Kunal Ghosh on Anirban Bhattacharya: অনির্বাণের ‘তির্যক’ হুলিগানইজ়মে তিনিও চরিত্র! রেগে না গিয়ে কুণাল বললেন, ‘মজা লেগেছে, ভালো লেগেছে’…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনির্বাণের (Anirban Bhattacharya) গানের দল ‘হুলি গান ইজ়ম’-এর (Hooliganism) গানে উত্তাল সোশ্যাল মিডিয়া। সম্প্রতি কলকাতার একটি কনসার্টের মঞ্চ থেকে ভাইরাল (Viral) তাঁদের গান। যে গানে তিন রাজনৈতিক দলের তিন প্রতিনিধিকে কটাক্ষ করে রয়েছে দু-এক লাইন। সেই তিন নেতা হলেন কুণাল ঘোষ (Kunal Ghosh), দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও শতরূপ ঘোষ (Shatarup Ghosh)। সেই গানেই উঠে এসেছে SIR থেকে শুরু করে AI। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই গান নিয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।
কুণাল ঘোষ সেই গানের ক্লিপটি শেয়ার করে লেখেন, “অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যর নতুন ব্যান্ড ‘হুলি-গান-ইজম’ এর গানের অংশ। আমার মজা লেগেছে, ভালো লেগেছে। গানের ধরণ, উপস্থাপনাও উপভোগ করলাম। একটু তির্যক? তাতে কী!! কুণাল ঘোষ এসব মজা নিতে জানে। ভালো থেকো অনির্বাণ।” অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় অনির্বাণের বিরুদ্ধেও তৈরি হয়েছে একাধিক মিম। আরজিকর কাণ্ডে ও চাকরি দুর্নীতিতে কেন চুপ ছিলেন অভিনেতা, তা নিয়েও উঠেছে প্রশ্ন।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, অনির্বাণ গাইছেন, “এসব গান-বাজনা ছাড়, চল প্রোমোটারি করি, বড় গাড়ি চড়ি / ইলেকশানের মেজাজ বুঝে দলটা বদল করি/ এই আমাদের দোষ/ গানবাজনা করতে এসে এসব কথা বললে/ রেগে যাবে কুণাল ঘোষ”। তবে শুধু কুণাল ঘোষই নয়, এরপরে নাম না করে হুলি গান ইজমের কটাক্ষ ছিল দিলীপ ঘোষের দিকে। গানের কথায়, “আরেক ঘোষও আছে/ দাদা খুবই রোমান্টিক/ ঘোষ দিয়ে যায় চেনা/ গয়না দোকান সব তুলে দাও, গোরুর দুধে সোনা।” অবশেষে আসে সিপিএম নেতা শতরূপ ঘোষের নাম। এরপরেই দেবরাজ ও অনির্বাণ গেয়ে ওঠেন, “আরেক ঘোষও আছে, ওই বিপ্লবীদের পার্টি/ টিভি চ্যানেলপার্টি অফিস বড্ড হাঁটাহাঁটি/তাই কিনেছে গাড়ি/দামটা বেশি খুব/ ফেসবুকেতেই রাজা মোদের দাদা শতরূপ”।
আরও পড়ুন- Suhana Khan: কেরিয়ারের শুরুতেই আইনি জটিলতায় সুহানা, শাহরুখকন্যার বিরুদ্ধে দায়ের মামলা…
সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই গান। আরজিকর-কাণ্ডের সময় টলিউডের প্রায় সকলেই পথে নেমেছিলেন তবে অনির্বাণ নামেননি। অনেক পরে এক সাক্ষাৎকারে বলেছিলেন এভাবে পথে নেমে কোনও লাভ নেই। কাজের মধ্যে দিয়ে প্রতিবাদ জারি রাখতে হবে। এরপর ফেডারেশন বনাম ডিরেক্টর্স গিল্ড লড়াইয়ে কার্যত একঘরে অভিনেতা। হাতে কাজ প্রায় নেই। সেই সময় ফের এক সাক্ষাত্কারে বলেন, আমার হাতে দুটো অপশন হয় রাজনীতির দল খোলা নইলে গানের দল খোলা। এরপর গানের দল তৈরি করেই ঝড় তুললেন অভিনেতা। তবে তাঁর এই গান নিয়েও দুই ভাগে বিভক্ত নেটপাড়া।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)



Post Comment