়ায় কাঁসাই নদীর বাঁধ পরিদর্শনের পর জেলাশাসক ময়না ব্লকে কাঁসাই নদীর বাঁধ পরিদর্শনে যান। সব মিলিয়ে তৎপর রয়েছে প্রশাসন।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
July 14, 2025 7:56 PM IST



Post Comment