‘আজকের মধ্যে ভোটারদের হুমকি দেওয়া বন্ধ করতে হবে’, কমিশনের নজরে ‘ডায়মন্ড হারবার’
কলকাতা : ভোটের আগে ডায়মন্ড হারবারে বাইক বাহিনীর ‘দাপট’ ! বাইক বাহিনীর দৌরাত্ম্যের ভিডিও প্রকাশ নির্বাচন কমিশনের। বাইকে চেপে ভোটারদের ‘হুমকি’, ভিডিও প্রকাশ করে নির্বাচন কমিশনের বার্তা, ‘আজকের মধ্যে ভোটারদের হুমকি দেওয়া বন্ধ করতে হবে’। পুলিশ-সহ নির্বাচনী আধিকারিকদের এই ঘটনায় কড়া নির্দেশ কমিশনের। দ্বিতীয় দফার ভোটেও কঠোর নিরাপত্তার বন্দোবস্ত, বার্তা CEO-র। ‘কোনও রকম অশান্তি, বাধাদান বরদাস্ত করা হবে না’, দ্বিতীয় দফার আগে কাকদ্বীপে গিয়ে বার্তা মনোজ আগরওয়ালের। সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক CEO-র। ‘নির্ভয়ে ভোট দিতে ভোটারদের উৎসাহিত করুন’, রাজনৈতিক দলের প্রতিনিধিদের বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিকের।
‘ভয়ঙ্কর খেলব ৪ তারিখ, মনে থাকে যেন’, ভিডিওতে ডায়মন্ড হারবারের ভোটারদের হুমকি বাইক বাহিনীর। এই ঘটনায় নির্বাচন কমিশনের নির্দেশে মামলা রুজু করেছে পুলিশ। ডায়মন্ড হারবারে ৫ পুলিশ আধিকারিককে বদলির পর এবার আরও কড়া কমিশন।
ভোটের আবহে ডায়মন্ড হারবারে কী কী পদক্ষেপ নির্বাচন কমিশনে
দ্বিতীয় দফার ভোটের আগে আরও কড়া নির্বাচন কমিশন। ডায়মন্ড হারবার পুলিশ জেলায় ইতিমধ্যেই ৫ জন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করেছে তারা। সাসপেন্ড হওয়া ৫ জন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় তদন্ত শুরু করারও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে ১১ জন অতিরিক্ত পুলিশ পর্যবেক্ষককেও নিয়োগ করা হয়েছে একাধিক জেলায়।
নতুন তালিকা অনুযায়ী, ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াইয়ের জায়গায় নিয়ে আসা হয়েছে অভিষেক মজুমদারকে। সজল মণ্ডলের জায়গায় ডায়মন্ড হারবারের SDPO-র দায়িত্ব দেওয়া হয়েছে বিজয় যাদবকে। অজয় বাগের জায়গায় ফলতা থানার IC পদে আনা হয়েছে পার্থসারথি ঘোষকে। মৌসম চক্রবর্তীর জায়গায় ডায়মন্ড হারবার থানার IC করা হয়েছে প্রসেনজিৎ করকে। সাসপেন্ডেড শুভেচ্ছা বাগের জায়গায় উস্তি থানার OC-র দায়িত্বে আনা হয়েছে রাহুল কুমারকে।
দ্বিতীয় দফার ভোটে ১৬ হাজার ভোটকর্মী
দক্ষিণবঙ্গে দ্বিতীয় দফার ভোটে, উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলা থেকে ১৬ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মীকে ভোটকর্মী হিসেবে নিয়োগ করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে জেলাশাসকদের কাছে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রিজাইডিং অফিসার থেকে পোলিং অফিসার, বিভিন্ন পদে ভোটের দায়িত্ব সামলাবেন ওই ১৬ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মী। ২৩ এপ্রিল প্রথম দফায়, উত্তরবঙ্গ সহ যে ১৬ জেলায় ভোট হয়ে গেছে, সেই সব জেলা থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভোটকর্মী হিসেবে দ্বিতীয় দফায় দক্ষিণবঙ্গে পাঠানো হচ্ছে।



Post Comment