Sisir Adhikari: ‘সিআরপিএফ-এর ডান্ডা পড়েছে বলেই শান্তিতে ভোট!’ ফল নিয়ে কী ভবিষ্যদ্বাণী করলেন শিশির অধিকারী?

Sisir Adhikari: ‘সিআরপিএফ-এর ডান্ডা পড়েছে বলেই শান্তিতে ভোট!’ ফল নিয়ে কী ভবিষ্যদ্বাণী করলেন শিশির অধিকারী?

Last Updated:

Sisir Adhikari: ছেলে শুভেন্দুর ওপর ভরসা! নন্দীগ্রাম-ভবানীপুরে রেকর্ড জয়ের দাবি শিশির অধিকারীর। পাশাপশি নির্বাচন কমিশনের কাজের প্রশংসা করলেন তিনি

+

‘সিআরপিএফ-এর ডান্ডা পড়েছে বলেই শান্তিতে ভোট!’ ফল নিয়ে কী ভবিষ্যদ্বাণী করলেন শিশির অধিকারী? File Image

কাঁথি, মদন মাইতি:  ‘সিআরপিএফ-এর ডান্ডা দু চার জায়গায় পড়েছে বলে ভোটটা শান্তিপূর্ণ হল।’ লোকাল ১৮ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচন কমিশনের প্রশংসা করলেন শিশির অধিকারী। বলেন, “ইলেকশন কমিশনকে ধন্যবাদ দেওয়া উচিত। বাংলায় গত ২৫-৩০ বছরে এই ধরনের ভোট কখনও হয়নি। যারা উৎপাত করতে এসেছিল। তারা করেছিল দু’চার জায়গায়। তাদের মৃদু পেটান (প্রহার) দিয়েছে বলে ভোট শান্তিপূর্ণ হল। মুর্শিদাবাদ এবং নদিয়ায় যারা এসব করে বেড়ায় তারা অনেকটা ভয় পেয়েছে। যার ফলে ভোটটা অনেকটা শান্তিপূর্ণ হয়েছে।”

এবার বিধানসভা ভোটের ফলাফল কী হবে? এ প্রশ্নের উত্তরে বর্ষীয়ান রাজনৈতিক শিশির অধিকারী বিজেপির উপর আস্থা রেখে বলেন এবার বাংলায় পরিবর্তন আসবে। তিনি বলেন, “বাংলায় একেবারে সুন্দর ভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। এবার ১৭০ থেকে ১৮০ এর মধ্যে থাকবে বিজেপি।” দীর্ঘ প্রায় ছয় দশকের রাজনৈতিক জীবন শিশির অধিকারীর।

গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসাবে ১৯৬২ সালে পথ চলা শুরু করে ধাপে ধাপে দু’বারের বিধায়ক হয়ে ২০০৯ থেকে ছেলে সৌমেন্দুর আগে পর্যন্ত কাঁথির সাংসদ ছিলেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরের প্রাক্তন প্রতিমন্ত্রীও ছিলেন ৮০ উর্দ্ধ এই দুঁদে রাজনীতিবিদ। তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের আস্থাভাজন শিশিরের রাজনৈতিক জীবনে বদল ঘটে ২০২০ সালে নভেম্বরে ছেলে শুভেন্দু অধিকারী বিজেপি-তে যাওয়ার থেকেই।

একুশের বিধানসভা ভোটের প্রচারে এগরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় হাজির থাকার পর থেকেই শিশিরের অবস্থান অস্পষ্ট হয়ে যায়। এবারে ছেলে দিব্যেন্দু অধিকারী হয়ে এগরার সভায় দেখা গিয়েছে তাঁকে।

সূত্রের খবর, ছেলে শুভেন্দুর হয়ে ভবানীপুরেও যেতে পারেন তিনি। গত বিধানসভা নির্বাচন গুলোর তুলনায় এবারে প্রথম দফার নির্বাচনে ভোটে হার অনেকটাই বেশি। ৯২ শতাংশর অধিক ভোট পড়েছে। এ প্রসঙ্গে গত নির্বাচন গুলোর অশান্তিকে সামনে এনে শিশির অধিকারী বলেন, “একেবারে মগের মুল্লুকের মত। ভোট বাক্স লুট। ব্যালট চিবিয়ে খেয়ে নেওয়া। পুকুরে ফেলে দেওয়া। কাঁথি পৌরসভায় গত পৌর ভোটে ডাকাতি হয়েছিল। তার ফল একেবারে হাতে হাতে পেয়ে গিয়েছে এবারে।”

পূর্ব মেদিনীপুরে একদা তিনিই ছিলেন দলের কাণ্ডারী। এবার পূর্ব মেদিনীপুরের বিধানসভা নির্বাচনের ফলাফল কী হবে? লোকাল ১৮ বাংলার এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “পূর্ব মেদিনীপুরের নীরব বিপ্লব ঘটবে ১৬ তে ১৬ টি আসনেই বিজেপি আসবে।”

ইতিমধ্যেই প্রথম দফার নির্বাচনের ১৬ টি জেলায় ১৫২ টি আসনে ভোট হয়েছে। প্রথম দফা ভোট হওয়া এই ১৫২ আসনের ফলাফল কী হতে পারে?  শিশির অধিকারীর বিজেপির উপর আস্থা রেখে বলেন, “আমার মনে হয় ১২০ থেকে ১২৫টি আসনে বিজেপি আসবে।”

গত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে ১৯৫৬ ভোটে জয়ী হয়েছিল শুভেন্দু। এবারে মমতা বন্দ্যোপাধ্যায় নয় শুভেন্দু অধিকারীর বিপক্ষে রয়েছে একদা তার এই ঘনিষ্ঠ তৃণমূলের পবিত্র কর। এবার তাহলে নন্দীগ্রামের ফলাফল কী হতে চলেছে, সেই বিষয়ে মতামত জানান তিনি।

Post Comment

You May Have Missed