East Bengal: বুকে কাঁপুনি ধরবে বিপক্ষের ডিফেন্সে! মশালবাহিনীতে উত্তর-পূর্বের আগুনে দুই যোদ্ধা

East Bengal: বুকে কাঁপুনি ধরবে বিপক্ষের ডিফেন্সে! মশালবাহিনীতে উত্তর-পূর্বের আগুনে দুই যোদ্ধা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগুনে স্কোয়াড তৈরি করছে ইস্টবেঙ্গল (East Bengal)। মিডফিল্ডার সৌভিক চক্রবর্তীর (Souvik Chakrabarti) ও পিভি বিষ্ণুর (Vishnu PV) সঙ্গে আরও দু’বছর চুক্তি নবীকরণের বার্তা দিয়েই, লাল-হলুদ তিন বছরের চুক্তিতে নিয়েছে রিয়াল কাশ্মীরের (Real Kashmir FC) প্রতিভাবান মিডফিল্ডার রামসাঙ্গাকে (Ramsanga)। রবিবার অর্থাত্‍ আজ লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব একসঙ্গে জাতীয় দলের জোড়া ফুটবলারকে সই করিয়ে নিল। ইস্টবেঙ্গলে এলেন এডমন্ড লালরিনডিকা (Edmund Lalrindika) ও বিপিন সিংকে (Bipin Singh)

এডমন্ড লালরিনডিকা 

মিজোরামের লুংলেইয়ের ৫ ফুট ৯ ইঞ্চির উইঙ্গার লালরিনডিকার ‘ঘর ওয়াপসি’ হল ইস্টবেঙ্গলে। এআইএফএফ-এর এলিট অ্যাকাডেমিতে যুব কেরিয়ার তৈরি করা লালরিনডিকা ২০১৯-২০ মরসুমে বেঙ্গালুরু ছেড়ে লোনে এসেছিলেন ইস্টবেঙ্গলে। লাল-হলুদ জার্সিতে দু’টি ম্যাচ খেলেছেন লালরিনডিকা। যার মধ্যে রয়েছে একটি ডার্বি। মহারণে রয়েছে তাঁর অ্যাসিস্টও। তবে চোটের কারণে ইস্টবেঙ্গেলর সঙ্গে তাঁর পথচলা অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল।

আরও পড়ুন: ISL 2025-26 হবে! ‘হ্যাঁ’ না ‘না’? বিরাট আপডেট দিল AIFF
 

ইউটিলিটি প্লেয়ার

লালরিনডিকা প্রকৃত পক্ষেই ইউটিলিটি প্লেয়ার। একদিকে তিনি যেমন দুরন্ত অ্যাটাকার। তেমনই এই স্ট্রাইকার সাবলীল সেন্টার-ফরোয়ার্ড, উইঙ্গার এবং আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবেও। ২০২৪-২৫ মরসুমে লালরিনডিকা ইন্টার কাশির হয়ে ২৪ ম্যাচে ১৮৪৬ মিনিট খেলেছেন, ৪ গোল করেছেন এবং ছ’টি অ্যাসিস্ট করেছেন। ২৬ বছর বয়সী এই খেলোয়াড় আই-লিগের গত দুই সংস্করণে অসাধারণ পারফর্মার ছিলেন। ৮ গোলের সঙ্গেই করেছেন ১৩টি অ্যাসিস্ট করেছেন। চলতি বছর আই-লিগে দুয়ে শেষ করেছে ইন্টার কাশী। তবে ইস্টবেঙ্গলের হয়ে আইএসএল খেলার সুযোগ ছাড়েননি লালরিনডিকা। জাতীয় দলের সিনিয়র টিমের হয়ে খেলার আগে লালরিনডিকা অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ স্তরেও ভারতের প্রতিনিধিত্ব করেছেন। গত বছর ৬ জুন সল্টলেক স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে ফিফা বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে সিনিয়র দলে ডেবিউ করেন লালরিনডিকা। লাল-হলুদে পরবেন ১০ নম্বর জার্সি

থাংবই সিংটো (ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবল)

