‘এত ভোট কাটার পরেও এত শতাংশ ভোট কেন পড়েছে জানেন ?’ যা বললেন মমতা…
কলকাতা : SIR প্রক্রিয়ার পর এবার ভোটটা চ্যালেঞ্জের নির্বাচন কমিশনের কাছেও। অবাধ ও সুষ্ঠু ভোট করানো এবার কতটা সম্ভব হবে সেদিকে তাকিয়ে গোটা রাজ্যই। সেইমতো এবার গোড়া থেকে সক্রিয় ছিল কমিশন। নিরাপত্তা প্রচুর বাড়ানো হয়। এর পাশাপাশি ভোট উপলক্ষে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। এই পরিস্থিতিতে এদিন রাজ্যের বিভিন্ন কেন্দ্র থেকে অল্প বিস্তর অশান্তির খবর এলেও, প্রথম থেকেই ভাল ভোট পড়ার ট্রেন্ড দেখা যাচ্ছিল। সেইমতোই প্রথম দফায় বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০%। এই হারে ভোট পড়ার কারণ ব্যাখ্যা করলেন তৃণমূল নেত্রী। এদিন চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভামঞ্চ থেকেই এই হারে ভোট পড়ার কারণ হিসাবে তিনি বলেন, “এত ভোট কাটার পরেও এত শতাংশ ভোট কেন পড়েছে জানেন ? এটা আমার মনে হয়। আমি ভুলও হতে পারি। তার কারণ, মানুষ জানে এই ভোটটা তাঁদের অধিকার রক্ষার লড়াই। কারণ, এরপরে NRC করার পরিকল্পনা করবে।”
এরপরেই বিজেপির বিরুদ্ধে সুর চড়ান তৃণমূল নেত্রী। একাধিক ইস্যুতে আক্রমণ শানিয়ে তিনি বলেন, মনে রাখবেন, বিজেপির পতন শুরু হয়ে গেছে। ২০২৬-এই অগাস্টের পর থেকে ওদের অনেক দুঃসময় আসছে। আগে দিল্লি সামলান, তারপরে বাংলার দিকে তাকান। কী করেছেন বাংলার জন্য যে লোকে আপনাকে ভোট দেবে ? মেট্রোর পরিকল্পনা সব তো আমার করা। স্টেশনের নামগুলোও আমার দেওয়া। সারা বাংলাজুড়ে ২ লক্ষ কোটি টাকার ওপরে শুধু আমি মেট্রোরেলের জন্য দিয়ে গিয়েছিলাম। তারজন্য আমাকে সবাই বলতেন, আমি বাংলার রেলমন্ত্রী। এইভাবে আমাকে অসম্মান করা হতো, অপমান করা হতো। আমি সেগুলো ভুলিনি। ক্যাবিনেট মিটিংয়ে আমি একা ক্যাবিনেট ছিলাম বলে আমাকে কাঁদিয়েছে পর্যন্ত। আমি কোনও দিন আপনাদের বলিনি এইসব কথা। সাক্ষী অনেক আছে। আমি বাংলার লোক বাংলার জন্য করব না ? কেন আজমেঢ় শরিফের স্টেশনটা নতুন করে আমি করে দিইনি ? আমজেঢ় থেকে পুষ্কর ওই রেললাইনটা আমি করে দিইনি ? দিল্লির মেট্রোরেল আমি না থাকলে জীবনে হতো ? ওটা আমি বসে শর্ট-আউট করে শীলা দীক্ষিতের সঙ্গে উদ্বোধন করে এসেছিলাম। জিজ্ঞাসা করুন, মুম্বই রেলওয়ে বিকাশ কর্পোরেশন কে করেছিল ? আমি করেছিলাম। গর্ব করে বলতে পারি।”



Post Comment