‘এডমন্ডের প্রত্যাবর্তন আমাদের কাছে বিরাট পাওনা। ওর ট্র্যাক রেকর্ড প্রমাণিত। বহুমুখী প্রতিভার অধিকারী ইস্টবেঙ্গলের নীতি-নৈতিকতার সঙ্গে পরিচিতি এবং উৎসাহী ভক্তরা তাঁর সংযোজন রোমাঞ্চকর করে তুলবে। আমরা বিশ্বাস করি যে, এডমন্ডে আমাদের বড় শিরোপা জয়ের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।’

অস্কার ব্রুজ়োঁ (ইস্টবেঙ্গলের হেড কোচ)

‘এডমন্ড ইন্টার কাশির সঙ্গে সদ্য অসাধারণ মরসুম কাটিয়েছে। এমনকী জাতীয় দলেও ডাক পেয়েছে। আমরা ওর পারফরম্যান্স খুব কাছ থেকে দেখেছি। আমি খুশি, কারণ আমরা এমন একজন খেলোয়াড়কে পেয়েছি যার ভাবমূর্তি এখন উপরের দিকে এবং বিভিন্ন আক্রমণাত্মক পরিস্থিতিতে সত্যিই পার্থক্য গড়ে দিতে পারে।’
 
এডমন্ড লালরিনডিকা 

‘আমি সবসময়ই ইস্টবেঙ্গলে ফেরার স্বপ্ন দেখতাম। ক্লাবের সঙ্গে অভিষেকেই আমি চোট পেয়েছিলাম। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। আর এটা ঘটেছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে ডার্বির সময়। এখন যেহেতু আমি ফিরে এসেছি, আমার মনে হয় এখানে আমার কিছু অসমাপ্ত কাজ রয়েছে। আমার সর্বস্ব দিতে চাই, এই দুর্দান্ত ক্লাবের জন্য গোল করতে, ডার্বি জিততে এবং টুর্নামেন্ট জিততে। পাঁচ বছর আগে ইস্টবেঙ্গলের ভক্তরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছিলেন। এখন আমি তাঁদের দেখাতে চাই যে, আমি আসলে কী করতে সক্ষম। জয় ইস্টবেঙ্গল!’

বিপিন সিং

জাতীয় দলের স্টার উইঙ্গার বিপিন সিংয়ের সঙ্গে ইস্টবেঙ্গল ২০২৭ পর্যন্ত দু’বছরের চুক্তি করেছে। মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে তাঁর কাছে। বিপিনকে এক ডাকে চেনে আইএসএল। বিপিন মুম্বই সিটি এফসি-তে বিগত সাত বছর কাটিয়ে দুটি আইএসএল শিল্ড এবং দু’টি আইএসএল কাপ জিতেছেন। তিনি ২৯ নম্বর জার্সি পরবেন ইস্টবেঙ্গলে। 

বিপিনের শক্তি

গতি, আক্রমণাত্মক বহুমুখীতা এবং ক্লিনিক্যাল ফিনিশিংয়ের জন্য বিপিন পরিচিত। মুম্বই সিটি-র হয়ে সর্বাধিক (১৫৮) খেলায় অংশগ্রহণ করেছেন এবং ২৮ গোল এবং ১৭টি অ্যাসিস্ট রয়েছে। মুম্বইয়ের সর্বকালের দ্বিতীয় সর্বাধিক স্কোরার তিনি। ২০২১ এবং ২০২৪ সালে আইএসএল ফাইনালে গোল করার কৃতিত্ব রয়েছে বিপিনের। মণিপুরে জন্মানো এই উইঙ্গার ২০১২ সালে শিলং লাজং এফসি-তে তাঁর সিনিয়র কেরিয়ার শুরু করেছিলেন। ২০১৭ সালে এটিকে-তে যোগ দেন তিনি। ২০১৮ সালে বিপিন মুম্বই সিটিতে এসেছিলেন। বিপিন ২০২১ সালের ২৫ মার্চ ওমানের বিরুদ্ধে জাতীয় দলে অভিষেক করেছিলেন। ২০২৩ সালে ত্রিদেশীয় সিরিজ জয়ী ব্লু টাইগার্স দলের অংশ ছিলেন। আইএসএলের অভিজ্ঞ বিপিন, এখনও পর্যন্ত ১৪১টি আইএসএল ম্যাচে অংশ নিয়েছেন, ২৭ গোল করেছেন এবং ১২ অ্যাসিস্ট লিখিয়েছেন নাম। ২০২৪-২৫ আইএসএলে তিনি ২১ ম্যাচে একটি গোল করেছেন।

থাংবই সিংটো (ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবল)

‘বিপিন একজন গতিশীল এবং অভিজ্ঞ উইঙ্গার। যিনি আমাদের দলে জয়ের মানসিকতা নিয়ে আসবেন। তাঁর সৃজনশীলতা এবং গোল করার দক্ষতা দিয়ে খেলায় প্রভাব ফেলার ক্ষমতা অমূল্য হবে আমাদের কাছে। আমরা শীর্ষস্থানের জন্য প্রতিযোগিতায় লড়াই করব এবং শিরোপা তাড়া করার লক্ষ্যে কাজ করছি।’

অস্কার ব্রুজ়োঁ (ইস্টবেঙ্গলের হেড কোচ)

‘বিপিন অভিজ্ঞ ফুটবলার। কথা বলে  ওর প্রমাণিত ট্র্যাক রেকর্ড এবং আন্তর্জাতিক অভিজ্ঞতাও রয়েছে। তিনি আমাদের আক্রমণভাগে নতুন সম্ভাবনা প্রদান করবেন। গত মরসুমে ফাইনাল থার্ডে আমাদের যে ত্রুটিগুলির মুখোমুখি হয়েছিলাম, তা বিপিন পূরণ করবে বলেই আশা করছি।’  

বিপিন সিং

‘ঐতিহাসিক ক্লাবে যোগ দিতে পেরে আমি সম্মানিত। আমি এই ব্যাজের জন্য আমার সর্বস্ব উজাড় করে দেব গোল এবং অ্যাসিস্ট করে। ইস্টবেঙ্গলের সাফল্যে অবদান রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আমি আমার ক্লাবের হয়ে ডার্বি খেলতে এবং জিততে মুখিয়ে আছি। ট্রফি জিততে এবং অবিশ্বাস্য ইস্টবেঙ্গল ভক্তদের জন্য স্থায়ী স্মৃতি তৈরি করতে আগ্রহী।’

আরও পড়ুন: সবুজ গালিচায় নীল বিপ্লবে টি-২০ বিশ্বকাপে ইতালি! আজুরিদের হয়ে ইতিহাস এই প্রাক্তন অজির

বিগত কয়েক ঘণ্টায় ভারতীয় ফুটবলের আকাশ আরও অন্ধকার হয়েছে! জল্পনাই শেষপর্যন্ত সত্যি হল। আপাতত আইএসএল ২০২৫-২৬ মরসুম মুলতুবি রাখার সিদ্ধান্ত নিয়েছে ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড ওরফে এফএসডিএল। সর্বভারতীয় ফুটবল সংস্থা  ও অংশগ্রহণকারী ক্লাবগুলিকে চিঠি দিয়ে সেকথা জানিয়ে দিয়েছে তারা। তবে গত শনিবার দুপুরে বিবৃতি দিয়ে আশার বাণী শোনাল এআইএফএফ। ভারতীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানিয়ে দিল যে, আইএসএল যাতে হয়, তার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে। আইএসএল অনিশ্চয়তার মাঝেই ইস্টবেঙ্গল কিন্তু একের পর এক ফুটবলার সই করিয়ে নিচ্ছে।

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)



Previous post

টলিপাড়ায় ফের বিয়ের সানাই.. দীর্ঘদিনের বন্ধুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী রূপা

Next post

সত্যিই কি চুরির দায়ে গ্রেফতার হয়েছেন আবদু রোজ়িক? অবশেষে মুখ খুললেন সলমন খানের প্রিয় পাত্র

Post Comment

You May Have Missed